টঙ্গী গাজীপুর প্রতিনিধি ফারুক হোসেন
০৬:৫৮ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকের ভিডিও দেখে বাড়িতে ইয়াবা ট্যাবলেট তৈরির চেষ্টার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার আলেকটেক এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর বাড়ি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ল্যাবরেটরিতে ব্যবহৃত সরঞ্জাম, ইয়াবাসদৃশ ৪৫টি ট্যাবলেট এবং ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ ও প্রক্রিয়া লেখা একটি খাতা জব্দ করা হয়েছে। পুলিশের জব্দতালিকা সূত্রে জানা যায়, অভিযানে অ্যামোনিয়া সলিউশন, ডাইক্লোরোমিথেন, অ্যাসিটিক অ্যাসিড, টলুইন, এন-বিউটাইলঅ্যামিন, নাইট্রোইথেন, অ্যাসিটোন, মিথানল, আইসোপ্রোপানল, ইথানলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। এ ছাড়া সোডিয়াম বাইকার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট, সিলিকা জেল, ল্যাকটোজ ও লিডোকেইনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা হয়েছে এমন ১৩টি কাচের সরঞ্জাম, রাসায়নিক পরিমাপের ১১টি যন্ত্র, দুটি মেজারিং সিলিন্ডার, একটি ড্রপিং ফানেল, একটি হিটিং মেটাল সেটআপ মেশিন, ফিল্টারেশন সেটআপ, ডেনস্টার্ক ট্র্যাপ, ভ্যাকুয়াম পাম্প, পানির পাম্প, মেটাল ব্লেড প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা ট্যাবলেট শুকানোর কাজে ব্যবহৃত একটি ফিল্টার, মলিকুলার সিভ, পিএইচ পেপার এবং কফি মিশ্রিত তরল পদার্থ ভর্তি একটি কাচের বোতলও জব্দতালিকায় রয়েছে। অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পাওয়া যায় সবুজ মলাটের একটি খাতা। পুলিশের জব্দতালিকা অনুযায়ী, ওই খাতার ভেতরে ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ, প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের নাম লেখা ছিল। পাশাপাশি ইয়াবাসদৃশ ৪৫টি কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শেখার চেষ্টা করার বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। তবে উদ্ধার করা ট্যাবলেটগুলো প্রকৃত ইয়াবা কি না এবং জব্দ করা রাসায়নিক পদার্থ দিয়ে মাদক উৎপাদন করা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ‘জীবনে সফল ও প্রতিষ্ঠিত হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। লক্ষ্য অর্জনের পথে সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।’
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের যেমন পরিশ্রম করতে হবে, তেমনি শিক্ষকদেরও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে।’
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘এ এলাকার শিক্ষার্থীরা যাতে আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পায়, সে লক্ষ্যেই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। ২০০৪ সালে আমি এ প্রতিষ্ঠানের পূর্বের ভবনটি নির্মাণ করেছিলাম। আজ আবারও শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারাবাহিকতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জিয়াউল হাসান জামিল, আনিছুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম মোস্তাক সোহেল, সাখুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হাসান, ত্রিশাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায় মোঃ মাহবুবুল হাসান, মো: কামাল হোসেন, মোঃ জান্নাত ফারাজী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এইচ. এম. জোবায়ের হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এস এম মাসুদ রানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
তারিখ :৩১/১০/২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাই জসীমকে পুলিশের হাতে তুলে দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ। আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে তার এ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা এলাকার সালাম বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করেন জামাল আহমেদ। এ সময় নিজের চাচাতো ভাই জসীমকে আটক করে নাসিরনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এএসআই জামাল তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।
ঘটনার পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে জসীমকে ২০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের মতে, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার কিংবা আত্মীয়তার পরিচয়ের চেয়ে আইনের শাসন ও সামাজিক দায়িত্বকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও মাদকবিরোধী অবস্থান নেওয়ার ঘটনায় জামাল আহমেদের ভূমিকা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ ফুটবল ক্লাবটি কিনতে গত এক বছরে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন, এমনটি জানিয়েছেন সাংবাদিক বেন জ্যাকবস। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি এবং আনুষ্ঠানিক প্রস্তাবও আসেনি।
প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের বিনিয়োগকারীদের আগ্রহ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ব্যক্তিগত বিনিয়োগকারীরা একটি জোট গঠন করে সম্ভাব্য অধিগ্রহণের অর্থায়ন নিয়ে আলোচনা করছেন। কিন্তু ক্লাব কেনার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এখনও সামনে আসেনি।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি অগ্রসর হয়েছিল। প্রাথমিক যোগাযোগের পর আলোচনা আরও গভীর হয়েছে, তবে তা আনুষ্ঠানিক প্রস্তাবে রূপান্তরিত হয়নি। বাহরাইন থেকেও আগ্রহের খবর পাওয়া গেছে, কিন্তু দেশটির কোনো নির্দিষ্ট বিনিয়োগকারী এখন পর্যন্ত প্রস্তাব দেয়নি।
এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য ২০২৩ সালে আলোচনায় থাকা শেখ জাসিম বিন হামাদ আল থানিকে বর্তমান কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত মনে করা হচ্ছে না। তিনি কাতারের একটি বিনিয়োগ গোষ্ঠীর মাধ্যমে ক্লাবটির পূর্ণ মালিকানা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি।
ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবারের হাতে রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ ক্লাবটির সংখ্যালঘু অংশীদারিত্ব কিনেছিলেন। তাঁর প্রতিষ্ঠান আইএনইওএস এরপর থেকে ক্লাবটির ফুটবল পরিচালনার দায়িত্বে রয়েছে।
তবে, বর্তমান আগ্রহগুলো এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তনের কোনো নিশ্চিত পরিস্থিতি তৈরি হয়নি। সৌদি আরব, বাহরাইন এবং আমিরাতের সম্ভাব্য বিনিয়োগকারীদের যোগাযোগ থাকলেও আনুষ্ঠানিক প্রস্তাব না আসা পর্যন্ত বিষয়টি কেবল সম্ভাব্য অধিগ্রহণের আগ্রহ হিসেবেই রয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাচালানের সময় দুটি ড্রাম ট্রাক থেকে ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। আটজনকে পুলিশ আটক করেছে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক দুটি আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় চোরাচালানের উদ্দেশ্যে বহন করা দুটি ট্রাকে মোট ৩০২ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ