০৮:১৯ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকটের মুখোমুখি রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট মানবিক সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশকে বহন করতে হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন।
এছাড়া, বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের মতো গুরুতর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। উভয় পক্ষ এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন