ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ফরাসি শিল্পী ভিনসেন্ট মুনের সংগীত ও চলচ্চিত্রের অনন্য অভিজ্ঞতা


ঢাকায় ফরাসি শিল্পী ভিনসেন্ট মুনের সংগীত ও চলচ্চিত্রের অনন্য অভিজ্ঞতা

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও অডিওভিজ্যুয়াল শিল্পী ভিনসেন্ট মুনকে নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)-এর সহযোগিতায় গত শুক্রবার, ২৭ নভেম্বর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতশিল্পী, ঐতিহ্যবাহী সংগীতধারা, পবিত্র আচার-অনুষ্ঠান, তন্ময়তামূলক আধ্যাত্মিক সাধনা এবং পরীক্ষামূলক সাউন্ড প্র্যাকটিস নিয়ে নির্মিত বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে ভিনসেন্ট মুনের সঙ্গে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাঁর শিল্পভাবনা, সৃজনশীল দর্শন ও চলচ্চিত্র নির্মাণের প্রচলিত ধারার বাইরের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন চলচ্চিত্র ও গণমাধ্যমকর্মী সাইফ আলম।

দুই দশকেরও বেশি সময় ধরে ভিনসেন্ট মুন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সৃষ্টিশীল অভিব্যক্তি, সংগীত ঐতিহ্য ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা ক্যামেরায় ধারণ করছেন। স্টেডিয়ামের রক কনসার্ট, ইলেকট্রনিক সংগীতের পরীক্ষা-নিরীক্ষা, শামানিক আচার-অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের ঐতিহ্যবাহী সংগীত—সবকিছুই তাঁর কাজে উঠে এসেছে।

আরও পড়ুন: সুজাতার সঙ্গে দুই সিনেমায় কাজ করছেন সাহেলা আক্তার

ফরাসি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম লা ব্লগোথেকের সহযোগিতায় নির্মিত সংগীতভিত্তিক চলচ্চিত্র সিরিজ ‘Take Away Shows’-এর সহ-নির্মাতা হিসেবে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তাঁর শিল্পচর্চা বিশ্বজুড়ে বিভিন্ন সংগীত সংস্কৃতি, ধর্মীয় ও আধ্যাত্মিক আচার-অনুষ্ঠান এবং সম্মিলিত মানবিক অভিজ্ঞতার অনুসন্ধানে বিস্তৃত হয়। তাঁর কাজের আরেকটি স্বতন্ত্র দিক হলো ‘লাইভ সিনেমা’, যেখানে দীর্ঘদিনের সংগৃহীত অডিওভিজ্যুয়াল উপাদানকে তাৎক্ষণিকভাবে নতুন চলচ্চিত্র অভিজ্ঞতায় রূপ দেওয়া হয়।

নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট, লন্ডনের বার্বিকান, প্যারিসের জ্যু দ্য পম, রোমের ভিলা মেডিচি, উট্রেখটের লে গেস হু? আমস্টারডামের আই ফিল্মমিউজিয়াম ও মরক্কোর ফেজ ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড সেক্রেট মিউজিকসহ বিশ্বের শতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও উৎসবে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে।

আয়োজকদের মতে, ঢাকার এই অনুষ্ঠান স্থানীয় দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের ভিনসেন্ট মুনের স্বতন্ত্র চলচ্চিত্রভাষার সঙ্গে পরিচিত হওয়ার এবং আন্তঃসাংস্কৃতিক বিনিময় ও শিল্প-অনুসন্ধানের একটি বিশেষ সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন: ৩৫ বছর আগের বন্ধুকে ভোলেননি ঐশ্বরিয়া রায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোড়াকরি টোলঘরে ভোগান্তির অভিযোগ, ধর্মীয় মাহফিলের বক্তাকে লাঠিসোটা নিয়ে হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মোড়াকরি টোলঘরে ভোগান্তির অভিযোগ, ধর্মীয় মাহফিলের বক্তাকে লাঠিসোটা নিয়ে হুমকি!

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি–বলভদ্র ব্রিজের টোলঘর নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই ভোগান্তির শিকার হয়েছেন একটি ধর্মীয় মাহফিলে যোগ দিতে আসা প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বাইজিদ বিন বাশির ও তাঁর সঙ্গীরা। টোলঘরে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার এবং লাঠিসোটা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি টোলঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বক্তা ও মাহফিল আয়োজকরা।

জানা যায়, ফুলবাড়ীয়া উত্তর গ্রামে ‘শানে পাক পাঞ্জাতন সুন্নী যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত ধর্মীয় মাহফিলে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে এসেছিলেন মুফতি বাইজিদ বিন বাশির। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারি নির্ধারিত ২৫ টাকা টোলের বিপরীতে যাওয়ার সময় তাঁরা ৪০ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে মাহফিল শেষে ফেরার পথে আগের অতিরিক্ত ১৫ টাকার সমন্বয় হিসেবে ১০ টাকা দেওয়ার পর টোলঘরে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে টোলঘরে থাকা এক ব্যক্তি লাঠিসোটা নিয়ে বক্তা ও তাঁর সঙ্গীদের দিকে তেড়ে আসেন। এ সময় তাঁদের গাড়ি আটকে রাখা এবং ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয়টি ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ফয়সাল মোল্লাকে জানানো হয়। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে টোলঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তি তাঁদের কর্মী নন বলে দাবি করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুফতি বাইজিদ বিন বাশির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মোড়াকরি–বলভদ্র ব্রিজের টোলঘর ঘিরে সাধারণ মানুষ ও অতিথিদের ভোগান্তি নতুন নয়। তাঁরা টোল আদায়ে স্বচ্ছতা, সরকারি নির্ধারিত হার বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ৫০ জন অসহায়বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং ৪০ টি বনজ বৃক্ষরোপণ করা হয়। এরপর বাল্যবিয়ে ও মাদককে না বলে লাল কার্ড প্রদর্শন করা হয়।

মানবিকতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাচ-৯৬। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় রূপগঞ্জের একটি পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়।

বেলা ১১টায় শুরু হওয়া এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। প্রচণ্ড শীতে যখন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কষ্ট চরমে, ঠিক তখনই ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসেন। স্থানীয় পথচারী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একটি কম্বল হয়তো পুরো শীত তাড়াতে পারে না, কিন্তু সেই উষ্ণতার ভেতর লুকিয়ে থাকে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা। কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছিল, তা-ই ছিল আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

​

মানবিক সহায়তার পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীলতার পরিচয় দেন শিক্ষার্থীরা। গোলাকান্দাইল-যাত্রামুড়া সড়কের বেড়িবাঁধে রোপণ করা হয় ৪০টি সেগুন বনজ বৃক্ষ। নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম, তেমনি বেড়িবাঁধের মাটি ও পরিবেশ সুরক্ষায় এসব বৃক্ষ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়েই তাঁদের এই সবুজ প্রয়াস।

অনুষ্ঠানের আরেকটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল সামাজিক ব্যাধির বিরুদ্ধে অবস্থান। শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা একযোগে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেন। সমাজের এই দুই গভীর ক্ষত তরুণ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রতীকী প্রতিবাদ স্থানীয়দের মাঝে সচেতনতার নতুন ঢেউ তৈরি করেছে।

​

অনুষ্ঠানে উপস্থিত বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী ও আবুল বাশার প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যখন সমাজের কল্যাণে কাজ করে, তখন শিক্ষক হিসেবে তাঁদের পরিশ্রম সার্থক হয়।

আয়োজক কমিটির অন্যতম আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান মাসুদ, জহিরুল ইসলাম হৃদয়, সেলিম রেজা, মাহবুবুল আলম টিপু, ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দকে তারা অর্থবহ করতে চেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর শনিবার কুষ্টিয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবি।

জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথা ভাঙা নদীর পাড়ে একটি চৌকশ বিজিবি টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১,০০৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ছয় লক্ষ্য চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা।

এ বিষয়ে উল্লেখযোগ্য যে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে বিজিবির আপসহীন অবস্থান অব্যাহত রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত ১১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত ১১০

আফগানিস্তানের কুনার প্রদেশে ঘটে যাওয়া একটি স্কুলের নিকট বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১১০ জনেরও বেশি। শনিবার সকালে আসাদাবাদের আন্দরসির এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে এই তথ্য প্রদান করেছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, কাছাকাছি অবস্থিত একটি খনন প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের গুদামে অবহেলা ও অসতর্কতার কারণে এই বিস্ফোরণটি সংঘটিত হয়েছে। তিনি জানান, এ ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের পরিচালক সামি উল হক বায়ান জানিয়েছেন, আসাদাবাদের শাগাই মিডল স্কুলের নিকটবর্তী একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। সেখানে খননকাজের জন্য বিস্ফোরক প্রস্তুতির কাজ চলছিল। পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্যও এসব বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল।

অন্যদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতদের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%