০৮:১১ পি.এম
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী জানিয়েছেন, জেলায় কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সারের মজুত বিদ্যমান। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যে সার বিক্রির চেষ্টা করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সভায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে এসব সিদ্ধান্ত এবং তথ্য উপস্থাপন করা হয়। এই সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, কৃষকদেরকে পরিমিত এবং সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা লাভজনকভাবে ফসল উৎপাদনে সক্ষম হতে পারেন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার
সভায় জানানো হয়, বর্তমানে জেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। বিদ্যমান মজুতের মধ্যে টিএসপি ২৪০ টন, ডিএপি ১৯২ টন এবং এমওপি ২৭৭ টন রয়েছে। এর পাশাপাশি, ডিলারদের যথাসময়ে প্রয়োজনীয় সার বরাদ্দ দেওয়ার ব্যাপারে সভায় নিশ্চিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন