ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ


শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ
 
শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, উপাচার্যের নামে অসত্য বক্তব্যের প্রতিবাদ /
 
 
কৃষি গুচ্ছ নিয়ে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, প্রতিবাদ বাকৃবির
 
 
 
 
 
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে একটি বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়টি পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।
 
এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, বাকৃবির উপাচার্য এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এমন বক্তব্য প্রচার অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।
 
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পোস্টটি অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তির বক্তব্য প্রচারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। উপাচার্যের বক্তব্য হিসেবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, “পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।”
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিক চ্যাং সিয়াওজুনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিক চ্যাং সিয়াওজুনের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু ঘটেছে।

খনির সূত্র থেকে জানা যায়, সোমবার রাত ১১টায় দৈনন্দিন কাজের অংশ হিসেবে চ্যাং সিয়াওজুন ভূগর্ভে যান, দুই জন স্থানীয় শ্রমিকের সঙ্গে। তিনি স্থানীয় শ্রমিকদের বিভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরে, সহকর্মী স্থানীয় শ্রমিকেরা তাকে ভূগর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পেয়ে সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানিয়ে দেন। রেসকিউ টিম মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও, অক্সিজেনের ঘাটতিজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে সাধারণ শ্রমিকেরা ধারণা করছেন। বর্তমানে খনিতে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, চ্যাং সিয়াওজুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ কনসোর্টিয়াম তাদের নিয়ম অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত ওই চীনা শ্রমিকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়লাভের পর তাদের অভিনন্দন জানিয়ে ফল মেনে নেওয়ার কথা বললেও, এক সপ্তাহের মধ্যে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি কেউ সত্যিই বিশ্বাস করে? জরিপগুলো এত ভুল হলো কীভাবে?’

নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এসব জরিপে বলা হয়েছিল, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সিনেটেও জয়ের সম্ভাবনা রয়েছে দলটির। ফলস্বরূপ, নির্বাচনের ফলও ডেমোক্র্যাটদের পক্ষেই গেছে।

এর আগে ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কম দেখানোর অভিযোগ করে আসছিল দলটি। তবে এবারের নির্বাচনে জরিপের ফল বিপরীতভাবে রিপাবলিকানদের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও সিনেটের ২৭টি আসনের মধ্যে ২৩টিতে নির্বাচনের পূর্বের জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান অন্তত ২ শতাংশ কম দেখানো হয়েছিল।

ট্রাম্প আরও অভিযোগ করেন, আগাম ভোটের কিছু ফল এত বেশি ছিল যে রিপাবলিকানদের জন্য জয়লাভ অসম্ভব হয়ে পড়ে। তবে নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গত কয়েকদিন ধরে ভোটার উপস্থিতির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন গ্রাফ শেয়ার করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষেই বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকায়ও জয়লাভ করেছে দলটি। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এটাই প্রথম সরাসরি প্রশ্ন তোলা।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজের সঙ্গে ফোনালাপে তাদের অভিনন্দন জানান ট্রাম্প। পরে ফক্স নিউজকে বলেন, দলটি ‘ভালো করেছে’। গত সপ্তাহেও তিনি নিউইয়র্ক টাইমসকেও জানান, নির্বাচনের ফল তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছেন।

তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের অবস্থানে ফিরবেন, সেটাই ছিল প্রত্যাশিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুমার লেখেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, সত্য বদলানো যাবে না। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্র্যাট কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। এর কারণ ট্রাম্প নজিরবিহীনভাবে ব্যর্থ হয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের নেতারাও ক্রমেই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলিও তার নির্বাচনে কারচুপি অভিযোগের জবাবে এক্সে লিখেছেন, ‘এবার থামুন।’

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষায় খেলাধুলার গুরুত্ব অপরিহার্য’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষায় খেলাধুলার গুরুত্ব অপরিহার্য’

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার মন্তব্য করেছেন যে, খেলাধুলা যুবসমাজকে মাদক এবং অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে, যা সুস্থ, সুন্দর এবং ইতিবাচক সমাজ গঠনে অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য এবং খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার খেলাধুলাকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। খেলাধুলার প্রসার এবং তরুণদের মাঠে ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ডাইলের বাজার আলিয়া মাদ্রাসা মাঠে সিয়াম স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, সাবেক সদস্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেরাজুল ইসলাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য রেজোয়ান আমান আদনান, ডাইলের বাজার সিয়াম স্পোর্টিং ক্লাবের সভাপতি মালেক হাসান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ডাইলের বাজার সিয়াম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত ১১ টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেটের কাছে রেললাইনে আগুন দেয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতৃবৃন্দ মন্তব্য করেন, "স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনও তা বরদাস্ত করবে না।" তারা আরও জানান, "আজকে যারা বাকৃবিতে আগুন দেয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।"

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারি প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%