ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার মারা গেছেন


সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার মারা গেছেন

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে নেওয়াজ আলী সর্দারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদদীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সাংবাদিক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেওয়াজ আলী সর্দারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৮ পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ এম


৭৮ পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন

সরকার একযোগে ৭৮ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি প্রদান করে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি আলাদা অফিস আদেশ জারি করেছে। প্রথম আদেশে ৬৭ জন, দ্বিতীয় আদেশে ১০ জন এবং তৃতীয় আদেশে একজন পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরিত আদেশগুলোতে উল্লেখ করা হয়েছে যে, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছে। তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে যোগদান প্রতিবেদন জমা দিতে হবে। উল্লেখ্য, এসব পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ এম


মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনার পর বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্রুত মামলা গ্রহণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি হামলার পেছনে কারা জড়িত এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান জানান, দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা রানাকে ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় রানাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

হামলার কারণ সম্পর্কে শফিকুর রহমান জানান, মেজর আখতারুজ্জামান এলাকার খেলাধুলা ও সুস্থ বিনোদনের জন্য একটি বড় মাঠ তৈরি করে দিয়েছেন। সম্প্রতি ওই মাঠে মাদকসেবীদের উৎপাত বেড়ে যায়। রানা তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছিলেন। তার দাবি, মাদকসেবীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

জামায়াত আমির বলেন, এ ঘটনায় মেজর আখতারুজ্জামান দুবার থানায় মামলা করতে গেলেও এখন পর্যন্ত তা নথিভুক্ত করা হয়নি। হামলাকারীদের নাম-পরিচয় উল্লেখ করে অভিযোগ দেওয়া সত্ত্বেও মামলা গ্রহণ না করার কারণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। কিন্তু কী কারণে অভিযোগ গ্রহণ করা হচ্ছে না, তা বোধগম্য নয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আইনের ওপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।

এ সময় মেজর আখতারুজ্জামানের সাম্প্রতিক গ্রেফতারের বিষয়টিও তুলে ধরেন শফিকুর রহমান। তার অভিযোগ, বিমানবন্দরে অনিয়ম এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় গত ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের গায়ে হাত তোলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হলেও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের পর হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরানো হয়েছে, যা মানবতার প্রতি অবজ্ঞার শামিল। বিমানবন্দরে সাধারণ যাত্রী ও প্রবাসীদের অধিকার রক্ষায় প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামানকে হয়রানি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ছেলের ওপর হামলার সঙ্গে মেজর আখতারুজ্জামানের গ্রেফতারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত নন জানিয়ে শফিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

তিনি দ্রুত মামলা গ্রহণ, হামলাকারীদের গ্রেফতারের এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পেছনে থাকা মদদদাতাদের শনাক্ত করার দাবি জানান। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সমাজে সন্ত্রাস ও মাদকচক্রের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতালে এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মেজর (অব.) আখতারুজ্জামান, মাওলানা মাহফুজুর রহমান, আতাউর রহমান সরকার ও অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসিবিতে শুরু হয়েছে বারভিডার গাড়ি প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ এম


আইসিসিবিতে শুরু হয়েছে বারভিডার গাড়ি প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে রিকন্ডিশন্ড গাড়ির তিন দিনের প্রদর্শনী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। গতকাল বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে জাপানের আধুনিক ও জনপ্রিয় মডেলের গাড়ির পাশাপাশি সত্তরের দশকের পুরনো গাড়িগুলোও প্রদর্শিত হচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস তুলে ধরার আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে টয়োটা, হোন্ডা, নিশান ও মিত্সুবিশিসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি স্থান পেয়েছে। এর মধ্যে টয়োটা প্রিয়াস, হ্যারিয়ার, করোলা ক্রস, নোয়া, ভক্সি ও আলফার্ডের মতো জনপ্রিয় মডেল অন্তর্ভুক্ত রয়েছে। দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির হাইব্রিড গাড়ির পাশাপাশি পুরনো দিনের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনীর মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখতে পারবেন। পাশাপাশি গাড়ির প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করে নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান অনুষ্ঠানে বলেন, "জাপানি গাড়ি দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" তিনি আরও জানান, এই প্রদর্শনীর মাধ্যমে জাপানি গাড়ির গুণগত মান, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশের অর্থনীতিতে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদান তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

বারভিডার সভাপতি আবদুল হক মন্তব্য করেন, দেশে গাড়ি উৎপাদন, আমদানি এবং যন্ত্রাংশ আমদানি করে সংযোজনের ক্ষেত্রে একই ধরনের শুল্কনীতি থাকা উচিত নয়। তিনি বলেন, "এসব খাতের বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে পৃথক ও ভারসাম্যপূর্ণ করকাঠামো প্রয়োজন।" রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি এই খাতের জন্য বৈষম্যহীন ও জনবান্ধব নীতি প্রণয়নের দাবি জানান।

তিনি আরও বলেন, "বিভিন্ন সময়ে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও ব্যবসার পথ সংকুচিত করার চেষ্টা হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, এই খাতের সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ ও সরকারের রাজস্ব আয় জড়িত। তাই নীতিনির্ধারকদের এই খাতের অবদান বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া উচিত।

যানবাহনের নিবন্ধন ও নিরাপত্তার বিষয়ে বারভিডার সাবেক সভাপতি আব্দুন মান্নান চৌধুরী খসরু বলেন, "সড়কে চলাচলকারী প্রতিটি যানবাহনের সুনির্দিষ্ট পরিচয় ও শনাক্তকরণ ব্যবস্থা থাকা জরুরি।" তিনি জানান, দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহন ও দায়ী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হতে হবে। এ ক্ষেত্রে রিকন্ডিশন্ড গাড়ির চেসিস নম্বর ও আইডেন্টিফিকেশন নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বারভিডার আয়োজনে এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না। তবে দর্শনার্থীদের নিবন্ধন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ এম


ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা এবং তেলবাহী জাহাজে নতুন হামলার ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩০ ডলার বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯০ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ডের দাম ৮ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। ওই দরপতনের ফলে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে জ্বালানি তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট সমাধান না আসায় বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি বিবেচনা করছেন। বিশেষ করে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি করছে।

ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অমীমাংসিত রয়েছে। এ কারণে জ্বালানি তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

অন্যদিকে লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো জানান, মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে মাইন হামলা এবং ড্রোনের মাধ্যমে আক্রমণের খবর বাজারে উদ্বেগ সৃষ্টি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%