ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণেই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব


রাসুলুল্লাহর আদর্শ অনুসরণেই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব

রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক, লেখক ও গবেষক মুফতি আহসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, "রাসুলুল্লাহ (স.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব। এজন্য মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (স.)-এর সীরাত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।"

প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ তোমরা ছোট। নবীর সীরাত চর্চা এবং বড়দের সম্মান ও আনুগত্যের মাধ্যমে তোমাদের বড় হতে হবে। দেশ পরিচালনার দায়িত্বভার নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।"

আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন

বিশেষ অতিথি হিসেবে বিদগ্ধ আলেম মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বিশ্বনবী (স.)-এর শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। সূরা দুহার তাফসির প্রসঙ্গে তিনি বলেন, "কাফেরদের কুৎসা রটনার জবাব হিসেবে আল্লাহ তায়ালা এ সূরা অবতীর্ণ করেছেন।" তিনি আরও বলেন, "আল্লাহ তায়ালা জানিয়েছেন, নবী (স.)-এর পরবর্তী জীবন আগের তুলনায় শ্রেয়।"

‘আওয়ার ইসলাম’-এর সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বাবা-মায়ের সেবার গুরুত্ব তুলে ধরে নবীজির জীবন থেকে বিভিন্ন শিক্ষার বিষয়ে আলোচনা করেন।

লেখক ও গবেষক মাওলানা যোবায়ের আহমাদ বলেন, "বিশ্বনবী (স.) নারীদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন।" এ বিষয়ে তিনি তথ্যনির্ভর আলোচনা করেন।

রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার মেম্বার ও টিভি উপস্থাপক মুফতি মোহাম্মদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতি আফসার মাহমুদ, মুফতি মাহবুব হাসান, মুফতি আবদুর রহীম বিপ্লবী, মুফতি আব্দুল কাইয়ুম হানাফি, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আল জাহিদ, মুফতি শেখ আজিমুদ্দীন, মুফতি সাঈদ আবরার নদভী, মুফতি ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মাওলানা আব্দুর রহমান হামিদী, মুফতি আব্দুল হামীদ, মুফতি জামালুদ্দীন প্রমুখ।

আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

সভাপতির বক্তব্যে মুফতি আহসান শরীফ বলেন, "আজকের অনুষ্ঠানের মাধ্যমে রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়েছে। এটি দেশের বিভিন্ন জেলা শহরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের পর অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। দেশের মর্যাদাপূর্ণ কোনো হলে ফাইনাল আয়োজন করা হবে। এ বিষয়ে রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের পেইজে ঘোষণা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ডেঙ্গুর থাবা: দুই মৃত্যু, সড়কে নেমে ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ এম


ভৈরবে ডেঙ্গুর থাবা: দুই মৃত্যু, সড়কে নেমে ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসী

ভৈরবে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা এবার সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছেন। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জীদনি সায়হাম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসনের অবহেলা এবং মশক নিধনে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

জীদনি সায়হাম ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জি এম ইস্পাহানি মিয়ার পুত্র। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি স্ত্রী এবং দুই পুত্রসন্তান রেখে গেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, জীদনি সায়হাম তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। তার রক্তের প্লাটিলেট দ্রুত কমতে থাকলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হলে, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভৈরপুর দক্ষিণপাড়া এলাকায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হলো। এর আগে একই এলাকার সৈয়দ বানু (৬৫) নামে এক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুই মৃত্যুর পর ক্ষোভ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন। তারা মশক নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাবের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। এ কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন।

স্থানীয়দের দাবি, ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। অন্যথায় তারা আরও প্রাণহানির আশঙ্কা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে তাদের চরিত্র গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেছেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করেই প্রকৃত ও আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।

বিজ্ঞাপন

 

বুধবার বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে অনুষ্ঠিত ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এই অনুষ্ঠানটির আয়োজন করে।

রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করে উল্লেখ করেছেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং, নবীজি (সা.)-এর সিরাত শুধুমাত্র জানা বা আলোচনা করার বিষয় নয়, বরং তাঁর চরিত্র ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।

শিক্ষাজীবনকে চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা প্রদান করে। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে, তাই তাদের নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করার তাগিদ দেন তিনি।

ছাত্র জমিয়ত সভাপতি আরও বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ তাই নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।

শাখা সভাপতি বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমাদ কাসেমি, সহসভাপতি মুফতি ফারুক আহমাদ, যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ এম


ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপযাপিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও সুন্নাহ তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সর্বদা অনুসরণীয়।

হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদকে (সা.) পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মৃতিবিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। তাঁর আগমন সারা বিশ্বের মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়। মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সার্বিক দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিতে হযরত মুহাম্মদ (সা.) এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ সকল মুসলমানদের জন্য অবশ্য অনুসরণীয় মর্মে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে গণপতি হত্যা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ এম


রংপুরে গণপতি হত্যা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

> রংপুর

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২৩: ৩৮

অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নির্মম হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে রংপুর সার্কিট হাউসে একটি সুধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের আমন্ত্রণে এই সভার আয়োজন করা হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জামায়াতে ইসলামীর আমির এ.টি.এম আজম খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব আব্দুল মালেক, সদস্য গোলাম রাব্বানী এবং আলমগীর নয়ন বক্তব্য রাখেন।

এছাড়া সভায় রংপুর জজ কোর্টের আইনজীবী শিতাংশু কুমার, সাবেক শিক্ষক সাফিয়ারের রহমান সাফি, শিক্ষক স্বপন কুমার রায়, রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রংপুর জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক। বক্তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর যাতে কোনো মহল গুজব, অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুরের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, যেহেতু মামলাটি তদন্তাধীন, তাই দায়িত্বশীল কোনো জায়গা থেকে ঢালাও মন্তব্য না করে আইনি ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, অপরাধীর কোনো দল বা ধর্ম নেই। সে নিছক একজন অপরাধী। একটি চক্র যাতে তথ্য বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়েও আলোচনা হয়। সহকারী পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শাকিল মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। তিনি জানান, গত তিন মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশ ৯২টি মাদক মামলায় ২৩৬ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়টি মামলায় নয়জন এবং র‍্যাব চারটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বদলি প্রসঙ্গেও আলোচনা হয়। সহকারী পুলিশ কমিশনার শাকিল জানান, ১২ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি স্পষ্ট করেন, চার হত্যাকাণ্ডের ঘটনার অনেক আগেই এ বদলির প্রক্রিয়া নির্ধারিত ছিল।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী এবং পুত্র আয়ুশ চক্রবর্তী।

ঘটনার পর রংপুরজুড়ে ব্যাপক শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য ইতোমধ্যে গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও তদন্তকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদল, এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট মইনুল ইসলাম, আমার দেশ-এর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, এটিএন নিউজের শাহরিয়ার মীমসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা থেকে রংপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%