১১:৫৬ পি.এম
বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ফ্রান্স সফরের সময় ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কয়েক সপ্তাহের প্রস্তুতি ও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক আগ্রহ সত্ত্বেও নির্ধারিত সময়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত না হওয়ায় প্রবাসী মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।
আয়োজকরা বলছেন, মন্ত্রীর ব্যস্ত সরকারি সফরসূচি এবং তীব্র দাবদাহের জন্য অনুষ্ঠানটি স্থগিত হয়েছে। তবে, সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে যে, সাংগঠনিক সমন্বয়হীনতা এবং দলীয় অভ্যন্তরীণ কোন্দলগুলোকেও এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীকে সংबর্ধনা এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৫ জুন) প্যারিসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকার পরিকল্পনা করেছিলেন। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা আসে।
আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি
ফ্রান্স বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর ব্যস্ত সরকারি সফরসূচি এবং ফ্রান্সের বিভিন্ন স্থানে চলমান প্রচণ্ড দাবদাহের কারণে অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত সময়সূচি ও ব্যবস্থাপনাগত জটিলতার সৃষ্টি হয়। নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও বাস্তবতা পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের নিরাপত্তার খেয়াল রেখে প্রকৃত পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রের মতে, দীর্ঘদিন ধরে ফ্রান্স বিএনপির সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ অনৈক্য এবং নেতৃত্বের সমন্বয়হীনতা অনুষ্ঠান আয়োজনকে জটিল করে তুলেছে। বিশৃঙ্খলা এড়ানোর জন্য শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলেও তাদের অভিমত।
ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের জানান, তারা স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে ছিলেন। কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু মন্ত্রীর ব্যস্ত সরকারি কর্মসূচি ও চলমান দাবদাহের কারণে সময়মতো অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
মন্ত্রী সফরের সময় নির্ধারিত হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীদের বাড়তি উপস্থিতির কারণে পরিস্থিতি বিরূপ হয়। তিনি বলেন, দীর্ঘ সময় পর একজন মন্ত্রীর আগমন স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তবে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অতিরিক্ত ভিড় ক্ষতিকর ছিল।
আরও পড়ুন: রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জামায়াতের ৭ দিনের আলটিমেটাম জড়িতদের গ্রেপ্তারে
ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা জানান, অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতির আলোকে নেওয়া হয়েছে, যদিও হল বুকিং এবং অতিথি আমন্ত্রণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল।
বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী তার সফরের সময় বিভিন্ন সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবার বিষয় এবং বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন।
সূত্রটি আরও জানাচ্ছে যে, কমিউনিটির উদ্যোগে কোনো অনুষ্ঠান আয়োজনের বা স্থগিতের বিষয়টি সম্পূর্ণ আয়োজকদের নিজস্ব সিদ্ধান্ত। যদিও কমিউনিটির ভেতরে অনুষ্ঠানের ব্যাপক আগ্রহ ছিল, শেষ মুহূর্তে তা স্থগিত হওয়ায় অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্স বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে একাংশ মনে করেন, এমন একটি কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তিতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে অংশ নিতে অপারগতা প্রকাশ করার বিষয়টি নিয়ে মন্তব্য করার সুযোগ কেবল তাঁরই রয়েছে বলে তারা মত দেন।
ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, মন্ত্রী মহোদয় সফর ও সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে বিমানবন্দরে উপস্থিত আছেন। সেখানে মন্ত্রীর নিজ এলাকার কিছু লোকজনের উপস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এটি তিনি ভালোভাবে নেননি। আমাদের মধ্যেও সমন্বয়হীনতা দেখা গেছে। এককেন্দ্রিক নেতৃত্ব আজকের পরিস্থিতির জন্য দায়ী।
আরও পড়ুন: লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় স্থাপন : নাসিমুল গনি
ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ বলেন, একক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। যদি সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তবে যেকোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করে কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে রাজনৈতিক দলগুলোর উদ্যোগে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়; বরং এটি প্রবাসীদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের যোগাযোগ ও সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাই একটি কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় এই কারণে আলোচনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন