ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বাতিল করল ফ্রান্সের আদালত


শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বাতিল করল ফ্রান্সের আদালত

ফ্রান্সের শীর্ষ আদালত ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার একটি বিল আটকে দিয়েছে। আদালত এই সিদ্ধান্ত নিয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার যুক্তিতে। এর ফলে জাতির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন নতুন করে বিলটি লেখার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।

ফ্রান্সে আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। বিলে নির্দেশ দেওয়া হয়েছে যে, ১৫ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। পূর্বে থাকা অ্যাকাউন্টগুলোকে চার মাসের মধ্যে বন্ধ করে দিতে বলা হয়েছে। পাশাপাশি, প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইয়ের অনুমোদিত ব্যবস্থা রাখতে হবে।

তবে, ফ্রান্সের সাংবিধানিক পরিষদ জানিয়েছে, বিলে বয়স প্রমাণের বিষয়টি উল্লেখ থাকলেও এর শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পরিষদ এ কথায় একমত যে, এটি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে বাধাগ্রস্ত করে। তাই প্রেসিডেন্ট ম্যাক্রোঁন আদালতের আপত্তিগুলো লক্ষ্য করে বিলটি সংশোধনের জন্য প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে নির্দেশ দিয়েছেন। ২০২৭ সালের নির্বাচনের আগে তিনি এই সংস্কার কার্যকর করতে চান।

আরও পড়ুন: লন্ডনে ব্যবসায়ীদের মিলনমেলা, ২০ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

গত জুলাইয়ে ফরাসি আইনপ্রণেতারা বিলটিকে অনুমোদন দেন। এর আগে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটকের মতো মাধ্যমগুলো নিষিদ্ধ করে, যা বিশ্বে প্রথম। চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কও তরুণদের জন্য সামাজিক মাধ্যম সীমিত করার একই ধরনের নিয়ম করছে বা করার কথা ভাবছে। ইউরোপীয় ইউনিয়নও শিশুদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে। গুগল, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুরুতর নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলছে, তাদের নিজস্ব ব্যবস্থা আছে শিশুদের সুরক্ষায়। তবে, তারা সরকারি নিয়ম মেনে চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০০ এম


সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

আজ বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি ‘কিলো ফ্লাইট’ কমান্ডার এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসি (অব.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় বাংলাদেশ বিমান বাহিনী পালন করেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি এবং ইউনিটের মসজিদসমূহে বাদ জুমা তার জীবনী নিয়ে আলোচনা, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম ১৯৪৪ সালের ১ আগস্ট তত্কালীন নোয়াখালী (বর্তমানে ফেনী) জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম নূরুল হুদা, এবং মাতার নাম মরহুমা আনকুরেন্নেছা বেগম। তিনি আরমানিটোলা উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৯৬০ সালে পিএএফ পাবলিক স্কুল, সারগোদা, পাকিস্তান থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬২ সালে পিএএফ একাডেমি, রিসালপুর, পাকিস্তান থেকে এফএসসি সম্পন্ন করেন। এরপর ১৯৭৭ সালে তিনি এয়ার স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য যে, তিনি ১৯৬০ সালের ১৯ আগস্ট তদানীন্তন পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেছিলেন এবং ১৯৬২ সালের ১ জুলাই জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ ছিলেন একজন চৌকস বৈমানিক। চাকরিকালীন সময়ে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে তা সম্পন্ন করেন।

এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম ১৯৭১ সালে দেশপ্রেমের অদম্য চেতনায় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অর্জন করেন লাল-সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা ততোকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের বীরত্বগাঁথা এ মহান ইতিহাসের এক অনুকরণীয় অধ্যায়।

তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অদম্য ইচ্ছায় পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ২ নং সেক্টরে (মতিনগর ও মেলাঘর) স্থলযুদ্ধে যোগদান করেন। পরে তিনি ১নং সেক্টরে মুক্তিবাহিনীর বেসামরিক মুক্তিযোদ্ধাদের অধিনায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

স্থলযুদ্ধে তিনি অদম্য সাহসের সাথে রামগড় থেকে চট্টগ্রাম পর্যন্ত অসংখ্য দুঃসাহসিক অপারেশন পরিচালনা করেন। গেরিলা কমান্ডার হিসেবে তার পরিচালিত বড় একটি অভিযান ছিল চট্টগ্রামের মদুনাঘাটে বৈদ্যুতিক সাব-স্টেশন ধ্বংস ও চট্টগ্রাম এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা। এই স্থলযুদ্ধ চলাকালে তিনি ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ সুস্থ হয়ে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে নবগঠিত ‘কিলো ফ্লাইট’-এর অধিনায়কত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনীর নেতৃত্ব প্রদান করেন। তিনি পাইলট ইন কমান্ড হিসেবে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মধ্যরাতে অ্যালুয়েট-ওওও হেলিকপ্টারের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপো ধ্বংস করে প্রথম বিমান আক্রমণ অভিযানের সূচনা করেন।

তার চৌকষ অধিনায়কত্বে ‘কিলো ফ্লাইট’ স্বল্পসময়ের মধ্যে মোট ৫০টি দুঃসাহসিক বিমান অভিযান সাফল্যের সাথে পরিচালনা করে। এর মধ্যে তিনি ২৫টি অভিযানে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেন। আকাশ হতে পরিচালিত এ সকল অভিযানসমূহ শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পাশাপাশি তাদের মনোবল দুর্বল করে, যা আমাদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বীর মুক্তিযোদ্ধা তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ যুগপৎভাবে স্থলযুদ্ধে দুঃসাহসিক অভিযান পরিচালনা, নবগঠিত বিমান বাহিনীর নেতৃত্ব প্রদান এবং আকাশযুদ্ধে অকুতোভয় আক্রমণ পরিচালনা করার মাধ্যমে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেন। মহান মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।

পরবর্তীতে, তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুনর্গঠনে মনোনিবেশ করেন এবং অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করেন। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ ১৯৮১ সালের ২৩ জুলাই বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৮৭ সালের ২৩ জুলাই বর্ণাঢ্য কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় তার অনন্য ভূমিকা, স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং পরবর্তীকালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৮’-এ ভূষিত করে। তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর ১৪ দিন। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিমান বাহিনী তার রুহের মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সম্পাদক আশিক উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০২ এম


বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সম্পাদক আশিক উল্লাস

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন 'বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স'-এর ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ।

এবং সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।

১১ সদস্যের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহসভাপতি অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া, দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়। নবগঠিত কমিটির নেতারা জানান, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবাকে হারানোর শোক নিয়েই অনুশীলনে মেসি, পাশে থাকার বার্তা মায়ামি কোচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ এম


বাবাকে হারানোর শোক নিয়েই অনুশীলনে মেসি, পাশে থাকার বার্তা মায়ামি কোচের

বাবা হোর্হে মেসির প্রয়াণের পর লিওনেল মেসি পুরোদমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ইন্টার মায়ামির ম্যানেজার গুইলারমো হোয়োস এই পরিস্থিতিতে মেসির ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক শান্তির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

হোর্হে মেসি গত ৮ আগস্ট মধ্য আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।

বাবার মৃত্যুর শোক কাটিয়ে গত বুধবার ক্লাব লিওনের বিরুদ্ধে লিগস কাপের ম্যাচে মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে মায়ামি কোচ হোয়োস মনে করছেন, তাকে আরও সময় দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, "আমি মনে করি এই মুহূর্তে নীরবতাই সবচেয়ে সেরা পথ, যা তাকে (মেসি) নিজের মতো করে সময় কাটাতে সাহায্য করবে। আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং সেই নীরবতার সঙ্গী হওয়া। আমার কাছে নীরবতা খুবই গুরুত্বপূর্ণ, যা শেষ পর্যন্ত সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং তার পরিবারও দারুণ।"

গত বুধবার লিওনের বিরুদ্ধে ম্যাচে মেসি শুরুর দিকে বেঞ্চে ছিলেন। পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে অর্থাৎ দ্বিতীয় ৪৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামানো হয়। মাঠে প্রবেশের সময় নু স্টেডিয়ামের পুরো দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

দলের প্রতি মেসির এই একাগ্রতা সম্পর্কে হোয়োস বলেন, "বলারের মতো কোনো ভাষা নেই। মানুষ হিসেবে তার মূল্য তুলে ধরার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমরা খেলোয়াড় হিসেবে তার মূল্যের কথা বলছি না, বলছি বিশাল হৃদয়ের একজন চমৎকার মানুষ হিসেবে তার মূল্যের কথা। কখনো কখনো শব্দ সত্যিই যথেষ্ট নয়।"

আগামী শনিবার এমএলএসের ম্যাচে ন্যাশভিল এসসির বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে মায়ামি। সেই লক্ষ্যে শুক্রবার সকালে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে অংশ নেন মেসি। ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচের পর আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে খেলতে যাবে মায়ামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:১০ এম


মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী

 

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও তিনি দলীয় মহাসচিব কিংবা স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন, তাঁকে প্রথমে প্রার্থিতা জমা দিতে হবে। নির্বাচন কমিশন তার প্রার্থিতা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত হওয়ার পরে যখন শপথ নেওয়ার সময় আসবে, তখন পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব। তিনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন।’

মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর ও গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোথাও গুঞ্জন লিখেছেন, আমি আপনাদের বলব অহেতুক গুঞ্জন না ছড়িয়ে একটু ধৈর্য ধরুন। যেমন আপনারা ধৈর্য ধরেছিলেন কে বিএনপির প্রার্থী হবেন। আলহামদুলিল্লাহ, গতকাল প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে ঘোষণা করেছেন—আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি এবং আমাদের সংসদীয় গ্রুপ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়েছে। তিনি মনোনয়ন জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। ভোট হোক, শপথের আগে পদত্যাগ আসবে। শপথের আগে পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।’

এ সময় মন্ত্রিসভা বা দলের দায়িত্বে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, এটি সংসদীয় গণতন্ত্রে স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে দায়িত্বে পরিবর্তন আনতে পারেন।

তিনি বলেন, ‘এটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী মনে করলে যাকে দিয়ে ভালো কাজ করানো সম্ভব সে অনুযায়ী পরিবর্তন আনতে পারেন। সবাই কাজ করছেন। তবে টিমের মধ্যে আরও ভালোভাবে জনগণের জন্য কাজ করার সুযোগ তৈরি করতে প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে সে পরিবর্তন আনতে পারেন। সংবিধান ও সংসদ তাকে সেই ক্ষমতা ও দায়িত্ব দিয়েছে।’

তবে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে বিএনপির ভেতর থেকে এর আগে ভিন্ন তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এর একদিন পরই বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মির্জা ফখরুলের পদত্যাগের খবরকে ‘গুঞ্জন’ বলে উল্লেখ করেন এবং বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ও শপথের আগে তার পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%