ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র


যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় সহায়ক হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র হাতে পেতে কয়েক বছর সময় লাগতে পারে।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) জানায়, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো বিক্রির জন্য ২১০ কোটি ডলার ব্যয় হবে। এই অর্থের পুরোটা ইউরোপের মিত্র দেশ ও কানাডা বহন করবে।

জেলেনস্কি শুক্রবার রাতে আবারও যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন। কিয়েভ রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য প্যাট্রিয়টের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, গ্রেপ্তার এক সেনা সদস্য

চলতি মাসের শুরুতে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতবিরোধ দেখা দেয়। রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহ নিশ্চিত করার চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল। এ নিয়ে ইউক্রেন ক্ষোভ প্রকাশ করে।

ট্রাম্প একপর্যায়ে মন্তব্য করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য ইউক্রেনের নতুন নেতা প্রয়োজন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া ও পূর্বাঞ্চলীয় দনবাসের কিছু এলাকা দখল করে নেয় মস্কো।

তবে গত ২০ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

শুক্রবারের বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই অস্ত্র বিক্রির মাধ্যমে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার হবে। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে অ্যামিশ জনগোষ্ঠীতে হামের প্রাদুর্ভাব

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানের মাধ্যমে ইউক্রেন এ ক্ষেপণাস্ত্র কেনার জন্য অর্থ জোগাবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সহায়তা ঋণের আওতায় জাতীয় তহবিল থেকেও অর্থ দেওয়া হবে। এ অর্থায়ন করা হবে জাম্পস্টার্ট কর্মসূচির মাধ্যমে।

মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন থাকবে ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি অর্থ ব্যয় হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাকডোনাল্ডসের আবেদন নাকচ, আদালত মামলা চালানোর নির্দেশ দিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ এম


ম্যাকডোনাল্ডসের আবেদন নাকচ, আদালত মামলা চালানোর নির্দেশ দিল

ম্যাকডোনাল্ডসের বিখ্যাত ‘ম্যাকরিব’ স্যান্ডউইচের সাথে ভোক্তাদের প্রতারণার অভিযোগে দায়ের করা মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) এক ফেডারেল বিচারক ম্যাকডোনাল্ডসের মামলাটি বাতিলের জন্য করা আবেদন নাকচ করে দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাদীরা অভিযোগ করেছেন যে, ম্যাকডোনাল্ডস ইচ্ছাকৃতভাবে ম্যাকরিব প্যাটিগুলোকে শূকরের পাঁজরের মাংসের মতো আকৃতিতে তৈরি করে, যাতে ক্রেতারা মনে করেন এতে দামি ও সুস্বাদু পাঁজরের মাংস রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে, কোম্পানিটি পাঁজরের মাংসের পরিবর্তে শূকরের কাঁধের অংশ, হৃৎপিণ্ড বা ভুঁড়ির মতো তুলনামূলক কম দামি উপাদান ব্যবহার করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে।

ম্যাকডোনাল্ডসের দাবি ছিল যে, মাত্র ৭ ডলারের স্যান্ডউইচে কেউ আসল পাঁজরের মাংস আশা করতে পারে না। তবে শিকাগোর মার্কিন জেলা জজ এপ্রিল পেরি এই যুক্তি নাকচ করে দেন। তিনি বলেন, স্যান্ডউইচ কেনার আগে ক্রেতাদের গবেষণা করার প্রয়োজন নেই। তাছাড়া, মাংসের পাঁজরের মতো আকৃতি দিয়ে বিজ্ঞাপন তৈরি করা প্রতারণার অভিযোগকে আরও জোরালো করেছে।

অন্যদিকে, ম্যাকডোনাল্ডস এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা স্যান্ডউইচে হৃৎপিণ্ড বা ভুঁড়ি ব্যবহার করে না এবং উপাদান সম্পর্কে তারা সবসময় স্বচ্ছ। প্রতিষ্ঠানটি মামলাটিকে ভিত্তিহীন ও তথ্য বিকৃতকারী বলেও দাবি করেছে। তবে বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই প্রতারণামূলক বিপণনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, ছবি বা বিজ্ঞাপনের সাথে বাস্তবের পণ্যের আকৃতি ও উপাদানের মিল না থাকার অভিযোগে এর আগে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এবং ওয়েন্ডিসের মতো বড় ফাস্ট-ফুড ব্র্যান্ডগুলো বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, কেইন ২৮ পয়েন্টে এমবাপেকে পরাজিত করে নতুন ইতিহাস গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, কেইন ২৮ পয়েন্টে এমবাপেকে পরাজিত করে নতুন ইতিহাস গড়লেন

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছেন হ্যারি কেইন। এই বিজয়ের কিছুদিন পরই প্রকাশিত হয়েছে ব্যালন ডি’অরের ভোটের বিস্তারিত তথ্য, যেখানে দেখা যাচ্ছে কেইন নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমান ভোটের নিয়ম অনুযায়ী, এটি হলো সবচেয়ে কম ব্যবধানের জয়, যেখানে কেইন কিলিয়ান এমবাপেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন।

ভোটের হিসাবটি শুক্রবার প্রকাশ করেছে ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। তারা তাদের শুক্রবারের সংস্করণে ভোটের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।

বায়ার্ন মিউনিখের খেলোয়াড় কেইন ১০০ জন বিচারকের কাছ থেকে প্রথম স্থানের জন্য ৪০টি ভোট পেয়েছেন। তার মোট পয়েন্ট হলো ১ হাজার ৫৫। ২০০১ সালের পর তিনিই প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ব্যালন ডি’অর জিতলেন। রিয়াল মাদ্রিদের ফ্রান্স অধিনায়ক এমবাপে প্রথম স্থানের জন্য ২৩টি ভোট পেয়েছেন, যার মোট পয়েন্ট ১ হাজার ২৭। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান ২৮।

এর আগে সবচেয়ে কম ব্যবধান ছিল ৪১ পয়েন্ট। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার সেই রেকর্ডের চেয়ে ব্যবধান কমে এসেছে।

গত বছরের ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। পিএসজির উসমান দেমবেলে মোট ১ হাজার ৩৮০ পয়েন্ট পেয়েছিলেন এবং তিনি বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্টে এগিয়ে ছিলেন।

এ বছরের গ্রীষ্মে ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তবে ব্যালন ডি’অরের ভোটে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। তার পয়েন্ট ৮৮১, যা কেইনের থেকে ১৭৪ পয়েন্ট কম।

ব্যালন ডি’অরের জন্য ভোট প্রদান করেন সাংবাদিকরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে সাংবাদিক ভোট দেন। নারী বিভাগে ভোট প্রদান করেন সেরা ৫০ দেশের সাংবাদিকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উদীয়মান গায়ক আবু জাহিদ অন্তুর বিরুদ্ধে ইডেন কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরার অভিযোগ করা যৌন নির্যাতন ও শারীরিক আঘাতের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে দীর্ঘ তদন্তের পর এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে অন্তুকে মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ভিত্তিহীন মামলা করার অভিযোগে বাদী জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়েছে পুলিশ।

এ ঘটনার সূত্রপাত ঘটে ২০২৫ সালে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার সুবাদে গায়ক আবু জাহিদ অন্তু ও মডেল জান্নাতুন তাজরি অরার পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একসময় তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে এবং বিচ্ছেদ ঘটে।

এরপর গত ৩১ মে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন অরা। তার অভিযোগ ছিল, গত ০২ মে পণ্যের ফটোশুটের কথা বলে গুলশানের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে যৌন নিপীড়ন ও মারধর করেছেন অন্তু।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম রাশিদুর রহমানের তদন্তে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। পুলিশ জানিয়েছে, অরা অন্তুকে প্রেমের প্রস্তাব দিলেও গায়ক এতে রাজি হননি। এরপর তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে অন্তুর গুলশানের বাসার স্টুডিওতে পণ্যের ফটোশুটের প্রস্তাব পেয়ে অরা সেখানে যেতে রাজি হন।

তদন্তে জানা যায়, গত ০২ মে সকালে অরা অন্তুর বাসায় গেলেও তাকে পাননি। পরে বিকালে তাদের দেখা হয়। একপর্যায়ে তারা বাসার অফিসকক্ষে বসে কথা বলেন। কিছুক্ষণ পর অন্তু নিজের মোবাইল ফোন চার্জে রেখে বাসার নিচে যান। এ সময় তার ফোনে একটি কল এলে অরা সেটি রিসিভ করেন এবং নিজেকে অন্তুর স্ত্রী বলে পরিচয় দেন।

বিষয়টি টের পেয়ে অন্তু উপস্থিত সাক্ষীদের সামনেই কারণ জানতে চাইলে অরা অপমানিত বোধ করেন। পুলিশের দাবি, ঠিক এই ক্ষোভ ও আক্রোশ থেকেই পরবর্তীতে অন্তুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ বেছে নেন এই মডেল।

পুলিশ বাদী ও বিবাদীর কল রেকর্ড (সিডিআর), ভবনের সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য যাচাই করে। কিন্তু কোথাও অভিযোগের বিন্দুমাত্র সত্যতা মেলেনি। এমনকি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অরার শারীরিক পরীক্ষা করা হলেও চিকিৎসক কোনো ধরনের আঘাত বা নিপীড়নের আলামত পাননি।

সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, অন্তুকে সামাজিকভাবে হেয় করা এবং বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই নাটক সাজানো হয়েছিল।

গত ৩১ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে অন্তুকে অব্যাহতির পাশাপাশি মিথ্যা মামলা করায় বাদী অরার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি চাওয়া হয়েছে।

মিথ্যা মামলায় নিজের সামাজিক ও ব্যবসায়িক ক্ষতির কথা জানিয়ে গায়ক আবু জাহিদ অন্তু ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, "তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তার এই হয়রানি ও অপূরণীয় ক্ষতির দায় কে নেবে?"

তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে জাহাজ চলাচল ৭০ শতাংশ কম, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বেড়েছে কিছুটা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


হরমুজে জাহাজ চলাচল ৭০ শতাংশ কম, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বেড়েছে কিছুটা

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে যুদ্ধের আগে যে পরিমাণ জাহাজ চলাচল ছিল, তার তুলনায় বর্তমানে এটি প্রায় ৭০ শতাংশ কম রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার শেষ হওয়া এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে মোট ১২২টি জাহাজ বের হয়েছে। একই সময়ে, প্রণালিতে প্রবেশ করেছে ১৫৫টি জাহাজ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পূর্বে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের যে পরিমাণ ছিল, বর্তমান পরিস্থিতি তার তুলনায় অনেক কম। তবে আগের সপ্তাহের তুলনায় জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। গত সপ্তাহে প্রণালি দিয়ে ১১৪টি জাহাজ বের হয়েছিল এবং প্রবেশ করেছিল ১২৭টি।

ইউকেএমটিও জানায়, আলোচ্য সময়ে হরমুজ প্রণালিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যে চারটি ট্যাংকারে হামলার কথা জানিয়েছে, সেগুলো সংস্থাটির এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

যুক্তরাজ্যের সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার শিকার তিনটি জাহাজের মধ্যে একটি যাত্রা অব্যাহত রেখেছে। অন্য একটি জাহাজের সহায়তা প্রয়োজন হয়েছে। তৃতীয় জাহাজটির বর্তমান অবস্থা জানা যায়নি।

ইউকেএমটিও আরো জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগরে অন্তত ১৪৪টি হামলার ঘটনা ঘটেছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%