ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী


ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

ঢাকা জেলার ধামরাইয়ে একটি বিশেষ অভিযানে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে একটি হোয়াটস অ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে রোববার (৩১ মে) রাতের পর ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

গ্রেপ্তারকৃতদের নাম হলো মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) এবং রিপন (২৬)। তাদের সকলের বাড়ি ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় অবস্থিত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববারের দিবাগত রাত দেড়টায় ডিবি (উত্তর)-এর এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে আসামিদের আটক করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামরিক জাঁকজমকে মালয়েশিয়ার রাজার জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সামরিক জাঁকজমকে মালয়েশিয়ার রাজার জন্মদিন উদযাপন

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের জন্মদিন পূর্ণ রাজকীয় মর্যাদা এবং সামরিক জাঁকজমকের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১ জুন) রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় এই উপলক্ষে ২০২৬ সালের ফেডারেল পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমকালো এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে রানির উপস্থিতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল রাজদম্পতিকে স্বাগত জানানো হয়। এসময় মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, সরকারের শীর্ষস্থানীয় নেতারা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রাজার জন্মদিন উপলক্ষে দিনটিতে দেশজুড়ে সরকারি ছুটি ছিল।

অনুষ্ঠানের শুরুতে রাজপ্রাসাদ চত্বরে রয়্যাল মালয় রেজিমেন্টের ১ম ব্যাটালিয়নের একটি চৌকস দল রাজদম্পতিকে রাজকীয় সালাম (রয়্যাল স্যালুট) প্রদান করে। এসময় জাতীয় সংগীত ‘নেগারাকু’ পরিবেশনের পাশাপাশি রাজার রাজকীয় পতাকা উত্তোলন করা হয় এবং রয়্যাল আর্টিলারি ২১ বার তোপধ্বনির মাধ্যমে সার্বভৌম রাষ্ট্রপ্রধানের প্রতি বিশেষ সামরিক সম্মান প্রদর্শন করা হয়।

এরপর রাজা সুলতান ইব্রাহিম গার্ড অব অনার পরিদর্শন করেন। ২০২৪ সালের ২০ জুলাই মালয়েশিয়ার রাজা হিসেবে দায়িত্ব নেয়ার পর সুলতান ইব্রাহিমের শাসনামলে এটি ছিল তৃতীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।

পরবর্তীতে প্রাসাদের মূল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পদক ও সম্মাননা প্রদান পর্ব শুরু হয়। এ বছর রাজার সরকারি জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৬১ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেডারেল পুরস্কার, পদক ও সম্মাননা প্রদান করা হয়।

এর মধ্যে মূল অধিবেশনে ১৪৪ জন প্রাপকের হাতে রাজা নিজে এই সম্মাননা তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিদানের ছেলেকে রেখে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


জিদানের ছেলেকে রেখে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। বাবা জিদানের মতো তিনি একজন ফুটবলার হলেও লুকার অবস্থান ভিন্ন। লুকা একজন গোলরক্ষক। এবং সবচেয়ে বড় পার্থক্য হলো, যেখানে জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, সেখানে তার ছেলে লুকা বেছে নিয়েছেন আলজেরিয়ার জার্সি।

২৮ বছর বয়সী এই গোলরক্ষক ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নেমেছেন। এইবার তিনি আরও বড় একটি অর্জন হিসেবে আলজেরিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। কোচ ভ্লাদিমির পেটকোভিচ আজ দল ঘোষণা করেছেন।

দলের অধিনায়ক হিসেবে থাকবেন সৌদি ক্লাব আল আহলির তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।

লুকা জিদানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের যুব দলে। তিনি অনূর্ধ্ব-২০ পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। তবে গত বছর তিনি সিদ্ধান্ত বদলে সিনিয়র পর্যায়ে আলজেরিয়ার হয়ে খেলার ঘোষণা দেন। তার দাদা-দাদি আলজেরিয়ান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সম্ভব হয়েছে।

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া রয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে।

আলজেরিয়ার বিশ্বকাপের দল হলো:

গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।

ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।

মিডফিল্ডার: হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।

ফরোয়ার্ড: আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন পরিবহনকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন পরিবহনকে জরিমানা

ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান চলাকালে তিনটি পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষের যাত্রাকে নিরাপদ রাখার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিটি বাস কাউন্টারে নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা যাচাই করা হয়। বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত এবং অভিযোগসমূহও যাচাই-বাছাই করা হয়।

এই অভিযানে বিআরটিএ কর্তৃক নির্ধারিত হারের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে ১৮ হাজার টাকার জরিমানা করা হয়। একইসাথে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়। এ ছাড়া জামান বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেওয়ার কোন সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, "আমরা আজ যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, সকালে মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, সকালে মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে পুলিশ নারীর ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ‘হোটেল রয়েল পার্ক’-এর ৪০৯ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত দুজন রবিবার (৩১ মে) রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ নামের হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে।

অন্যদিকে, কক্ষ থেকে একটি জাতীয় পরিচয় পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। ওই এনআইডি কার্ডে নারীর নাম লেখা সোনিয়া। কিন্তু হোটেলে দেওয়া তথ্য ও পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%