ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা


নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারীদের সুরক্ষায় নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা।

রোববার (১৪ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো উপকূলীয় অঞ্চলগুলোতেও দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে তীব্র তাপপ্রবাহের সময় নারীরা তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়েন। গৃহস্থালি কাজ ও রান্নাবান্নার কারণে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসায় তাঁদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। পাশাপাশি সামাজিক ও পারিবারিক নানা কারণে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়তে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাথমিক উপকরণ হিসেবে হাতপাখা, গামছা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সুবর্ণচরের পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১০টি কেন্দ্রের সভানেত্রীদের হাতে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয়।  এতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) ১০০ জন নারী সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকদের মতে, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন কংগ্রেস সদস্যের মতে ট্রাম্পের ইরান চুক্তিটি ‘সব দিক থেকেই লোকসানের’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মার্কিন কংগ্রেস সদস্যের মতে ট্রাম্পের ইরান চুক্তিটি ‘সব দিক থেকেই লোকসানের’

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আসন্ন ইরান শান্তি চুক্তিটিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান সেথ মাউল্টন একটি ‘আত্মসমর্পণ দলিল’ বলে মন্তব্য করেছেন।

তিনি মন্তব্য করেন, যুদ্ধের আগে আমেরিকার যা ছিল না, এমন কিছুই এটি দিতে ব্যর্থ হয়েছে।

শনিবার (১৩ জুন) ট্রাম্প ঘোষণা করেন যে, রোববার একটি শান্তি কাঠামো স্বাক্ষরিত হবে এবং এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্পের এই ঘোষণার পর এ ধরনের মন্তব্য করা হয়।

পরের দিন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘উপযুক্ত সময়ে, যখন সবকিছু শান্ত হবে, আমরা প্রবেশ করে ইরানের পারমাণবিক ধূলিকণা’ সংগ্রহ করব এবং তা ধ্বংস করে দেব।’

গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে যে, এই চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, এবং প্রণালীটি টোল ব্যবস্থা ছাড়াই পরিচালিত হবে। তবে, ইরানি কর্মকর্তারা বলেছেন, চুক্তি স্বাক্ষর আগামীকালই হচ্ছে না। এছাড়া, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে শুরু হবে বলেও আশা করা হচ্ছে।

এদিকে, শনিবার এমএস নাউ-তে কথা বলতে গিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্য মাউল্টন এই কাঠামোটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সামগ্রিক ক্ষতি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ চুক্তি। এটি মূলত ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি আত্মসমর্পণ দলিল।’

তিনি আরও বলেন, ‘মানে, এই যুদ্ধে করদাতাদের ১০০ বিলিয়ন ডলার ইতিমধ্যে খরচ হয়েছে, ১৪ জন আমেরিকান মারা গেছেন, আর আমরা এমন একটি চুক্তি পেলাম যা কেবল সেই প্রণালীটিই পুনরায় খুলে দেবে যা তিনি যুদ্ধ শুরু করার আগেই খোলা ছিল? এটা কেমন জয়?’

যদিও তিনি স্বীকার করেছেন যে যুদ্ধ শেষ করা যুক্তরাষ্ট্রের জন্য সর্বোত্তম বিকল্প, তবে লক্ষ্য অর্জনের দিক থেকে এটি ‘ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জন্য সার্বিকভাবে কেবল ক্ষতি, ক্ষতি এবং ক্ষতি।’

অন্যদিকে, গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, বিধ্বংসী মার্কিন-ইসরাইলি হামলা সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী এখনও একটি শক্তিশালী যুদ্ধ শক্তি হিসেবেই রয়েছে এবং তেহরান কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করে নিতে পারে, যদিও তারা এমনটা করার চেষ্টা অস্বীকার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটকের পর পথচারীর দেহ তল্লাশি, বেরিয়ে এলো ৪টি স্বর্ণের বার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আটকের পর পথচারীর দেহ তল্লাশি, বেরিয়ে এলো ৪টি স্বর্ণের বার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন) সকালে জীবননগর মেদিনীপুর সীমান্ত এলাকা থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক সিকান্দার আলী (৫০) জীবননগর গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ ব্যাটেলিয়নের পরিচালক রফিকুল আলম জানান, জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহলদল মেদিনীপুর গ্রামে অবস্থান নেয় বিজিবি। এ সময় এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাচ্ছিলেন, তাকে আটকের পর দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয় বিজিবির পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং চলমান রয়েছে : মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং চলমান রয়েছে : মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি' শীর্ষক প্রকল্পটি প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দেশের ১৫০টি উপজেলায় চলমান রয়েছে।

মন্ত্রী আজ সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আব্দুল্লাহ আল আমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমের দুর্নীতি রোধকল্পে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশের অবশিষ্ট উপজেলায় 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি' শীর্ষক প্রস্তাবিত প্রকল্প চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিয়েছি, কাউকে হয়রানি করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


‘নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিয়েছি, কাউকে হয়রানি করবেন না’

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়।’

রোববার (১৪ জুন) বরগুনার তালতলী থানার ব্যারাকে আত্মহত্যার আগে কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী এ কথা চিরকুটে লিখে যান।

চিরকুটে ফারুক গাজী আরও উল্লেখ করেছেন, ‘আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমার ডেট সার্টিফিকেট সঙ্গে পাঠিয়ে দেবেন। বাড়ির লোকজন জানলে তারা কোথায় আসবে, তা নিশ্চিত করে জানাবেন, যেন তারা হয়রানি না হয়। নারীরা যেন না আসেন দয়া করে বলে দেবেন।’

এর আগে, সকাল ৯টার দিকে, বরগুনার তালতলী থানার ব্যারাক থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার বিষয়টি উল্লেখ থাকলেও আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ লেখা ছিল না বলে জানায় পুলিশ।

নিহত মো. ফারুক হোসেন গাজী তালতলী থানা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, ফারুক হোসেন গাজী ডিউটি শেষ করে সকাল ৮টার দিকে থানার ব্যারাকে যান। এরপর তিনি ওই ব্যারাকে কীটনাশক অথবা গ্যাস ট্যাবলেট সেবন করেন। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও ফারুক গাজীর কক্ষ থেকে মৃত্যুর আগে লিখে রাখা চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সকাল ৯টার দিকে থানার তদন্ত অফিসার জানতে পারেন যে একজন পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেন। পুলিশ সদস্য ফারুক গাজীর আত্মহত্যার রহস্য কি তা তদন্তের পরে বলা যাবে। তবে তিনি যে চিরকুট লিখেছেন তাতে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%