ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুই মাসে হাতে লিখলেন পুরো কোরআন, ১৮ বছর ধরে বিনা বেতনে শিশুদের পড়ান খাদিজা


দুই মাসে হাতে লিখলেন পুরো কোরআন, ১৮ বছর ধরে বিনা বেতনে শিশুদের পড়ান খাদিজা

সংসারের কাজ সামলে অবসর সময়ে দুই মাসে ৭৩০ পৃষ্ঠায় পবিত্র কোরআন শরীফ হাতে লিখে সম্পন্ন করেছেন নেত্রকোনা সদর উপজেলার গৃহবধূ মোসাম্মৎ খাদিজা আক্তার (৩৫)। শুধু তা-ই নয়, দীর্ঘ ১৮ বছর ধরে গ্রামের শিশুদের বিনা পারিশ্রমিকে কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি। তাঁর এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

খাদিজা আক্তার নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ জজ মিয়া পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সীমিত আয়ের সংসারে নানা ব্যস্ততার মধ্যেও ধর্মীয় শিক্ষা বিস্তার ও আরবি হাতের লেখার চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

খাদিজার আরবি লেখার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। একসময় নিজের হাতের লেখার চর্চা ধরে রাখতে পুরো কোরআন শরীফ হাতে লেখার সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর সহযোগিতায় সাদা কাগজ সংগ্রহ করে লেখা শুরু করেন। এরপর ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে প্রায় দুই মাসের চেষ্টায় ৪০টি কলমের কালি ব্যবহার করে ৭৩০ পৃষ্ঠায় ৩০ পারার সম্পূর্ণ কোরআন শরীফ লেখা শেষ করেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

খাদিজার বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বেলাটি গ্রামে। স্কুলে পড়ার পাশাপাশি বিভিন্ন মসজিদের মক্তবে আরবি শিক্ষা নেন তিনি। পরে স্থানীয় মাওলানা আশরাফুলের কাছে কায়দা ও আমপারা শেষ করে কোরআন পড়া শুরু করেন। তাঁর সুন্দর আরবি হাতের লেখা ও শুদ্ধ তেলাওয়াত দেখে শিক্ষক তাঁকে লেখার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

পরে বড় ভাই ও শিক্ষক মাওলানা আশরাফুলের সহযোগিতায় ঢাকার উত্তরার খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা থেকে ২৫ দিনের মুয়াল্লিমা প্রশিক্ষণ নেন খাদিজা। গ্রামে ফিরে মক্তবে শিশুদের পড়ানো শুরু করেন। পরবর্তী সময়ে বিরামপুরের মুকলেছ সিটি কিন্ডারগার্টেনেও আরবি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০৮ সালের শেষ দিকে জজ মিয়ার সঙ্গে বিয়ের পর আতকাপাড়া গ্রামে বসবাস শুরু করেন খাদিজা। তখন এলাকায় শিশুদের আরবি শেখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তিনি নিজ উদ্যোগে বাড়িতে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া শুরু করেন। ধীরে ধীরে তাঁর বাড়ির উঠানেই গড়ে ওঠে অনানুষ্ঠানিক একটি মক্তব।

বর্তমানে তাঁর মক্তবে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীর নাম তালিকাভুক্ত রয়েছে। প্রতিদিন গড়ে ২৫ জনের মতো শিশু, যাদের অধিকাংশই কন্যাশিশু, আরবি লেখা ও কোরআন তেলাওয়াত শিখতে আসে। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

দীর্ঘ ১৮ বছর ধরে শিশুদের পড়ালেও কোনো শিক্ষার্থীর কাছ থেকে বেতন বা হাদিয়া নেন না খাদিজা। স্বামীর সীমিত আয়ের সংসারেও নিজের উদ্যোগে বিনা পারিশ্রমিকে এই শিক্ষাসেবা চালিয়ে যাচ্ছেন তিনি।

ব্যক্তিজীবনেও কঠিন সময় পার করতে হয়েছে খাদিজাকে। তিন পুত্রসন্তানের মধ্যে মেজো সন্তানকে হারিয়েছেন তিনি। সেই শোক সামলে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

কেন বিনা পারিশ্রমিকে শিশুদের পড়ান এবং পুরো কোরআন হাতে লেখার অনুপ্রেরণা কোথায় পেয়েছেন—এমন প্রশ্নের জবাবে খাদিজা আক্তার বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনি এই কাজ করেন। অবসর সময় ভালো কাজে ব্যয় করা এবং নিজের হাতের লেখার চর্চা ধরে রাখাও তাঁর উদ্দেশ্য। শিশুদের পড়ানোর মাধ্যমে নিজের চর্চা বজায় থাকে, পাশাপাশি সওয়াবের আশাও করেন তিনি।

প্রাতিষ্ঠানিক বড় কোনো ডিগ্রি কিংবা আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের ইচ্ছাশক্তি, ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন খাদিজা আক্তার। হাতে লিখে সম্পূর্ণ কোরআন শরীফ শেষ করা এবং দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুতা আমদানির কড়াকড়িতে বিপাকে তৈরি পোশাক খাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ এম


সুতা আমদানির কড়াকড়িতে বিপাকে তৈরি পোশাক খাত

দেশে সুতা আমদানির কড়াকড়িতে বিপাকে পড়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। উদ্যোক্তাদের অভিযোগ, বন্ড সুবিধা বাতিল হওয়ার ফলে দেশীয় সুতার প্রতি কেজিতে দাম ৩০ থেকে ৪০ সেন্ট পর্যন্ত বেড়ে গেছে। এর ফলে পণ্য উৎপাদনে খরচ বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিযোগিতা সক্ষমতা কমছে। যদিও বস্ত্রকল মালিকরা দাবি করছেন, সুতার দামে উচ্চমূল্য নয় বরং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় শিল্প রক্ষা এবং কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করতে অর্থনীতিবিদরা সমন্বিত পরিকল্পনার তাগিদ দিয়েছেন।

দেশে টেক্সটাইল মিলের সংখ্যা ১ হাজার ৮০০-এর বেশি। এর মধ্যে স্পিনিং বা সুতাকল রয়েছে ৫২৭টি। এই স্থানীয় সুতাকলগুলো দেশের নিট পোশাকশিল্পের প্রায় ৮০ শতাংশ এবং ওভেন শিল্পের প্রায় ৪০ শতাংশ সুতার চাহিদা পূরণ করে।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় সুতাকলকে সুরক্ষা দিতে গত ৭ সেপ্টেম্বর ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আনার সুযোগ রাখা হয়েছে। শিল্প মালিকদের বক্তব্য, আমদানির বিপরীতে আগাম গ্যারান্টি দেওয়ার আর্থিক সক্ষমতা সব উদ্যোক্তার নেই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্যাংক গ্যারান্টির নাম মুখ দিয়ে উচ্চারণ করার আগে কিছু কোল্যাটারাল সিকিউরিটি নিয়ে সেখানে হাজির হতে হবে। তা না হলে ব্যাংক গ্যারান্টি পাবে না।’

এছাড়া, আমদানি সুযোগ সীমিত হওয়ার পর দেশীয় বাজারে বেড়েছে সুতার দাম। রপ্তানিকারকদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতি কেজি ৩০ কাউন্টের কটন সুতার দাম ছিল ৩ ডলার ১৫ থেকে ৩ ডলার ২০ সেন্ট; বর্তমানে তা বেড়ে ৩ ডলার ৫০ থেকে ৩ ডলার ৬০ সেন্টে পৌঁছেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, ‘বাড়তি দামে সুতা কিনে ওভারহেড খরচ বাড়িয়ে ব্যাংককে উচ্চ মুনাফা দিয়ে কারখানা টিকিয়ে রাখা সম্ভব নয়।’

যদিও বস্ত্রকল মালিকরা বলছেন, বন্ড সুবিধা বাতিল হওয়ার ফলে বাজারে দেশীয় সুতার সরবরাহ বাড়ছে। অযৌক্তিক দামবৃদ্ধির বিষয়ে নজরদারি রয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ)।

সংগঠনটির সাবেক সহসভাপতি সালেউদ জামান খান বলেন, ‘আমাদের খরচ এবং আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিল রেখে সুতার দাম নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের সুতার দাম বেশি রাখার সুযোগ নেই। বিটিএমএর সদস্য মিলগুলোকেও বলা হয়েছে যেন তারা সুতার দাম বেশি না নেয়।’

এমন বাস্তবতায় এনবিআরের আদেশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় শিল্প রক্ষার পাশাপাশি কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এটার জন্য আলাদাভাবে চাপের দরকার নেই। যখনই আমদানিকৃত সুতা কম দামে আসতে শুরু করবে, তখন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় সুতারও দাম কমবে।’

বর্তমানে বছরে ৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যার সিংহভাগ আসে নিটওয়্যার খাত থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিলানে পোষা কুকুরের ইশারায় গাছের নিচে নবজাতক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ এম


মিলানে পোষা কুকুরের ইশারায় গাছের নিচে নবজাতক উদ্ধার

ইতালির মিলানের একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পোষা কুকুরের আচরণ সন্দেহজনক হওয়ায় ৫৮ বছর বয়সী সান্দ্রা নামের এক নারী ব্যাগটি খুলে শিশুটিকে দেখতে পান। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।

ইতালির সংবাদমাধ্যম Corriere della Sera ও La Repubblica-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সান্দ্রা তাঁর পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন। এ সময় কুকুরটি রাস্তার পাশে একটি গাছের নিচে রাখা নীল প্লাস্টিকের ব্যাগের কাছে গিয়ে ঘ্রাণ নিতে শুরু করে।

প্রথমে সান্দ্রা ধারণা করেছিলেন যে ব্যাগের ভেতরে কুকুরের ছানা থাকতে পারে। তবে ব্যাগটি নড়াচড়া করতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি ব্যাগটি খুলে ভেতরে একটি নবজাতককে দেখতে পান।

সান্দ্রা জানান, ব্যাগটি দুটি শক্ত গিঁট দিয়ে বাঁধা ছিল এবং শিশুটিকে একটি চাদরে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল। ব্যাগের ফাঁকা জায়গাগুলো মোজা ও সোয়েটার দিয়ে পূর্ণ করা ছিল। ব্যাগ খোলার পর শিশুটি জোরে কেঁদে ওঠে।

ঘটনার পর সান্দ্রা জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত জরুরি সেবার অপারেটরের নির্দেশনা অনুসরণ করে তিনি নিজের সোয়েটার দিয়ে শিশুটিকে জড়িয়ে উষ্ণ রাখার চেষ্টা করেন।

পরে শিশুটিকে মিলানের নিগুয়ার্দা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তাকে উষ্ণ করার চিকিৎসা দেওয়ার পাশাপাশি হালকা অক্সিজেন সহায়তা দেওয়া হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে এবং বিশেষ চিকিৎসা তত্ত্বাবধানে আছে।

এদিকে, নবজাতককে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতালিতে পরিচয় গোপন রেখে হাসপাতালে সন্তান প্রসব এবং নবজাতককে নিরাপদে রেখে যাওয়ার আইনি সুযোগ রয়েছে। এই ব্যবস্থা থাকা সত্ত্বেও শিশুটিকে প্লাস্টিকের ব্যাগে ফেলে দেওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ এম


দেশের বাজারে সোনার নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে সোনা বিক্রি বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে সোনার দাম পরিবর্তনের কোনো নতুন ঘোষণা আসেনি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর, বাজুস তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল। চার দিনের ব্যবধানে এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের ঘোষিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ এম


হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

হবিগঞ্জের বাহুবলে, বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু ঘটেছে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

নিহত দ্বীপ শীল নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের পুত্র। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও, কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি অর্জন করেছিল। হাস্যোজ্জ্বল মুখ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়েই অনেকের প্রিয় হয়ে উঠেছিল সে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওতে শিশুটির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এবং ধীরে ধীরে সে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী শিশুর মৃত্যু ঘটেছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এদিকে দ্বীপের অকালমৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেজে প্রকাশ করেন তার কাকা বিপ্লব শীল। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ শোক ও সমবেদনা জানিয়ে মন্তব্য করেন। অনেকেই শিশুটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।

মাত্র তিন বছর বয়সে দ্বীপের এমন অকালমৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। যে শিশুটিকে কিছুদিন আগেও বিভিন্ন ভিডিওতে হাসিখুশি দেখা যেত, তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%