০৫:২৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বিপর্যস্ত’ এবং সেই সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর মতোই ‘আর কার্যত অস্তিত্বই নেই’। সংবাদমাধ্যম আলা জাজিরা বুধবার (১০ জুন) এ খবরটি জানিয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের এই দাদাগিরি করা শক্তি মৃত!!!’ তিনি আরো বলেন, ‘তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে!!!’ তবে ট্রাম্প এসব মন্তব্যের মাধ্যমে ঠিক কী বোঝাতে চান, সে বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি। আগের দিন তিনি হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে একটি হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে, হরমুজ প্রণালীতে টহল দেয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, তারা নিরাপদ ও অক্ষত আছেন। তবে যা–ই হোক না কেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এখন অপরিহার্য।’ সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন