শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫২ পি.এম
জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুঞ্জন নিয়ে তিনি বলেন, পলাতক সরকারের দেশে ফিরে আসার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রায় এক হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ২৫ হাজার মানুষ পঙ্গুত্বের জীবনযাপন করছেন বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে।
আকুল মিয়া বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত । আহতদের জরুরী ভিত্তিতে স্পিডবোটযোগে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তরিকুল ইসলাম। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুটি ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুইজন আহত হয়।
এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এসময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় চড়ে হাবিবুল বাসার শিমুল। পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
গত ৩১ অক্টোবর কলিপুরের একটি ধানক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো: হাবিবুল বাসার শিমুল, তাঁর মা জোহুরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের সুজন ও আব্দুল হালিম। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ