বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০২ পি.এম
তুরস্কের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, উপকূলে দুটি কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের পর একটি জাহাজের ১০ নাবিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে মারমারা সাগরে সংঘর্ষটি ঘটে।
বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এ তথ্য জানিয়েছে।
গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘তুগবের্ক ইমামোগ্লু’ নামের কার্গো জাহাজটির সঙ্গে এবং এর ১০ নাবিকের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এছাড়াও, গভর্নরের কার্যালয় জানিয়েছে, জাহাজটি খুঁজে বের করার জন্য নৌযান ও একটি হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি কার্যক্রম চলছে।
সংঘর্ষের শিকার অপর জাহাজ, রাসায়নিকবাহী ট্যাংকার ‘আলসু’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের মরিয়ম স্কুলে অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপ।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আরেফিন অক্সিন।
বক্তারা সভায় উল্লেখ করেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। এই উদ্দেশ্যে আইন প্রণয়ন করা হয়েছে এবং প্রত্যেক জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য জনসচেতনতা সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক এবং অভিভাবকবৃন্দ যদি সচেতন হন, তাহলে সর্বোত্তম ফলাফল অর্জন সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড.এমএ মজিদ।
এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা এবং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।
এ সময় নেতৃবৃন্দ উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ শেষে বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে জেলা বিএনপি নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে।" তিনি আরও বলেন, "এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলা ও সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব। এর আগে গত রোববার পৃথক দুটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন, বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সাইফুল ইসলাম ও বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নৈতিক স্খলন এবং তাদের অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে ওই দুই শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়। পরে তাদের নিজ কর্মস্থল ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবিএম সাইফুল ইসলামকে দূরবর্তী বালুচরা সমাজ কল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেসমিন আক্তারকে ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি দেওয়া হয়। যদিও কাগজপত্রে তাদের কর্মস্থল ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৬ সালের আগস্টের শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বর মাসে ধারণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের অফিসকক্ষেই ওই দুই শিক্ষক অবস্থান করছিলেন। ওই সময় ভিডিওটি ধারণ করা হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় এবং বিষয়টি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ একদিন বিশ্বসভায় একটি নেতৃত্বদানকারী জাতি (লিডিং নেশন) হিসেবে আত্মপ্রকাশ করবে।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস-এর স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের পদক, অভিনন্দন পত্র এবং দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী সংবর্ধিত স্কাউটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কার হাতে নিয়েছে।’
মন্ত্রী স্কাউটিংয়ের পরিধি সম্প্রসারণে সরকারের বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে জানান, প্রধানমন্ত্রী কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক স্কিম এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন।
ড. মিলন মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকেই কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বিনামূল্যে ড্রেস বিতরণ এবং মিড-ডে মিল চালুর মতো পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।
শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কাউট সদস্যরা যেমন ‘পানি পানি’ করে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শহীদ হয়েছেন, স্কাউটিং ঠিক তেমনই আত্মত্যাগ ও নেতৃত্ব শেখায়।’
তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষক-অভিভাবকদের সম্মান এবং সততা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি নাসিমুল গনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বক্তব্য রাখেন।
বাংলাদেশ স্কাউটস-এর উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ