০২:৪৮ পি.এম
কলম্বিয়ায় এক স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ সংক্রান্ত খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আঘাত হানা এই ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে দফায় দফায় আফটারশকের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ এ ভূমিকম্পে ৫৭০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে।
দ্য অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস অব কলোম্বিয়া জানায়, প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলার নেতৃত্বে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকের পর দেশটিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। এই জরুরি অবস্থার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অতিরিক্ত সম্পদ ও সহায়তা পাঠানো আরও সহজ হবে।
ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষতির আশঙ্কা জাহির করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) ভোরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এর ফলে দেশের বিভিন্ন বড় শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত
সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। কফি উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো টেলিভিশন চ্যানেল কারাকোলকে বলেছেন, সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ার অন্যতম বড় শহর ক্যালিও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের মধ্যে ১০টিতে উদ্ধারকাজ চলছে, তবে ক্যালিতে এখনো প্রাণহানির সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেওয়া ক্যালির স্থানীয় বাসিন্দা হুয়ান কার্লোস অসোরিও বলেন, ‘ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। শব্দটি বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। পরিস্থিতি ভয়াবহ। আমরা প্রতিবেশীদের সাথে মিলে কাজ করছি। মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরাচ্ছি। আমাদের ভারি যন্ত্রপাতি প্রয়োজন। অনেক মানুষ আটকা পড়ে আছেন।’
ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রদেশ চোকোতেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। প্রদেশটির গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবার মতে, রাজধানী কুইবদোতে প্রাণহানি, অনেক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও, বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন
সূত্র: রয়টার্স, সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন