শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৪৪ পি.এম
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর, ক্লাব ফুটবলেও নেইমার জুনিয়রকে কতদিন দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠের ফুটবলকে বিদায় জানানোর পর তিনি কীভাবে নিজের জীবনকে সাজাবেন, সে বিষয়ে মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের এই তারকা অবসরের পর প্রথম পুরো একটি বছর কোনো পেশাদার দায়বদ্ধতা ছাড়া কেবল ‘অলস’ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
ব্রাজিলে ‘ভারান্দা গুরমে’ নামক এক অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার অবসরোত্তর পরিকল্পনা এবং মাঠের বাইরের জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন। পেশাদার ফুটবলের দীর্ঘদিনের কঠোর নিয়মকানুন থেকে মুক্তি পেয়ে তিনি নিজের স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে চান। অবসরের প্রথম বছরের পরিকল্পনা নিয়ে হাসতে হাসতে নেইমার বলেন, “অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিছু করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন—আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ আমার কিছু করতে ইচ্ছা করছে না, তো কিছু করব না।”
অবসরের পর কখন আনন্দের জন্য ফুটবলে ফিরবেন কিংবা কখন অলস সময় কাটাবেন—সে সিদ্ধান্তও সম্পূর্ণ নিজের মতো করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা। সাক্ষাৎকারে তিনি নিজের সন্তানদের সঙ্গে দৈনন্দিন জীবন নিয়েও কথা বলেন। নিয়মিত অনুশীলন ও ফিজিওথেরাপি সেশনের চরম ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারের জন্য সময় বের করে নেন। সন্তানরা যা পছন্দ করে, সে অনুযায়ী সময় কাটানোকে প্রাধান্য দেন এই ব্রাজিলিয়ান তারকা।
মেয়ের পছন্দ প্রসঙ্গে নেইমার জানান, তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’-এর মতো অ্যানিমেটেড সিনেমা খুব পছন্দ করে। তাই ব্যস্ত রুটিনের ফাঁকে মেয়ের পাশে বসে সিনেমা দুটি উপভোগ করেন তিনি। মাঠের রাজত্ব শেষে নেইমার যে নিজের মতো করে সাধারণ এক পারিবারিক ও স্বাধীন জীবন উপভোগের অপেক্ষায় আছেন, তা তার এই সাক্ষাৎকারেই স্পষ্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর ৩৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেফতার করেছে।
গ্রেফতারের ঘটনা ঘটে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ২৩ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন যে, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
মন্ত্রী শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি কোম্পানিগঞ্জের চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, এর ফলে এলাকার মানুষ উপকৃত হবে এবং পর্যটন সুবিধা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হবে।
সিলেট নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান। এ সময় আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ।
মন্ত্রী প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জের বর্তমান স্থলবন্দরের সঙ্গে ভবিষ্যতে আরও একটি বন্দর স্থাপনের আশ্বাস দেন। জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, বিদেশ যাওয়ার আগে আমাদের জনশক্তিকে ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে যে দেশে যাবেন, সেই দেশের ভাষার ওপর অন্তত প্রাথমিক দক্ষতা নেওয়া প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা নদীর তীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজী প্রমুখ।
বক্তারা জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার একটি বালুখেকো চক্র ইজারা ছাড়াই অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। তারা দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে মেঘনার তীরবর্তী কৃষিজমি থেকে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগ, অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে প্রায় ১শত একর চরের জমি নদীতে বিলীন হয়ে গেছে।
বক্তারা আরও বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী কৃষিজমিগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে কৃষিজমি হারিয়ে গ্রামের সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেক কৃষক তাদের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়ে পড়েছেন।
এই অবস্থায় বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদের প্রতিহত করার ঘোষণা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এই সামিটের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি (ইকুইপমেন্ট) নেই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও চোখে পড়ে না।”
এ সময় তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, “একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে। পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
সামিটে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলরা তাদের বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামি শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবি নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া প্রকৌশলী, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশাজীবী ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ