ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ


বরিশালে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ

পিরোজপুরের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর বগুড়া রোডে অবস্থিত বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ড ও মহানগর কমান্ডের ব্যানারে আয়োজন করা এই কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্যে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

তিনি আরও বলেন, কোনো পুরুষ সদস্যকে কবরে যেতে দেওয়া হয়নি। পরে মানিক পশারীর বোন ও মেয়ে কবর খুঁড়ে সেখানে তাকে দাফন করেন। ঘটনাটিকে তিনি ঘৃণ্য উল্লেখ করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি করেন। একই সঙ্গে বরিশালে জামায়াতে ইসলামীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেন তিনি।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামাতার বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস অসুস্থ থাকার পর গত শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে স্বজনেরা তার মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন। সেখানে গার্ড অব অনার দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন তারা। পরে মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নেওয়া হলে সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, দিনভর বাধার মুখে পড়ার পর শনিবার রাত দেড়টার দিকে মানিক পশারীর মেয়ে ও বোনের খোঁড়া কবরে তাঁর দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন: মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার অভ্যন্তরে কলম্বিয়ার একটি গেরিলা গোষ্ঠীর ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনীর পরিচালিত হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে। রবিবার, একটি মানবাধিকার সংস্থা এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য প্রকাশ করেছে।

প্রথমে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী রাজ্যগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফুন্দা রেদেস’ জানিয়েছিল যে, শুক্রবার ভোরে পশ্চিমাঞ্চলীয় আপুরে রাজ্যে হামলার ফলে নয়জন নিহত হন। পরে, নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছায়।

২০১৬ সালে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক বোগোতা সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করার পর ইএলএন লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়েছে। কলম্বিয়ার সরকার বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং প্রয়োজনীয় রসদ দিয়ে সহায়তা করে।

এদিকে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত একটি অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকে ভেনেজুয়েলা ওয়াশিংটনের অব্যাহত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে দেশটির সেনাবাহিনী এই অভিযানটি চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার ইসলামের পরিপন্থী কাজ করবে না: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


বিএনপি সরকার ইসলামের পরিপন্থী কাজ করবে না: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার ইসলামপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড করবে না। যদি কেউ এর বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামের জন্য যা কিছু করা প্রয়োজন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কাজগুলো করছেন। এজন্য বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান করেছেন। ফ্যাসিস্ট আমলে হেফাজতে ইসলামকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছি। ফ্যাসিস্টরা এদেশের আলেম-ওলামাদের যেভাবে নির্যাতন করেছে, তার বিচার আল্লাহ করেছেন। আজ তারা দেশছাড়া।

আজ দুপুরে কেরানীগঞ্জে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট আমলে আলেম-ওলামারা দাড়ি-টুপি পরে রাস্তায় চলাচল করতে পারতেন না এবং তাঁদের নানাভাবে নির্যাতন করা হতো। ৪০ বছরের স্মৃতিবিজড়িত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারা আজ দেশছাড়া। গত ১৭ বছরে তিনি ১১ বার জেল খেটেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ছয় মাস আগে তাকে একটি পাতানো গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে যারা বিএনপিকে ভোট দিয়েছিলেন, তাদের আস্থার প্রতিফলন ইতিমধ্যেই ঘটাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

আমান আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা শ্রমিক আন্দোলনের নামে কিছু কিছু গার্মেন্টসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কেউ কেউ বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবে। কিন্তু এটি কখনো সম্ভব নয়। যে ফ্যাসিস্ট একবার দেশ থেকে পালিয়ে যায়, সেই ফ্যাসিস্ট আর ফিরে আসার নজির পৃথিবীতে কোথাও নেই।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিববুল্লাহিল বাকি নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফুল্লাহ, ঢাকা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, ঢাকা জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ করেছে জেলা বিএনপি।
‎
‎
সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের অনিয়ম ধরিয়ে দেওয়ায় ওই অভিযোগ করা হয়। এ ঘটনায় অনিয়ম-দুর্নীতি ও এমপির বিরুদ্ধে অপপ্রচারকারী শফিকুলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
‎
‎সুনামগঞ্জের এমপির বিরুদ্ধে অপপ্রচারকারী ডেভিল শফিকুলকে গ্রেপ্তার দাবি
‎সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ করেছে জেলা বিএনপি।
‎
‎সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের অনিয়ম ধরিয়ে দেওয়ায় ওই অভিযোগ করা হয়। এ ঘটনায় অনিয়ম-দুর্নীতি ও এমপির বিরুদ্ধে অপপ্রচারকারী শফিকুলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
‎
‎জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমদ, আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আ ত ম মিসবাহ প্রমুখ।
‎
‎লিখিত বক্তব্যে এমপি মিলন বলেন, এই প্রকল্পের কাজ পেয়েছিলেন রাজধানী ঢাকার ঠিকাদার আওয়ামী লীগ সমর্থক মো. বদরুল ইকবাল, ঠিকাদারী ফার্ম বদরুল ইকবাল লিমিটেড। জানা যায় যে, ২০২৪ এর ৫ আগষ্টের পট পরিবর্তনের পর উক্ত ঠিকাদার দেশ ছেড়ে পলায়নের পর এই কাজের ১ম সাব-ঠিকাদার নিয়োগ দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য আজাদ হোসেনকে। তাদের মধ্যে মতবিরোধের কারণে পরবর্তীতে উক্ত প্রকল্পের দ্বিতীয় সাব—ঠিকাদার নিযুক্ত হন আরেক আওয়ামী ফ্যাসিষ্ট বিভিন্ন সন্ত্রাস দমন আইনের এবং প্রতারণা মূলক বহু মামলার আসামি ডেভিল শফিকুল ইসলাম।
‎
‎
‎তিনি আরও বলেন, বিগত ২৭ অক্টোবর সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিশ্বম্ভরপুর রতারগাঁও হাই স্কুল থেকে একটি অনুষ্ঠান শেষে আসার পথে এলাকার সাধারণ জনগণ তাকে দাঁড় করিয়ে নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ করেন। তখন তিনি নিজেও দেখতে পান সড়কের সদ্য নির্মিত গার্ড ওয়াল একদিকে হেলে পড়েছে। ব্লক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। মাটি কম্পেকশন না করে জিও টেক্সটাইলের উপর নিম্ন মানের ব্লক বসিয়ে সড়কের প্রটেকশন দেওয়া হচ্ছে।
‎
‎ভিট বালুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে কৃষি জমির টপ সয়েল। তাৎক্ষণিক ভাবে স্থানীয় সংসদ সদস্য পরের দিন ঠিকাদারকে উপস্থিত থাকার জন্য উপস্থিত ঠিকাদারের প্রতিনিধিকে অনুরোধ করেন এবং তিনি বলেন নির্বাহী প্রকৌশলীসহ সড়ক বিভাগের কর্মকর্তাকে নিয়ে পরের দিন সাইট তিনি নিজে পরিদর্শন করবেন। আমরা লক্ষ্য করলাম সাথে সাথে ঐ দিনই উক্ত সাব—ঠিকাদার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুনামগঞ্জ জেলা বিএনপি'র পক্ষ থেকে এই সংঘবদ্ধ তথ্য সন্ত্রাসের প্রতিবাদ ও নিন্দা জানাই।
‎
‎তিনি আরও বলেন, এই প্রকল্পের প্রথম সাব—ঠিকাদারের মুখ থেকে আপনারা শুনেছেন বাস্তবে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে ৮৭ কোটি টাকা ব্যয় দেখাতে কিভাবে ওভার এস্টেমেট করা হয়েছিল। আপনারা এও শুনেছেন নির্মাণ কাজ বাস্তবায়নে ৭ লাখ ঘনফুট মাটির স্থলে কিভাবে ৫৬ লাখ ঘটফুট মাটি ধরা হয়েছে। পুকুর চুরির এই প্রকল্পে সাব—ঠিকাদারের জানামতে এই কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে এবং উত্তোলিত বিলের টাকা সড়ক বিভাগের লোকজন এবং ঠিকাদারের প্রতিনিধি ভাগাভাগি করে নিয়েছে। ইতিমধ্যে উক্ত প্রকল্পের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকার বিল উত্তোলন করে লুটপাট করা হয়েছে। জনগণের সম্মুখে প্রকল্পের প্রাক্ষলিত ব্যয়ের কোন সাইবোর্ড প্রদর্শন করা হয় নাই।
‎
‎সংবাদ সম্মেলনে দুর্নীতির এই প্রকল্প নিয়ে পাঁচ দফা দাবি তুলেন ধরেন জেলা বিএনপির আহ্বায়ক মিলন। দাবিগুলো হচ্ছে প্রকল্প শুরুর দিকে দুর্নীতির যে সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়, তার সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রকল্পের প্রকৃত মূল্য পুর্নমূল্যায়ন করে অতিরিক্ত যে মূল্য (ওভার ভ্যালু) দেখানো হয়েছে, সেই টাকা দুর্নীতিবাজ ঠিকাদারের কাছ থেকে সরকারি কোষাঘারে ফেরত আনতে হবে। ইতোমধ্যে যে পরিমাণ নিম্ন মানের কাজ হয়েছে, সেগুলো বাতিল করে ডিজাইন অনুযায়ী, মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করে নতুন করে কাজ করতে হবে। এই সংস্কার কাজ বাস্তবায়নে সড়ক বিভাগের যে সকল প্রকৌশলী জড়িত, জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে যাদের দায়িত্বে অবহেলা রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজ এই ঠিকাদারি প্রতিষ্ঠানের যতগুলো কাজ চলামন রয়েছে, সবগুলোর কাজ এবং দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


রাজশাহীতে ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন

রাজশাহীতে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ।

শুক্রবার (৩০ অক্টোবর) শুরু হওয়া এই তিন দিনের সম্মেলন রোববার (১ নভেম্বর) শেষ হয়। সম্মেলনে ৭০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনের শেষ দিনে উইকিমিডিয়া বাংলাদেশের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রোগ্রাম লিড মাসুম আল হাসান।

‘সম্প্রদায়ের ক্ষমতায়ন: সংস্থান ও অংশীদারিত্ব’ শীর্ষক প্যানেল আলোচনায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান এবং লিড প্রোগ্রাম অফিসার জ্যাকুলিন চেন অংশ নেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলা ভাষার ভবিষ্যৎ ও নীতিগত প্রস্তুতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয় সম্মেলনে। ‘বাংলাদেশের এআই, বাংলা ভাষার এআই: নীতি ও প্রস্তুতি’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ।

এছাড়া বাংলা উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যের মানোন্নয়ন এবং মুক্ত জ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব প্রদান করা হয়।

তিন দিনের সম্মেলনে মুক্ত জ্ঞানের প্রসার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উইকিমিডিয়া সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক আলোচিত হয়। সমাপনীতে বক্তব্য রাখেন আয়োজক টিমের সদস্য শাবাব মুস্তাফা, দেলোয়ার হোসেন, মাসুম আল হাসান, শাকিল হোসেন ও নাহিদ সুলতান।

বাংলা ভাষায় নির্ভরযোগ্য ও উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলার পাশাপাশি, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের সম্মেলনে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজন বাংলা উইকিপিডিয়ার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%