০৫:৫৩ পি.এম
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়ই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিযোগ বৃদ্ধির জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
মন্ত্রী যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ করেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস অতিবাহিত করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে। তিনি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্টদূত বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তিনি জানান, গণতন্ত্র সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন