ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা


পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার বিশাল সম্প্রসারণ করেছেন। সোমবার (০১ জুন) রাজভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন।

এর ফলে শুভেন্দু সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে এক লাফে ৪০-এ দাঁড়িয়েছে। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমের তথ্য অনুসারে, নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আর এন রবি। জানা গেছে, আজ বিকেলেই মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে দেবেন।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

৪০ জনের এই নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ১২ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন।

আজ রাজভবনে শপথ নেওয়া বিশিষ্ট বিধায়কদের মধ্যে স্থান পেয়েছেন— তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), এবং রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)।

এছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

১২ জন পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন, দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মধ্যে রয়েছেন, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

নতুন প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন—জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিস্কু।

গত ৪ মে ঘোষিত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে বিশাল জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। পরে ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে আরো ৪ জন মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেছিলেন।

এতদিন এই পাঁচজনই পুরো সরকারের বিভিন্ন দপ্তর পরিচালনা করছিলেন। এবার তাদের কাজের চাপ কমাতে এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে মন্ত্রিসভায় নতুন ৩৫ জন সদস্যকে যুক্ত করা হলো।

আরও পড়ুন: ‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে পেজেশকিয়ানের পদত্যাগ, সত্য নাকি গুজব?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে পেজেশকিয়ানের পদত্যাগ, সত্য নাকি গুজব?

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইআরজিসির সঙ্গে বিরোধে পদত্যাগ করেছেন, এমন একটি খবর ছড়ালেও ইরান সরকার তাতে অস্বীকার করেছে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইআরজিসির প্রভাব এত বেশি যে, তিনি সরকারের কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না।

তবে সরকারি সূত্র এবং প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে যে, এই খবর সঠিক নয়। তারা জানান, প্রেসিডেন্ট এখনো তার দায়িত্বে আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) প্রভাবের প্রতিবাদে তিনি এই পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে যে, পেজেশকিয়ান তার পদত্যাগপত্র ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে জমা দিয়েছেন।

প্রতিবেদন অনুসারে, পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে নির্বাচিত সরকারকে কার্যত দূরে সরিয়ে রাখা হয়েছে।

এছাড়া, আইআরজিসির কট্টরপন্থী গোষ্ঠীগুলো এই ক্ষমতার শূন্যতাকে কাজে লাগিয়ে দেশের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর ওপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এদিকে, ইরানি কর্তৃপক্ষ এসব দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সরকারের একটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেননি এবং তিনি স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করছেন।

এদিকে, প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপপ্রধান সৈয়দ মেহেদী তাবাতাবাইও এক্সে প্রকাশিত এক পোস্টে পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘বিদেশভিত্তিক এই বিতর্কিত সংবাদমাধ্যমের গুজব ছড়ানো এক ধরনের ভিত্তিহীন প্রচারণার অংশ। তারা বাস্তবতার পরিবর্তে নিজেদের কল্পনাকে খবর হিসেবে প্রকাশ করেছে।’

তাবাতাবাই আরও বলেন, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না। একইভাবে ইরানি জনগণও ঐক্য ও প্রতিরোধের পথে পিছিয়ে যাবে না।’

তিনি দাবি করেছেন, ইরানের জাতীয় ঐক্য নষ্ট করার যে আশা এসব মহল করছে, তা কোনদিনও সফল হবে না।

প্রতিবেদনটি সরাসরি ইরান ইন্টারন্যাশনালের সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে যে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এই প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আইআরজিসির প্রভাব এত বেড়ে গেছে যে, তিনি কার্যকরভাবে সরকার পরিচালনা করতে পারছেন না।

তিনি অভিযোগ করেছেন যে, আইআরজিসির আধিপত্যের কারণে নির্বাচিত সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হচ্ছে এবং তিনি নিজের সাংবিধানিক ও আইনি দায়িত্বও সঠিকভাবে পালন করতে পারছেন না।

এ কারণেই তিনি অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে ইরানের সরকার ও আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যম এই দাবি অস্বীকার করেছে।

তারা জানাচ্ছে, পেজেশকিয়ান পদত্যাগ করেননি এবং তিনি এখনো তার দায়িত্ব পালন করছেন।

এটি সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত যেখানে ইরানের সরকার এবং দেশটির সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি ছোট কিন্তু প্রভাবশালী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য বর্তমান বা সাবেক উচ্চপদস্থ আইআরজিসি কমান্ডার।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, কিছু ইরানি কর্মকর্তার মতে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি ৫৬ বছর বয়সী উত্তরাধিকারী নেতার মাধ্যমে পরিচালিত হয়।

তবে বাস্তবে সিদ্ধান্ত গ্রহণ শুধুমাত্র একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি কঠোর ও অভিজ্ঞ গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয়, যাদের অধিকাংশের রাজনীতি ও সামরিক অভিজ্ঞতা ১৯৮০ সালে শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধের সময়ে এসে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে এক অনন্য নজির স্থাপন করেছেন সুহেইলা মুখতার নামের একজন মুসলিম শিক্ষার্থী।

অনুষ্ঠানে তার করা সূরা আল-আলাকের সুমধুর তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।

গত মঙ্গলবার (২৬ মে) সমাবর্তনের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এর প্রেক্ষাপটে সুহেইলা মঞ্চে এসে সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার তিলাওয়াতের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সুহেইলা মুখতার ২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করেন।

কেবল ধর্মীয় মূল্যবোধেই নয়, একাডেমিক এবং সমাজসেবামূলক ক্ষেত্রেও তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার মেধার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননায় ভূষিত হন।

চিকিৎসাবিজ্ঞান ও সমাজ উন্নয়ন নিয়ে কাজ করা সুহেইলার বেশ কয়েকটি গবেষণাপত্র ইতিমধ্যে ‘সার্জিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন এবং নারীর ক্ষমতায়ন।

এ ছাড়া মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও অনলাইন শিক্ষার আচরণ নিয়েও তার বিশেষ আগ্রহ রয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ‘হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স’, ‘হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ’ এবং ‘স্ট্রাইভ বোস্টন’-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।

এছাড়া ২০২৪ সাল থেকে ‘মাউন্ট অবার্ন হাসপাতালে’ একটি স্বেচ্ছাসেবক ও রোগী সহায়তাকারী হিসেবে মানবসেবায় অবদান রাখছেন।

হার্ভার্ডের মতো বৈশ্বিক মঞ্চে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিয়ে এবং একই সঙ্গে একাডেমিক ক্ষেত্রে অনন্য উচ্চতা স্পর্শ করে সুহেইলা মুখতার এখন তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণার নাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে আলোচনা চললেও, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টাহামলা ঘটেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

অন্যদিকে, এই হামলার জবাবে আজ সোমবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বার্তায় জানায় যে, ইরানের উপসাগরীয় উপকূলে চালানো হামলাগুলো ছিল ইরানের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ইরান ভূপাতিত করেছিল। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, তাদের যুদ্ধবিমান দ্রুত অভিযান চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ড্রোন ওই অঞ্চলের জলপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি ছিল। সেন্টকম আরো বলেছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার জানিয়েছে যে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে।

তবে, কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।

অন্যদিকে, কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে যে, সোমবার দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, তবে হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এএপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান মাঝেমধ্যেই একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে।

দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চললেও, এখনো কোনো সমাধান হয়নি।

গত বৃহস্পতিবারও একই ধরনের হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ইরান ও লেবাননের বাসিন্দা।

এ ছাড়া, ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় জ্বালানির দাম বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতেও চাপ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, এই যুদ্ধে তার প্রধান লক্ষ্য হলো ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। তবে, ইরান বরাবরই এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।

নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ওপর হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর চাপ বাড়ছে। কারণ মূল্যবৃদ্ধিতে অনেক ভোটার অসন্তুষ্ট। একই সময়ে, ইরানের প্রতি কোনো ধরনের ছাড় দিলে তিনি নিজের দলের কট্টর ইরানবিরোধী নেতাদের সমালোচনার মুখে পড়তে পারেন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল বিক্রির কয়েক হাজার কোটি ডলার ফেরত দেওয়ার দাবি। এ ছাড়া, লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতও শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে।

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করতে তিনি লেবাননের আরো ভেতরে সেনা অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল-লেবানন সম্পর্ক নিয়ে কূটনৈতিক আলোচনা করেছেন। তিনি ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পরিকল্পনারও প্রস্তাব করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন তুলে ধরতে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন তুলে ধরতে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং সুপ্ত প্রতিভার বিকাশের জন্য সরকারের পক্ষ থেকে দেশব্যাপী বিশেষ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ (পিবিজিএসআই) স্কিমের মাধ্যমে এ আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে বাস্তবমুখী এবং উৎপাদনমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্যই এ আয়োজন করা হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির যে কোনো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থী এবং তাদের দিকনির্দেশনার জন্য দুজন শিক্ষককে নিয়ে একটি দল গঠন করতে হবে। তবে একটি প্রতিষ্ঠানের তরফ থেকে একাধিক দলও অংশগ্রহণের সুযোগ পাবে।

এই শোকেসিং বা মেলা তিনটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো-স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ জুনের মধ্যে দেশের সব উপজেলা এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরের আওতাধীন শিক্ষা থানাগুলোতে এ মেলার আয়োজন করতে হবে। উপজেলা বা থানার নির্ধারিত কমিটি প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ একটি প্রকল্পকে বিজয়ী হিসেবে নির্বাচন করবে।

২৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে নির্বাচিত বিজয়ী দল-যার মধ্যে পাঁচজন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক থাকবেন-সরাসরি জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবেন।

জেলা পর্যায় থেকে নির্বাচিত বিজয়ী দলগুলোর তালিকা ও হার্ডকপি ২৬ জুনের মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষরসহ স্ক্যান করে নির্ধারিত ই-মেইল ঠিকানা ([email protected])-এ পাঠাতে হবে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দেশের ৬৪টি জেলা ও ৪টি মহানগরী থেকে মোট ৭৫টি দল জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এসব দলের সদস্যসংখ্যা হবে মোট ৫২৫ জন। জাতীয় পর্যায়ের মূল আয়োজন আগামী জুন মাসের শেষ সপ্তাহে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে সেরা ১০টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে এবং তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করবে।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য আর্থিক প্রণোদনা থাকছে। প্রতিটি শিক্ষার্থী ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ হিসেবে পাঁচ হাজার টাকা করে পাবে। এই অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সনদ প্রদান করা হবে।

অন্যদিকে অংশগ্রহণকারী শিক্ষকরা ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ হিসেবে ২৫ হাজার টাকা করে পাবেন। একইসঙ্গে অনুষ্ঠানে তাদের একটি করে সনদ প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%