ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, ছাত্রলীগের ৬ নেতা আটক


ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, ছাত্রলীগের ৬ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন, তাই এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫৭ বছরেও কুমারখালীতে ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি, বর্জ্যের স্তূপে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


১৫৭ বছরেও কুমারখালীতে ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি, বর্জ্যের স্তূপে ভোগান্তি

ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হলেও কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় দৃশ্যমান চিত্র ভিন্ন। ১৫৭ বছরের পুরনো এই পৌরসভায় আজও কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁর ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের তরফ থেকেও সংগৃহীত বর্জ্য কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকার দুপাশে ফেলা হচ্ছে।

গড়াই নদীর তীরে ১৮৬৯ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভা ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। বর্তমানে ১১ বর্গমাইল আয়তনের এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস রয়েছে। দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় এবং নিয়মিত পৌরকর পরিশোধ করেও নাগরিক সুবিধা না পাওয়ায় পৌরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

গতকাল বুধবার সকালে পৌরসভার কাজীপাড়া, কালীবাড়ি মন্দির, বিদ্যুৎ কার্যালয় এলাকা, কুণ্ডুপাড়া, তহবাজার ও থানামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ধারে পচা ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। এসব আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নানা বয়সী মানুষকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব হোসেন আক্ষেপ করে বলেন, "এটি কেবল কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা। নিয়মিত কর পরিশোধ করেও আমরা একটি ডাম্পিং স্টেশন পাইনি। এখানকার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।"

পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকার গৃহিণী রূপালী খাতুন অভিযোগ করেন, সকাল হলেই আশপাশের লোকজন বাড়ির সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে যান, কিন্তু সাত দিনেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দেখা মেলে না। এতে মশা-মাছির মাধ্যমে রোগবালাই ছড়াচ্ছে এবং ছোট শিশুদের নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।

কুণ্ডুপাড়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ মোড়ে মোড়ে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম বসিয়েছিল। তবে সেগুলো ভরে গেলেও সময়মতো পরিষ্কার করা হতো না। তীব্র দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একসময় ড্রামগুলো ভেঙে ফেলেন। এখন বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ সরাসরি সড়কের ওপরই আবর্জনা ফেলছে।

সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার দুপাশে পৌরসভার গাড়ি থেকেই ময়লা ফেলা হচ্ছে। উৎকট দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে নাক-মুখ চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

ভ্যানচালক মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ ও শহরের ব্যবসায়ীরা মহাসড়কের দুপাশে আবর্জনা ফেলায় এই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে।

একই এলাকার বাসিন্দা শম্পা খাতুন অভিযোগ করে বলেন, "পৌরসভার লোকজনই এখানে ময়লা ফেলে যান, বারবার নিষেধ করলেও তাঁরা শোনেন না। দুর্গন্ধে বাড়িতে টেকা যায় না; খাবারে মশা-মাছি বসে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছেন।"

প্রথম শ্রেণির একটি পৌরসভায় কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন বলেন, "একদিকে সড়কের ধারে ময়লা ফেলা হচ্ছে, অন্যদিকে সেখানেই আগুন দিয়ে তা পোড়ানো হচ্ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ছে। জনস্বার্থে দ্রুত একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা জরুরি।"

যত্রতত্র আবর্জনা ফেলার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও কৃমিসহ পানিবাহিত ও বায়ুবাহিত নানা রোগের প্রকোপ বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপর্ণা লতিফ আহমেদ। তিনি বলেন, "খোলা জায়গায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা প্রক্রিয়াজাত করা উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং রোগবালাইও কমবে।"

ব্রিটিশ আমলে অপরিকল্পিতভাবে পৌরসভাটি গড়ে উঠেছিল উল্লেখ করে কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী এম এম সামরুজ্জামান বলেন, "জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অপরিকল্পিত বসতি গড়ে উঠেছে। পৌর এলাকায় পর্যাপ্ত খাস বা ফাঁকা জায়গা না থাকায় এতদিনেও ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয়নি। তবে শহর পরিচ্ছন্ন রাখতে একটি পরিচ্ছন্নতা অভিযান ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।"

নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নাগরিক ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়টি স্বীকার করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, "সম্প্রতি মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি সেমিনার হয়েছে। অগ্রাধিকার প্রকল্পের আওতায় কুমারখালী পৌরসভার জন্য একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্রের পথে হাঁটছে। তিনি উল্লেখ করেছেন, "গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না।"

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, "সরকার যখন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।" প্রধানমন্ত্রী বলেন, "যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্রে জড়িত হয়েছে।"

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না।" তিনি প্রশ্ন তোলেন, "যারা ১৬ বছর ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি?"

তিনি আরও বলেন, "দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।" প্রধানমন্ত্রী বলেন, "যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না।" তিনি বলেন, "দেশের মানুষ নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন চায়।"

২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "গণতন্ত্র রক্ষায় সেসময় যেসব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।"

ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।"

জনসভায় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা খালগুলো তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

তিনি বলেন, "চলতি বছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে।" প্রধানমন্ত্রী জানান, "ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।" এছাড়া তিনি বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল

পাকিস্তানে নতুন প্রদেশ গঠন সংক্রান্ত রাজনৈতিক বিতর্ক আরো তীব্র আকার ধারণ করেছে। বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন এবং বলেন, রাজনীতিবিদরা সত্য কথা শুনতে চান না। এ কারণে কেন্দ্রীয় মন্ত্রীরা তার বক্তব্যের বিরোধিতা করছেন।

বিলাওয়াল মন্ত্রিসভার কিছু সদস্যের সমালোচনার প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্য কথা বলার কারণেই তারা আমার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তাদের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, তারা সমালোচনা সহ্য করতে পারেন না।’

তিনি প্রশ্ন করেন, ‘রাজনীতিবিদরাই যদি আমার কথা শুনতে না চান, তাহলে সাধারণ মানুষের বক্তব্য সরকারের কাছে কীভাবে পৌঁছাবে?’ কেন্দ্রীয় মন্ত্রীরা সিন্ধু প্রদেশকে ভাগ করার প্রস্তাবের বিরোধিতা করায় বিলাওয়ালের সমালোচনা করেন। তিনি জানান, প্রশাসনিক কার্যক্রমকে আরো সহজ ও কার্যকর করতে ছোট ছোট প্রদেশ গঠন প্রয়োজন, তবে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন সম্ভব নয়।’ স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামালও ছোট প্রদেশ গঠনকে দেশের কার্যকর শাসনব্যবস্থার জন্য জরুরি বলে উল্লেখ করেন। তালাল চৌধুরীসহ অন্যান্য মন্ত্রীরাও বিলাওয়ালের অবস্থানের সমালোচনা করেছেন এবং তারা পিপিপির আগের অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেন।

বিলাওয়াল জবাবে বলেন, ‘দেশের পরিস্থিতির উন্নতির জন্য একজন গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কিছু পরামর্শ দিয়েছি। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা না করেই নতুন প্রদেশ গঠনের বিষয়টি সামনে আনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার আহ্বানও জানাই।’

পাকিস্তানে নতুন প্রদেশ গঠন নিয়ে বিতর্কের মধ্যে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, এ বিষয়ে আলোচনা হলে তা সবার অংশগ্রহণে উন্মুক্তভাবে করতে হবে। তিনি দেশের মৌলিক সমস্যাগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

বিলাওয়াল সতর্ক করে বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে দেশে এমন অস্থিরতা তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি আশির ও নব্বইয়ের দশকে সিন্ধু প্রদেশ বিভক্ত করার চেষ্টার প্রসঙ্গও তুলে ধরেন।

সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে তিনি ২৭তম সংশোধনীর আওতায় সাংবিধানিক আদালত প্রতিষ্ঠাকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এটি বাতিলের দাবিতে তিনি সমর্থন দেবেন না। রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধীদের আস্থা ফিরিয়ে আনতে তাদের সংরক্ষিত আসন ফিরিয়ে দেওয়ার প্রস্তাবও করেন বিলাওয়াল। তবে তিনি বলেন, এটি কোনো শর্ত নয়, বরং রাজনৈতিক সমঝোতার একটি পরামর্শ।

বিলাওয়াল বলেন, ‘আমি সরকারকে পরামর্শ দিতে পারি, কিন্তু তা মানাতে বাধ্য করতে পারি না।’ নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার প্রস্তাবগুলোর সমালোচনা করা হচ্ছে কেন, তা জানতে চান।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করলেই তা বাস্তবায়ন হয়ে যায় না। এর পরিণতিও ভোগ করতে হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হও’ বললেই কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহর।

জোটসঙ্গীদের সঙ্গে সরকারের আচরণে আপত্তি থাকলেও বিলাওয়াল জানান, তিনি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাফল্য চান। তার মতে, জনগণের প্রধান প্রত্যাশা হলো অর্থনৈতিক সমস্যার সমাধান।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পিপিপির রাজনৈতিক ভবিষ্যৎ গভর্নর বা সিনেট চেয়ারম্যানের মতো পদের ওপর নির্ভরশীল কি না। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে থাকায় তাঁকে রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচনা করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন বিলাওয়াল।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি প্রধানমন্ত্রীকে চোর হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন। তিনি এমন একটি দিন দেখতে চান, যেদিন কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব শেষে কারাগারে যাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের অর্থনীতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুলকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ এবং ‘ভারতের মীরজাফর’ বলে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিদেশে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন রাহুল গান্ধী।

বুধবার (১৮ নভেম্বর) নয়াদিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গৌরব ভাটিয়া এসব মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভারতের অর্থনীতি, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের খবর অনুযায়ী, সংবাদ সম্মেলনে ভাটিয়া অভিযোগ করেন যে, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, রাহুল যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

ভাটিয়া বলেন, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ একজন ‘নৈরাজ্যবাদী’ ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল।

বিজেপির মুখপাত্র আরও বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। তথ্যভিত্তিক গবেষণা ছাড়া দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

গৌরব ভাটিয়া অভিযোগ করেন, সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের গণতন্ত্র কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতে রাহুল হয়তো তাঁর ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেন ভাটিয়া। রাহুলের সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি। তিনি মন্তব্য করেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখন তাঁর পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং তাঁর ‘ভারতবিরোধী অপপ্রচারও’ নতুন একটি গন্তব্য খুঁজে পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%