০২:৫২ পি.এম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সরকারি খাদ্য কর্মসূচিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে হবে। এ উদ্দেশ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
আজ রবিবার, আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন। এই উপলক্ষে তিনি খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনা, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ এবং ভোক্তাদের জন্য খাদ্য সরবরাহসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তার প্রতি আস্থার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে, সমন্বিত প্রচেষ্টায় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন