বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫১ পি.এম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই বাজারে তিনতলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফরকেরহাট বাজারের সর্বস্তরের দোকানদার, মালিকবৃন্দ ও বাজার প্রতিনিধি দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা মানববন্ধন থেকে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ, শতবর্ষী বটগাছ রক্ষা এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ প্রতিহত করার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী হাটে বহুতল আধুনিক ভবনের কোনো বাস্তব প্রয়োজনীয়তা নেই। তারা জানান, দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু হলে হাটের স্বাভাবিক বেচাকেনা স্থবির হয়ে পড়বে। এতে পুরোনো এই হাটের ওপর নির্ভরশীল শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ সভায় বাজার প্রতিনিধি দল ও ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক শতবর্ষী বটগাছ কেটে এবং শত শত মানুষের রুটি-রুজি কেড়ে নিয়ে কোনো উন্নয়ন হতে পারে না।"
বক্তারা আরও বলেন, গ্রামীণ হাট মূলত খোলামেলা জায়গায় জমে ওঠে। তিনতলা ভবনের ভেতরে প্রথাগত গ্রামীণ হাট-বাজার পরিচালনা করা বাস্তবসম্মত নয়। অতীতে বিভিন্ন স্থানে এ ধরনের বহুতল হাট-বাজার নির্মিত হলেও সেগুলো ব্যবসায়িকভাবে জমে ওঠেনি বলে তারা দাবি করেন।
ফরকেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটিকে কেবল ছায়াদাতা বৃক্ষ নয়, বরং অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক হিসেবে উল্লেখ করেন এলাকাবাসী। তারা জানান, উন্নয়নের নামে এই প্রাচীন গাছ কাটার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম এলজিইডির এই অপরিকল্পিত তিনতলা ভবন নির্মাণের প্রকল্প বাতিলের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফরকেরহাট বাজারের ব্যবসায়ী দুলাল মন্ডল, নজরুল ইসলাম, ডাক্তার কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, আব্দুল কাদের প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
আজ বৃহস্পতিবার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।
‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উল্লেখ করেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখতে হবে। এর ফলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন এবং ধূমপায়ীদের মধ্যে তামাক ছাড়ার প্রবণতা বৃদ্ধি পাবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করার সুপারিশ করা হয়, পাশাপাশি কোনো ধরনের নির্ধারিত ধূমপানের স্থান না রাখার, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধ করার এবং এ উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি মনিটরিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করার ওপরও গুরুত্ব দেওয়া হয়, এবং এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুরুষদের মধ্যে একটি সাধারণ ক্যানসার হলো প্রোস্টেট ক্যানসার। প্রাথমিক অবস্থায় অনেকের শরীরে এ রোগের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। তবে রোগটি বৃদ্ধি পেতে থাকলে প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন, যৌন স্বাস্থ্যের সমস্যা অথবা শরীরের বিভিন্ন অংশে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে ক্যানসার হয়েছে, এমন বলা যায় না। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক পরিবর্তনগুলো অবহেলা করা উচিত নয়।
প্রোস্টেট হচ্ছে পুরুষদের মূত্রাশয়ের নিচে অবস্থিত একটি ছোট, আখরোটের মতো গ্রন্থি। এটি একটি তরল তৈরি করে, যা শুক্রাণুকে পুষ্টি দেয়। যখন এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টিউমার তৈরি করে, তখন তাকে প্রোস্টেট ক্যানসার বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এই ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রাথমিক অবস্থায় প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে।
প্রোস্টেট ক্যানসারের সম্ভাব্য পাঁচটি সতর্কসংকেত হলো—
১. প্রস্রাবের ধারায় পরিবর্তন: প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব শুরু করতে দেরি হওয়া, প্রস্রাবের সময় চাপ দিতে হওয়া অথবা থেমে থেমে প্রস্রাব হওয়া প্রোস্টেটের সমস্যার লক্ষণ হতে পারে। টিউমার বড় হলে এটি মূত্রনালিতে চাপ সৃষ্টি করতে পারে।
২. ঘন ঘন প্রস্রাব: বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, হঠাৎ তীব্র চাপ অনুভব করা অথবা প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া দেখা দিতে পারে।
৩. প্রস্রাব বা বীর্যে রক্ত: প্রস্রাব কিংবা বীর্যের সঙ্গে রক্ত বের হওয়া উদ্বেগের লক্ষণ। এটি সংক্রমণ বা প্রদাহের কারণেও হতে পারে। তবে প্রোস্টেটের অস্বাভাবিকতা বা ক্যানসারের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে।
৪. যৌন স্বাস্থ্যে পরিবর্তন: লিঙ্গোত্থানে সমস্যা, তা ধরে রাখতে অসুবিধা অথবা বীর্যপাতের সময় ব্যথা প্রোস্টেটের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
৫. কোমর ও শ্রোণিতে ব্যথা: ক্যানসার প্রোস্টেটের বাইরে ছড়িয়ে হাড়ে পৌঁছালে কোমর, নিতম্ব, উরু বা শ্রোণিতে দীর্ঘস্থায়ী ব্যথা অথবা শক্তভাব দেখা দিতে পারে। এটি রোগের অগ্রসর পর্যায়ের লক্ষণ হতে পারে।
এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, একই ধরনের সমস্যা অন্য রোগেও হতে পারে। তাই উপসর্গের ভিত্তিতে নিজে থেকে ক্যানসার নির্ণয় না করে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, সাবেক রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধি মহলে পরিচিত মুখ হিসেবে জমায়েত হোসেন খোকন চৌধুরী রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর, ২০২৬ : রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। তারা এ সময় বিভিন্ন স্লোগান প্রদান করে।
ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বাসসকে জানিয়েছেন, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ