ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নাচোল থানার ওসির চেয়ারে পা তোলা ‘এআই’ ছবি ভাইরাল: যুবকের শাস্তির দাবি নিয়ে চলছে তোলপাড়


নাচোল থানার ওসির চেয়ারে পা তোলা ‘এআই’ ছবি ভাইরাল: যুবকের শাস্তির দাবি নিয়ে চলছে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দেওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টের পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ছবি ভাইরাল হওয়ার পর নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত কক্ষে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে রেখেছেন। তার দুপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে জোড়হাতে বিনতি করছেন। ছবিটি বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফেসবুকে ছবিটি ছড়ানোর পর স্থানীয় বাসিন্দারা যুবকের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, ছবিটি যদিও কৃত্রিমভাবে বানানো, তবে দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাদের হেয় প্রতিপন্ন করা গুরুতর অপরাধ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপপ্রচার বন্ধে ও যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, "আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বা বানানো (এআই জেনারেটেড) হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ।" তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। আপত্তিকর ছবিটির উৎস এবং পেজের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট যুবকের খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে হঠাৎ বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন মোটর শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ভণ্ডুল হওয়ার পরে সোমবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এতে করে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের শত শত যাত্রী চরম ভাবে দুর্ভোগে পড়ছেন।

জানা গেছে, শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে মতবিরোধের কারণেই এ কর্মবিরতি ঘটছে। আকস্মিকভাবে নেওয়া এই সিদ্ধান্তের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী বিকল্প পরিবহনের খোঁজে ছোটাছুটি করতে বাধ্য হন।

সংশ্লিষ্ট সূত্রপরিচিত মতে, সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচনের আয়োজন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

তবে, এই নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এই সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়ে যায়।

বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। ফলে ঢাকা সহ বিভিন্ন দূরপাল্লা ও আন্তঃজেলা গন্তব্যের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে গঠন করা হয়েছে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


জাতীয় সংসদে গঠন করা হয়েছে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সংসদ ভবনে, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) অনুযায়ী, জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটির গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য মো. আবুল কালাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন বরিশাল-৩ আসনের বিএনপি দলীয় সদস্য জয়নুল আবেদীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলতে গিয়ে আটক, নিজ খরচে পরিষ্কারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলতে গিয়ে আটক, নিজ খরচে পরিষ্কারের নির্দেশ

ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে সড়কে ময়লা ফেলতে গিয়ে এক ব্যক্তি উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছেন। পরে তাকে শাস্তি হিসেবে নিজ খরচে সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদমতলী গোলচত্বরে নিয়মিত তদারকির সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক আনোয়ার হোসেন (৫৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

ইউএনও জানান, পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে ময়লা ফেলা প্রতিরোধে অভিযান ও নজরদারি চালানো হচ্ছিল। এ সময় আনোয়ার হোসেনকে রাস্তায় ময়লা ফেলতে দেখে আটক করা হয়।

তিনি বলেন, অভিযুক্তের বয়স বিবেচনায় কারাদণ্ড বা অর্থদণ্ড না দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে নিজ ব্যয়ে সড়কে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এ তদারকি কার্যক্রম চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা: শফিক বাহিনীর প্রধান রাজধানীতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা: শফিক বাহিনীর প্রধান রাজধানীতে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে দস্যু শফিক বাহিনীর প্রধান ও ১৫ মামলার আসামি শফিককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার পর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-৯ এবং র‍্যাব-১০ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করেন।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ এর অধিনায়ক মো. নুরুন্নবী জানান, গত ১১ মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর চার সদস্য গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুরে যাচ্ছিলেন। সেই সময় নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে পৌঁছানো মাত্র, আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাত শফিক বাহিনীর প্রধান শফিক এবং তার বাহিনীর সদস্যরা র‍্যাবের ওপর আকস্মিকভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় শফিক ডাকাত তাদের ৩ ঘণ্টা আটক রেখে নির্যাতন চালায় এবং পরে তাদের নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চার গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এর মধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত লাগে, হাবিলদার রাশেদ ডান হাত, কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর র‍্যাব রাতভর অভিযান চালিয়ে মোট ৯ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। তবে আগে কুখ্যাত ডাকাত সর্দার শফিক পালিয়ে যায়। প্রায় দুই মাস পরে একটি বিকাশ একাউন্টের সূত্র ধরে র‍্যাব-৯ এর সদস্যরা শফিক ডাকাতের অবস্থান জানতে পারে। পরে রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আউলাহাটির রিয়াজ উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ইতোপূর্বে নবীনগর থানা পুলিশ ও র‍্যাবের ওপর হামলা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা, ধর্ষণ ও পর্ণোগ্রাফি সহ ১৫টিরও অধিক মামলা শফিকের বিরুদ্ধে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%