০৩:১৮ পি.এম
“শিশুশ্রমকে লালকার্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধনের আয়োজন করে।
আজ রবিবার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সনাক সভাপতি রওশন আরা চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধী পাথি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন এবং এমজেএসকেএস এর প্রজেক্ট কোর্ডিনেটর লুৎফর রহমান। এছাড়া দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধী ফজলে ইলাহী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিশু প্রতিনিধী পাখি দত্ত তার বক্তব্যে শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে বলেন, "যারা বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োজিত করেন তারা নিজেদের স্বার্থে কম মজুরি দেয়ার জন্যই এটি করছেন, সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ন কাজে নিয়োগ দেয়া একধরনের দুর্নীতি।"
অন্য বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করার দাবি জানান। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করার এবং বর্জ্য পুন:প্রক্রিয়াজাতকরনকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় যুক্ত করার দাবীও তারা তুলে ধরেন।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
মানববন্ধন শেষে দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা। মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম এর এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন