১০:২১ এম
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ একটি বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে, বাড়ির মালিক আক্কাস আলী ওই বোমাসদৃশ বস্তু এবং চিরকুটটি দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু বাড়ির লোকজন দেখে। সেই বোমাসদৃশ বস্তুর পাশেই সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট পড়ে ছিল।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের কারণে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার আক্কাস আলীর উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল কাগজপত্র নিয়ে। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে ওই বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট রেখে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু এবং চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন