ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা


ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন। এর আগে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সালেহ আহমেদের গলায় আঘাত করে। এতে তার গলায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরিবারের দাবি, রাতে একজন চোর ঘরে ঢুকে সালেহ আহমেদকে জবাইয়ের চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন আরও বলেন বলেন, আমি জেলা শহর মাইজদীতে ছিলাম। এখন আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


কুমিল্লায় পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে হাসি বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত হাসি বেগম (৩৫) ব্রাহ্মনপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক ভূঁইয়ার কন্যা। স্বামী মোসলেহ উদ্দিনকে পুলিশ আটক করেছে এবং তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে। মোসলেহ উদ্দিন (৪৫) ওই গ্রামের মৃত রেনু মিয়ের ছেলে। তিনি গত ৩৩ বছর ধরে কুয়েতে ছিলেন, এবং ৬ মাস আগে দেশে ফিরে আসেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে, সাইমন হোসেন (১৯) এবং খাদিজা আক্তার (১৬)। সাইমন মিরপুরে জাপানি ভাষা শিখছেন, এবং খাদিজা স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানিয়েছেন, মোসলেহ উদ্দিন প্রায়ই হাসি বেগমের ওপর পাশবিক নির্যাতন চালাতেন, যেটি পরকীয়া এবং পারিবারিক কলহের কারণে হত। প্রতিবেশী এবং সন্তানদের বাধা দিয়েও তিনি আচরণ পরিবর্তন করতেন না। উল্লেখ্য, মারধর ও নির্যাতনের কারণে কয়েক দফা বিচার-সালিশ হয়েছে। ঘটনার দিন, দুপুরে অভিযুক্ত মোসলেহ উদ্দিন হাসি বেগমকে মারধর করে। তার মেয়ে খাদিজা স্কুল থেকে ফিরে এসে মাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা হাসি বেগমকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

হাসি বেগমের মেয়ে খাদিজা আক্তার বলেছিলেন, ‘আমার বাবা-মা প্রায়ই ঝগড়া বিবাদ করত। বাবা মাকে মারধর করতেন, আমরা বাধা দিলেও তিনি শুনতেন না। আজকে আমি স্কুল থেকে এসে দেখি মা ঘরে পড়ে আছে। ঘরের আসবাবপত্র ওলট-পালট হয়ে আছে। মায়ের ঠোট ও মুখে রক্তের দাগ। মা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, আমারে খালি ঘরে পেয়ে তোর বাবা মারছে। আমি মরে গেলে তোর নানার বাড়িতে আমারে দাফন করবি। এরপর আর কিছু বলতে পারেনি। পরে প্রতিবেশীরা তাকে ধরে দেবিদ্বার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’

হাসি বেগমের ছেলে সায়মন হোসেন জানিয়েছেন, ‘প্রতিবেশী কুলসুম বেগমের সঙ্গে আমার বাবার পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে ঘরে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। কুলসুম বেগম যা বলে আমার বাবা ঘরে এসে তা-ই করে। এই কুলসুম বেগমের সঙ্গে পরকীয়ার কারণে মা বাধা দেওয়ায় মাকে মারধর করছে। আমি ঢাকায় থাকি। দুপুরে মা আমাকে ফোন করে মারধরের কথা জানালে আমি আমার এক বন্ধুকে বাড়িতে পাঠাই। সে এসে আমাকে জানায় মাকে নাকি হাসপাতালে নিয়ে গেছে। আমি আসতে আসতে আমার মা মারা যায়।’

হাসি বেগমের ভাই শাহ পরান বলেছেন, ‘আমরা খবর পেয়ে বোনের বাড়িতে এসে দেখি গায়ের মারধরের দাগ। গলা ঠোট ফোলা, চোখের কোনায় রক্তের দাগ। আমার বোনকে নির্যাতন করে মারছে এটা স্পষ্ট বোঝা যায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

অপরদিকে, অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিন মন্তব্য করেছেন, ‘দুপুরে আমার গায়ের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই একটা চর-থাপ্পর দিয়েছি এটা সত্য কিন্তু এই চরথাপ্পরে তো আমার স্ত্রী মারা যাওয়ার কথা না। আমার এই মারধরে যদি আমার স্ত্রী মারা যায় ময়নাতদন্তের রিপোর্টে যদি এমন তথ্য আসে তাহলে আমার যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব।’

তিনি পরকিয়ার অভিযোগ সম্পর্কে বলেছেন, ‘পুরো গ্রামে খবর নেন, আমার কারো সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে কিনা। আমি ছয় মাস আগে কুয়েত থেকে এসেছি। আমি ৩৩ বছর কুয়েতে ছিলাম। পরকীয়ার অভিযোগ মিথ্যা।’

এদিকে, দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেছেন, ‘প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহত হাসি বেগমের চোখের কোনায় ও গায়ে কিছু মারধরের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ শেষে এ কথা ব্যক্ত করেন তিনি।

ত্রিবেদী জানান, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে এবং ইস্যু আসবে যা সমাধান করতে হবে।

ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপন হবে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


‘আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা’

‘‘বড় ছাওয়ালটা সাত বছর আগে চলে গেছে, এবং মেজো ছাওয়ালটি দুই বছর আগে চলে গেছে। কখনোই তারা ছুটিতে আসেনি।

ছাওয়ালটা ফোনে বলেছিল, ‘মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব’। বাবার আর বাড়ি ফেরার সুযোগ হলো না। কি সর্বনাশ হলো বাবা আমার।’’ এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিহত সুমন এবং মোহনদের মা ময়না খাতুন।

সোমবার (১০ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামে মোহন ও সুমনদের বাড়িতে শোকের মাতম বইছে। এর আগে রবিবার (৯ আগস্ট) দুপুর ২টায় সৌদি আরবের রিয়াদের শিফা থানার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। পাশাপাশি, এই গ্রামের আরো দুজনও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ময়না খাতুন বলেন, ‘‘গতকাল সকালে আমি মেজো ব্যাটার সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছিল, ‘ভালোই আছি মা, তুমি ভাত খাও। তুমি সুস্থ থাকো। ভাই মাল দিতে গেছে, মাল দিয়ে আসবে’। কিন্তু যখন আগুন লাগছে, তখন ফায়ার সার্ভিস আসছিল না।

তখন ছাওয়াল ভয়েস মেসেজ পাঠায়। সে বলেছিল, ‘মাগো, দুইডা কথা কমু মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’’’

তিনি আরো বলেন, ‘হামার দুই বাবা হামার বুকে আনা দেও বাবা। আমার বাবাকোক দেখে আমি কলিজা শান্তি করমু বাবা। বড় কষ্টের ছাওয়াল, আমার দুই ধনক আমার বুকে এনে দে বাবা রে...। মোহন বলছিল, ‘এসে বিয়া করমু মা। মেয়া-টিয়ে দেখো না, আমি ১০টা দেখে একটা বিয়ে করমু মা।’

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সৌদি আরবের রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন- বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গাফফফার প্রামাণিকের ছেলে মহন প্রামানিক ও সুমন প্রামাণিক, একই গ্রামের জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫), পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮), বিশা গ্রামের আজহারের ছেলে সাগর (৩১) ও একই গ্রামের মজনুর ছেলে মজিদুল (৩৪) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এসএসসির ফল

বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

এ ফলাফলে সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে ৮০.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল ঘোষণা করেন।

অতিরিক্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অন্যান্য বিভাগের তুলনায় ভালো ফলাফল করেছে। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, এর মধ্যে ৮০.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেখানে ৬৪.৩০ শতাংশ শিক্ষার্থী পাস করার কৃতিত্ব অর্জন করেছে।

এ বছর মানবিকে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য উপস্থিত হয়। সেখান থেকে পাস করেছে মাত্র ৩ লাখ এক হাজার ১৭৪ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৪৮.৭৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%