ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্থতায় ইরাকি নেতা বারজানি!


যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্থতায় ইরাকি নেতা বারজানি!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি।

এই যোগাযোগের দায়িত্ব যুক্তরাষ্ট্রই তাকে খুঁজে বের করে দেয়। তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি’র কাছে ট্রাম্প প্রশাসনের বার্তা পৌছে দিয়েছিলেন। পরে, তিনি আবার আইআরজিসির ফিরতি বার্তা পৌছে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের কাছে।

এদিকে, প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিলশাদ শাহাব বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধ নিরসনে বারজানির নীতির অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। তিনি জানান, যুদ্ধের আগে, যুদ্ধ চলাকালে এবং পরবর্তী সময়েও ইরাকি কুর্দিস্তান একই অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করলে যুদ্ধ শুরু হয়। তবে আন্তর্জাতিক মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ইরানের পক্ষে বিভিন্ন সময়ে আলোচনায় অংশ নেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কিন্তু এই দুই নেতা আলোচনার জন্য প্রকৃত দায়িত্বপ্রাপ্ত কিনা কিংবা সামরিক বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ আছে কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে সংশয় ছিল। সেই সংশয় দূর করতেই মার্কিন প্রশাসন সরাসরি আইআরজিসি নেতৃত্বের সাথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয়। এই গোপন যোগাযোগের জন্য বেছে নেওয়া হয়েছিল ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিকে। তিনি যুক্তরাষ্ট্র এবং আইআরজিসি উভয়ের কাছেই অত্যন্ত বিশ্বস্ত।

এই বিষয়ে সরাসরি জানেন এমন বেশ কয়েকটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে এই তথ্য জানিয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার উত্তর ইরাকের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে, যার সদর দপ্তর ইরবিলে অবস্থিত। বারজানি ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানে থেকে তেহরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি ফার্সি ভাষায় সাবলীল এবং আইআরজিসি-র শীর্ষ কর্মকর্তাসহ ইরানি প্রশাসনের অনেক সিনিয়র সদস্যের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড

গত ১০ মে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের তখনকার পরিচালক তুলসী গ্যাবার্ড প্রথম বারজানির সাথে যোগাযোগ স্থাপন করেন। গ্যাবার্ড ইরাকি নেতাকে জানান যে, আইআরজিসি কমান্ডার জেনারেল আহমাদ ওয়াহিদীর সাথে যোগাযোগের জন্য তার সাহায্য প্রয়োজন।

একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, গ্যাবার্ড বারজানিকে পরিষ্কারভাবে বলেছিলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অনুমোদন নিয়েই এই কলটি করছেন। তিনি তাকে আরও বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র সরাসরি ওয়াহিদীর কাছে পৌঁছাতে পারছে না, তাই তারা এই বিষয়টি স্পষ্ট হতে চায় যে; ঘালিবাফ এবং আরাঘচি যে বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তাতে ওয়াহিদী এবং আইআরজিসি-র নেতৃত্বের সায় আছে কিনা অথবা তাদের অন্য কোনো চিন্তাভাবনা বা দাবি রয়েছে।

বারজানি গ্যাবার্ডের অনুরোধে সম্মত হন এবং ট্রাম্পের টিমের বার্তা নিয়ে আইআরজিসি-তে তার পরিচিতদের সাথে যোগাযোগ করেন। তিনি তার সূত্রগুলোকে জানান যে তিনি সরাসরি ওয়াহিদীর সাথে কথা বলতে চান, যাতে তেহরান রাজি হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ মে আইআরজিসি-র একজন কর্মকর্তা ইরবিলে বারজানির কার্যালয়ে তার সাথে দেখা করেন। নিরাপদ এবং সুরক্ষিতভাবে কথা বলার জন্য তিনি বারজানিকে একটি এনক্রিপ্টেড ফোন দেন। সেই ফোনটি ব্যবহার করে বারজানি ওয়াহিদীর সাথে যোগাযোগ স্থাপন করেন। তিনি ওয়াহিদীর কাছে জানতে চান যে তিনি ইরানি আলোচনাকারীদের সাথে একমত কি না। জবাবে আইআরজিসি কমান্ডার ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘আমি তাদের পুরোপুরি সমর্থন করি এবং এটি আইআরজিসি-রও অবস্থান। আমরা আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান করতে পছন্দ করি।’

আরও পড়ুন: রোমে বোরকা নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী কোটা নির্ধারণের বিরুদ্ধে বিক্ষোভ

সূত্রগুলো জানিয়েছে, এর পরপরই বারজানি গ্যাবার্ডের সাথে যোগাযোগ করেন এবং ওয়াহিদীর বার্তাটি পৌঁছে দেন, যা গ্যাবার্ড পরবর্তী সময়ে ট্রাম্প টিমের কাছে পাঠিয়ে দেন। ইরানের কাছ থেকে জবাব পাওয়ার পর, ট্রাম্প প্রশাসন আবারও আরেকটি প্রস্তাব নিয়ে বারজানির সাথে যোগাযোগ করে। প্রতিবেদনে বলা হয়েছে, সেই প্রস্তাবে ইরবিলে যুক্তরাষ্ট্র এবং ইরানের ঊর্ধ্বতন আলোচনাকারীদের মধ্যে একটি গোপন বৈঠকের আয়োজন করার কথা বলা হয়েছিল। নিজেদের নিরাপত্তা নিয়ে ইরানিদের উদ্বেগের কারণে সেই বৈঠকটি আর কখনো বাস্তবে রূপ নেয়নি।

এর আগে বিভিন্ন সময়ে যুদ্ধ নিয়ে ইরানি নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের খবর সামনে এসেছে। কট্টরপন্থী একটি অংশ কোনো আলোচনার পক্ষে নয়। আবার মধ্যপন্থিরা আলোচনার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে যুদ্ধ শেষ করতে চান। এজন্য যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তারা যাদের সাথে আলোচনা করছেন, তারা সত্যিই দায়িত্বপ্রাপ্ত কিনা কিংবা আলোচনা টেবিলের সমঝোতায় ইরানের মূল নেতৃত্বকে সম্মত করাতে পারবেন কিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর, ১৭ আগস্ট ২০২৬ : শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা কারাগার পরিদর্শন করেছেন।

আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এই পরিদর্শনের সময়, জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এই পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ অন্যন্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক এসবের পাশাপাশি কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা, একই সঙ্গে বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়দের সঙ্গে কথাও বলেন।

এই পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার আব্দুস সেলিম সহ জেলা প্রশাসন ও জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে উন্নয়ন প্রকল্পে গতি ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ডিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


লালমনিরহাটে উন্নয়ন প্রকল্পে গতি ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ডিসির

লালমনিরহাট, ১৭ আগস্ট, ২০২৬ : জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি সেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিমসহ জেলার ৭০টির বেশি সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, অর্জন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।

এ সময় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং প্রকল্পের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শুধুমাত্র কাজ শেষ করাই নয়, বরং এর গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলাহাট থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ভোলাহাট থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় বার্ষিক পরিদর্শন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস উক্ত বার্ষিক পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোলাহাট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কর্তব্য পালনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার দাপ্তরিক কাজের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার পরীক্ষা করেন। রেজিস্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন এবং কর্মরত কর্মকর্তাদের প্রতিদিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার। সভায় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাদের কর্তব্য পালনে পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

একই সাথে তিনি সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে গুণগত সেবা নিশ্চিতকরণ এবং যেকোনো সমস্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন।

অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, বিচক্ষণতার সাথে মামলা তদন্ত এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন,

"জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।"

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে গোমস্তাপুর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাতসহ ভোলাহাট থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।

সোহেলী আক্তার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। তিনি গত ১৫ আগস্ট (শনিবার) নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটো কার্ড পোস্ট করেন, যেখানে শেখ মুজিবের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

পরদিন রবিবার, কলেজে গিয়ে সোহেলী অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন। ওইদিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতের মধ্যে নন্দনগাছী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ বলেন, ‘সোহেলী আক্তার কলেজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এজন্য আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছি।’

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি। শোকজ করা হয়নি। তবে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ বিষয়ে প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা কিছুই জানি না। তবে আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%