১১:৪৬ এম
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানল রেনো শহরের দিকে এগিয়ে আসায় কর্তৃপক্ষ রোববার বাসিন্দাদের নির্দেশ দিয়েছে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য।
রেনোর মেয়র, হিলারি শিভে সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে প্রায় ৪২ হাজার মানুষ তাদের বসতিবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। পাশাপাশি আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এটি বার্তা সংস্থা এএফপি’র সংবাদ।
আরও পড়ুন: বিসর্জনে শুধু সনাতনীদেরই প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ
আগুন লাগার পরের দিনেই ‘হক ফায়ার’ প্রায় ১৫ হাজার ৪০ একর (৬ হাজার ৮৭ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলের দিকে দাবানলটি রেনো শহরের প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) উত্তর-পশ্চিমে জ্বলছিল। ২০২৫ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, রেনো মহানগর এলাকায় ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দাবানলে ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় অবস্থিত কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।
আগুনের পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হয়ে উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব।
স্থানীয় ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ছবিতে রেনো শহরের আশপাশের পাহাড়ের চূড়া থেকে আগুনের শিখা এবং আকাশজুড়ে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার মেঘ দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ইতালি নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ না করতে কড়া সতর্কতা জারি
গভর্নর জো লোম্বার্ডো রেনো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলের কারণে ওয়াশো কাউন্টিতে একটি জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি তার জারি করা আদেশে বলেছেন, ‘হক ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য হুমকি সৃষ্টি করছে।’
রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত, ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে এবং সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর নিকটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, অথবা সম্ভব হলে তারও আগে, নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলের গোলাবর্ষণ, খিয়ামে চলছে তল্লাশি অভিযান
তিনি সতর্ক করে বলেন, ‘হক ফায়ার আমাদের জন্য খুবই পরিবর্তনশীল একটি পরিস্থিতি। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের গতিতে ছড়িয়ে পড়া আগুন খুব দ্রুত আবাসিক এলাকাগুলোতে পৌঁছে যেতে পারে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন