০৯:০৭ এম
ইতালির মিলানের একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পোষা কুকুরের আচরণ সন্দেহজনক হওয়ায় ৫৮ বছর বয়সী সান্দ্রা নামের এক নারী ব্যাগটি খুলে শিশুটিকে দেখতে পান। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
ইতালির সংবাদমাধ্যম Corriere della Sera ও La Repubblica-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সান্দ্রা তাঁর পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন। এ সময় কুকুরটি রাস্তার পাশে একটি গাছের নিচে রাখা নীল প্লাস্টিকের ব্যাগের কাছে গিয়ে ঘ্রাণ নিতে শুরু করে।
প্রথমে সান্দ্রা ধারণা করেছিলেন যে ব্যাগের ভেতরে কুকুরের ছানা থাকতে পারে। তবে ব্যাগটি নড়াচড়া করতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি ব্যাগটি খুলে ভেতরে একটি নবজাতককে দেখতে পান।
আরও পড়ুন: সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকচালকদের প্রতিবাদের কারণে পণ্য আমদানি বন্ধ
সান্দ্রা জানান, ব্যাগটি দুটি শক্ত গিঁট দিয়ে বাঁধা ছিল এবং শিশুটিকে একটি চাদরে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল। ব্যাগের ফাঁকা জায়গাগুলো মোজা ও সোয়েটার দিয়ে পূর্ণ করা ছিল। ব্যাগ খোলার পর শিশুটি জোরে কেঁদে ওঠে।
ঘটনার পর সান্দ্রা জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত জরুরি সেবার অপারেটরের নির্দেশনা অনুসরণ করে তিনি নিজের সোয়েটার দিয়ে শিশুটিকে জড়িয়ে উষ্ণ রাখার চেষ্টা করেন।
পরে শিশুটিকে মিলানের নিগুয়ার্দা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তাকে উষ্ণ করার চিকিৎসা দেওয়ার পাশাপাশি হালকা অক্সিজেন সহায়তা দেওয়া হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে এবং বিশেষ চিকিৎসা তত্ত্বাবধানে আছে।
এদিকে, নবজাতককে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতালিতে পরিচয় গোপন রেখে হাসপাতালে সন্তান প্রসব এবং নবজাতককে নিরাপদে রেখে যাওয়ার আইনি সুযোগ রয়েছে। এই ব্যবস্থা থাকা সত্ত্বেও শিশুটিকে প্লাস্টিকের ব্যাগে ফেলে দেওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন