শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর গেজেট প্রকাশের অপেক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন প্রকাশের আগে কয়েকটি আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করার কাজ চলছে।তবে প্রজ্ঞাপন জারির পর পে স্কেল নিয়ে আরো কিছু পদক্ষেপ নিতে হবে। রবিবার প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান প্রকাশিত হবে।এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।সূত্র জানায়, বিজি প্রেসে খসড়া পাঠানোর মাধ্যমে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও এসআরও নম্বর পাওয়ার পর নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট চূড়ান্ত হবে। তাই আগামী রবিবার শুধুমাত্র একটি প্রজ্ঞাপন প্রকাশের দিন নয়; বরং সরকারি বেতন কাঠামোর নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার দিন হিসেবেও এটি গুরুত্বপূর্ণ হতে পারে।গত সোমবার মন্ত্রিসভা নবম জাতীয় পে স্কেল অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির জন্য নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেশি সময় লাগছে।ফলে বৃহস্পতিবারের পরিবর্তে রবিবারকে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনার এশিয়া সফর বাতিল হয়েছে লিওনেল মেসির অবসর নেওয়ার কারণে।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এশিয়া সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সফরটি আর অনুষ্ঠিত হবে না।মেসির অবসরের পর, এএফএ এখন দেশের মাটিতে তিনটি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। এ তথ্যটি ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি ম্যাচের জন্য একটি ঘরোয়া সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে এএফএ।প্রথম ম্যাচটি বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে দক্ষিণ আমেরিকার কোনো দল অথবা কনক্যাকাফ অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাকি দুটি ম্যাচের ভেন্যু হিসেবে কর্দোবা ও রোজারিও এগিয়ে আছে।ইএসপিএনের সাংবাদিক দিয়েগো মনরোইগ ‘স্পোর্টসসেন্টারের’ সকালের অনুষ্ঠানে মন্তব্য করেন, ‘দলটির ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে পুরো সময়টা ঘরের মাঠে কাটানোর।’এর আগে, ৩১ আগস্ট, মেসি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনটি ছেঁড়া ডায়েরির পাতা এবং একটি কলম ছিল। এই পোস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘সবকিছু নিংড়ে দিয়েছি, আমার আর দেওয়ার কিছু বাকি নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা উল্লেখ করেছেন, দেশের উন্নয়ন সাধনের জন্য সকল ধর্মের মানুষের মধ্যে মিলেমিশে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, "দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।" শুক্রবার দুপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, "আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথ নিতে হবে।" তিনি উল্লেখ করেন যে, "আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।" খাদ্য মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে একে অপরের পাশে থাকতে হবে। তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব শিকদার, এবং মানিকগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণত সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার। উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নেচে গেয়ে শহর মাতিয়ে তোলেন নারী, পুরুষ, শিশু সহ সকল বয়সের লোকজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশীয় এলএসডি ভ্যাকসিনের মাধ্যমে গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত হবে, যা খামারিদের জন্য ক্ষতি কমাবে।
আজ শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী এ সময় আরও উল্লেখ করেন, গবাদিপশুর জন্য মারাত্মক ক্ষতিকর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ছড়িয়ে পড়লে খামারিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভাইরাল এলএসডি ভ্যাকসিন এই রোগ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন বাজারজাত হলে খামারিদের ব্যয় কমবে, সহজলভ্যতা বৃদ্ধি পাবে এবং প্রাণিসম্পদ খাত আরও টেকসই হবে।
মন্ত্রী আরও জানান, দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশ থেকে আমদানিকৃত ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন দেশেই এই ভ্যাকসিনের উদ্ভাবন কার্যক্রম শুরু হয়েছে।
গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে নতুন উদ্ভাবিত উচ্চ-পুষ্টিমানসম্পন্ন ঘাস চাষের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিএলআরআই উদ্ভাবিত নতুন ঘাসের জাতটিতে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এই ঘাস চাষের মাধ্যমে খামারিরা কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন করতে সক্ষম হবেন এবং দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমবে।
তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য সরকার নতুন কর্মসূচি গ্রহণ করছে। এর আওতায় ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান, উন্নত জাতের ছাগল সরবরাহ এবং বিপণন সহায়তা প্রদান করা হবে। নারী ও যুব উদ্যোক্তাদের এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
উল্লেখ্য, বাংলাদেশের লাম্পি স্কিন ডিজিজ এবং গোটপক্সের প্রাদুর্ভাবের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহায়তায় আজকের ক্যাম্পেইনের আওতায় ২ হাজার ডোজ এলএসডি ভ্যাকসিন ও ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন উপজেলার গবাদিপশুতে প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করেছেন। ছবি: আরটিভি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমানোর উদ্দেশ্যে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে, সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে, সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করেন। স্মারকলিপিতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতা কামনা করা হয়।
সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সীতাকুণ্ড সমুদ্রউপকূলে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট হতে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার জন্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মন্ত্রী তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ