বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি
১০:২৫ পি.এম
নওগাঁ জেলা মহাদেবপুর থানার অভিযানে থানা এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে জিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন আসামি, ৫০ লিটার চোলাইমদ তৈরির উপকরনসহ ০৪ জন মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায়, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি ০৪ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক পুলিশ স্কর্টের মাধ্যমে আজ কোর্টে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ৭ নভেম্বর, ২০২৬ : উপমহাদেশের সর্ববৃহৎ ‘শ্মশান দীপাবলি’ উৎসব বরিশালে শুরু হয়েছে।
প্রতিবছর কালী পূজার আগের দিন সন্ধ্যায় এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা এদিন হাজারো মোমবাতি জ্বালিয়ে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করেন। এই আয়োজনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরিশাল নগরীর মহাশ্মশান হাজারো মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে। পরোলকগত আত্মার শান্তি কামনায় আলো জ্বালিয়ে স্বজনদের জন্য এটি এক বিশেষ প্রার্থনা।
সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণে মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করেন।
সন্ধ্যার আগেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শ্মশানে আসেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উৎসবের সূচনা হয়। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে। ধর্মীয় রীতি অনুযায়ী আত্মার শান্তি কামনায় প্রার্থনা চলে।
গোবিন্দ নামের একজন স্মরণ করতে আসা ব্যক্তি বলেন, "এটি শত বছরের পুরনো একটি ঐতিহ্য। যারা পরলোকগমন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করি।"
প্রতিবছর এখানে দীপাবলির আয়োজন করা হয়। স্বজনরা এসে প্রদীপ প্রজ্জ্বলন করেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমরা সন্তুষ্ট।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমজর মুরালী বাসসকে জানান, বরিশাল পৌরসভা ১৮৭৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পর থেকেই শ্মশানের প্রাতিষ্ঠানিকতা রূপ লাভ করে।
বরিশাল নগরীর কাউনিয়ায় প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর এই মহাশ্মশান প্রতিষ্ঠিত হয়। নতুন ও পুরনো মিলিয়ে এখানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা এবং ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ হলুদ রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।
ভূত চতুর্দশীর পুন্যতিথীতে প্রতিবছর কালীপূজার আগের দিন সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিয়জনের স্মৃতির উদ্দেশে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় পুরো শশ্মান আলোকিত হয়ে ওঠে। বরিশালে আয়োজিত শ্মশান দীপাবলি উপমহাদেশের সর্বপ্রথম ও সর্ব বৃহৎ উৎসব।
প্রতিবছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে শ্মশান দীপাবলির সময় দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারত-নেপাল থেকে শত শত মানুষ এখানে আসেন। এসময় হাজার হাজার মানুষের ভিড়ে শ্মশান দীপাবলি উদ্ভাসিত হয়।
এদিকে শ্মশান দীপাবলিকে কেন্দ্র করে কাউনিয়া এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি ভাষা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাষা দক্ষতা যাচাইয়ের সুযোগ সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা।
আজ শনিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে তাদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা ‘আত-তানাল আল-আরাবি’ নামের আরবি ভাষা দক্ষতা যাচাই পরীক্ষার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাক্ষাৎকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এ পরীক্ষার আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আরবি ভাষাকে কার্যকর দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা এবং আরবি ভাষার শিক্ষকদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বাড়ানো তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীদের আন্তর্জাতিক আরবি ভাষা দক্ষতা সনদ প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, আরবি পাঠ্যক্রম ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন, পরীক্ষকদের প্রশিক্ষণ এবং মক টেস্ট ও আনুষ্ঠানিক দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজনের কথা তুলে ধরেন। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ‘আত-তানাল’ পরীক্ষা কেন্দ্র স্থাপনের সম্ভাবনার কথাও জানান তিনি।
অধ্যাপক মুস্তফা জানান, আন্তর্জাতিক মানদণ্ডে আরবি ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গতকাল (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে ‘আত-তানাল আল-আরাবি ইউনিভার্সিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ শুরু হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরবি ভাষা শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘আত-তানাল আল-আরাবি’র সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ পেতে বাংলাদেশি কর্মীদের জন্য আরবি ভাষা দক্ষতা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ৭ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে নগরীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে এ প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।
প্রদর্শনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব এবং দেশ পুনর্গঠনের বিরল ছবি ও প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়েছে।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধকালে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মন্তব্য করেন, "বাংলাদেশের মানুষের মূল রাজনৈতিক দর্শন হচ্ছে প্রকৃত গণতন্ত্র। এ দেশের মানুষ মুক্ত বাতাসে প্রাণ খুলে কথা বলতে চায়, নির্ভয়ে ও নিঃসংকোচে নিজের মত প্রকাশ করতে চায়।"
তিনি আরও বলেন, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত ও শক্তিশালী রাখার সুতীব্র আকাক্সক্ষা মানুষের মধ্যে সব সময় বিরাজমান। ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা যুগের পর যুগ সেই জাতীয় আকাক্সক্ষাকেই জাগ্রত রেখে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উল্লেখ করেন, কোনো অপশক্তি বা ষড়যন্ত্রই এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার পুনর্প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের মূলসুর ধারণ করে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতির পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান টিটু, মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল, ইবাদুল ইসলাম, সিফাত আহমেদ রিকি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙা থানা সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে ঘিরে পাকিস্তানের গান ‘আলফাজ’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে নরওয়েজীয়-ব্রিটিশ সংগীত প্রযোজক অ্যালান ওয়াকার সম্প্রতি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনার শুরু ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা একটি ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, "ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।"
হামজা মালিক অ্যালান ওয়াকারের সেই মন্তব্যের উত্তর দেন। ইউটিউবে তিনি লেখেন, "ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।" এরপর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।
অ্যালান ওয়াকার বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি সর্বত্র শোনা যাচ্ছে এবং লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সংগীতশিল্পীদের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেন।
এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। অ্যালান ওয়াকার স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন।
সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ