০৮:২৬ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী দুই বছরের জন্য আবারও জেলা আমীরের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
মানিকগঞ্জ শহরের শহীদ তিতুমীর অডিটরিয়ামে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব উল্লেখ করেন, "একটি ইসলামী সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আরও জোরালো হয়েছে।" তিনি বলেন, জনগণের এই প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি, সামর্থ্য ও যোগ্যতা নিয়ে মাঠে-ময়দানে কাজ করে যেতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে একটি আদর্শ ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম এর আগেও মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুকনদের ভোটে পুনর্নির্বাচিত হওয়ার মাধ্যমে ২০২৭-২০২৮ সাংগঠনিক কার্যকালেও তিনি এ দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন