০৯:২৩ পি.এম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন, পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদ (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব সিন্ধ) থেকে বিশেষ সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা লাভ করেছেন। বাংলাদেশের স্পিকার এবার সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টেও বিশেষ গুরুত্ব অর্জন করলেন, যা দেশের জাতীয় পরিষদের পরবর্তী পদক্ষেপ।
শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পৌঁছায়। প্রতিনিধিদলটি যখন পার্লামেন্ট কক্ষে প্রবেশ করে, তখন চলমান অধিবেশনের বক্তব্য থামিয়ে তাদের স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইজ কাদের শাহ।
এটি কেবল আনুষ্ঠানিক অভ্যর্থনা ছিল না, বরং সংসদের অধিবেশন চলাকালে স্পিকার তার বক্তব্যে বাংলাদেশি অতিথিদের পরিচয় তুলে ধরেন এবং হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান ফুটবল দলের প্রথম অধিনায়ক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে বিশেষভাবে উল্লেখ করে স্বাগত জানান। এ সময় প্রাদেশিক পার্লামেন্টের সদস্যরা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অতিথিদের সম্মানে স্মারক শিল্ড ও সিন্ধি ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার প্রদান করা হয়।
আরও পড়ুন: মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫, শনিবারের ঘটনা
সফরের সময়, প্রতিনিধিদলকে ঐতিহাসিক সিন্ধু পার্লামেন্ট ভবনের স্থাপত্য, ইতিহাস, সংসদীয় ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি, দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, আইনসভাগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এর আগে, বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে এবং সমাধিসৌধের ভিজিটরস বুকে নিজেদের অনুভূতি ও মন্তব্য লিপিবদ্ধ করে।
প্রতিনিধিদলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরাত আদীব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান নাসের রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের উপ-হাইকমিশনার মোহাম্মদ সাকিব সাদাকাত।
উল্লেখ্য, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের স্পিকার। এটি বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম পাকিস্তান সফর। ইসলামাবাদ ও লাহোরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান তারা। সফরে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলটির বৈঠকের কর্মসূচি রয়েছে।
আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন