মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
১১:২১ পি.এম
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ তামিম আহমেদ সবুজ।
অভিযোগকারী মোহাম্মদ তামিম আহমেদ সবুজ (৩০), পিতা: মো. লেবু ফকির, গ্রামের বাড়ি বালিজুড়ী পশ্চিমপাড়া, মাদারগঞ্জ উপজেলা, জামালপুর জেলা। তিনি আসন্ন মাদারগঞ্জ পৌরসভার নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
ভুক্তভোগীর দাবি, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তিনি অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাঁর নামে আপত্তিকর ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ভিডিও ও ছবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রচার করা হয়েছে।
মোহাম্মদ তামিম আহমেদ সবুজ জানান, তিনি ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এ কারণে তাঁর জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় তিনি মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুয়া তথ্য ও এআই-নির্মিত বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি'র নির্দেশনায় বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অভিভাবকদের জন্য এ বিশেষ ব্যবস্থা করেছেন। ছাত্রদল নেতা হীরা রহমান সাদ্দাম ও রবিউল ইসলাম জানান যে, সরকারি গৌরনদী কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে, আর এই কারণে পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর দীর্ঘ সময় ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে রোদ ও বৃষ্টির মধ্যে অভিভাবকদের অপেক্ষা করতে হতে হয়। এটি তাদের জন্য খুবই অস্বস্তিকর। বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রের বাইরের জন্য ছাউনি ও চেয়ার দিয়ে বিশ্রামালয় তৈরি করে দেওয়া হয়েছে। সেইসাথে, গরমে কেউ যাতে পানির কষ্ট অনুভব না করে, তার জন্য সুপেয় পানির ফিল্টারও স্থাপন করা হয়েছে।
তারা আরো জানান যে, পরীক্ষা শুরুর দিন থেকেই বিশ্রামালয় ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থা পরীক্ষা শেষদিন পর্যন্ত চালু থাকবে। কয়েকজন অভিভাবক জানিয়েছেন যে, এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিশ্রামালয়টি প্রত্যেক অভিভাবকদের জন্য এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। ছাত্র নেতাদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এভাবেই এগিয়ে আসা উচিত। এই বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, বিশ্রামালয় তৈরি আমাদের জন্য কোনো রাজনৈতিক কর্মসূচী নয়, বরং অপেক্ষারত অভিভাবকদের জন্য বিশ্রামালয় বানানো কর্তব্য। এই দায়িত্ববোধ থেকেই বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করে ছাত্রদলের নেতাকর্মীরা সর্বত্র প্রশংসিত হয়েছেন। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের জাফলংয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ, যিনি ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সহপাঠী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, অষ্টম শ্রেণির চলমান পরীক্ষার পর তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগানের এলাকায় ঘুরতে বের হয়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট কুইন্স এবং নুরজাহান হাসপাতালে ভর্তি করা হলে রোববার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানিয়েছেন, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। এ তথ্য তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে প্রকাশ করেছেন।
স্ট্যাটাসে তিনি পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় জেলার মানুষের সমর্থন সবসময় তাকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত বাজার তদারকি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অসাধু ব্যবসায়ীদের জরিমানা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এসব কার্যক্রমের কারণে অনেকের কাছে তিনি শুধু একজন কর্মকর্তা নন, বরং ‘রনি’ নামেই আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
স্ট্যাটাসে তিনি আরও জানান, তার কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর আগে দুই দফা ধন্যবাদ জানানো হয়েছিল। সর্বশেষ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস-১ থেকে তাকে সাক্ষাতের বিষয়ে অবহিত করা হয়েছে, যা আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি আরও লেখেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। জীবনের শেষদিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে পারেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও আলজেরিয়ার স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং মুক্তির চেতনার মধ্যে গভীর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মন্তব্য করেন, আলজেরিয়া মুক্তি লাভের জন্য ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর বাংলাদেশ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে।
উভয় দেশের জন্য লাখো শহীদ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রবিবার (৫ জুলাই) ঢাকায় আলজেরিয়ার ৬৪তম স্বাধীনতা দিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফাসহ ব্যবসায়ী, বিশিষ্টজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার যুবসমাজ স্বাধীনতার জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছে। তাদের কাছ থেকে নতুন প্রজন্মের শেখার সবচেয়ে বড় বিষয় হলো দেশের জন্য আত্মনিবেদন ও দেশপ্রেম।
দুই দেশের সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন এবং এর সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফার ভূমিকাকে সাধুবাদ জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, আলজেরিয়া একটি প্রাকৃতিক ও খনিজসম্পদে সমৃদ্ধ দেশ। দেশটি ইউরোপের মোট গ্যাস আমদানির প্রায় ১৪ শতাংশ সরবরাহ করে, যা এর কৌশলগত গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। একই সঙ্গে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স বিশ্বের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন শহর।
মন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের জন্য শক্তিশালী নেটওয়ার্ক, বাণিজিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব প্রয়োজন। বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বিশ্বাস করে শান্তিপূর্ণ সহাবস্থানের।
দুই দেশের পতাকার সবুজ ও লাল রঙের মধ্যেও স্বাধীনতার চেতনার প্রতীকী মিল রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি মন্তব্য করেন, আলজেরিয়ার স্বাধীনতা কেবল একটি দেশের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ইতিহাস নয়; বরং এটি বিশ্বব্যাপী মানবিক মর্যাদা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য প্রতীকেরূপে বিবেচিত। আলজেরিয়ার জনগণের আত্মত্যাগ বর্তমানে বিশ্বের মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, ১৯৬২ সালের ৫ জুলাই ১৩২ বছরের ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে আলজেরিয়া। একই দিনে দেশটিতে জাতীয় যুব দিবসও পালিত হয়, কারণ স্বাধীনতা সংগ্রামে তরুণদের অবদান ছিল সবচেয়ে বেশি। এবারের প্রতিপাদ্য ছিল ‘দ্য লেগ্যাসি অব জেনারেশনস’ বা ‘প্রজন্মের উত্তরাধিকার’, যা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী পূর্বসূরিদের স্মরণ এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা বহন করে।
রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ ছিল উপনিবেশবিরোধী ইতিহাসের অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রাম। এ যুদ্ধে যথাক্রমে ৫৬ লাখ আলজেরীয় শহীদ হন। স্বাধীনতার পর আলজেরিয়া শুধু নিজের উন্নয়নই নয়, বিশ্বের বিভিন্ন মুক্তি আন্দোলনেও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা ও সহায়তা দিয়েছে। এ কারণে একসময় দেশটিকে ‘বিপ্লবীদের মক্কা’ বলা হতো।
তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, জোটনিরপেক্ষতা ও উপনিবেশবিরোধী নীতিই আলজেরিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। আলজেরিয়া ফিলিস্তিন ও পশ্চিম সাহারা ইস্যুসহ বিশ্বের নিপীড়িত জনগণের ন্যায্য অধিকার পক্ষে সবসময় সোচ্চার।
রাষ্ট্রদূত আরো বলেন, ভূমধ্যসাগর ও সাহেল অঞ্চলের সংযোগস্থলে অবস্থানের কারণে আলজেরিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি ইউরোপের মোট গ্যাস আমদানির প্রায় ১৪ শতাংশ সরবরাহ করে এবং জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি জানান, স্বাধীনতার পর শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে আলজেরিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তরুণ উদ্যোক্তারা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২৬-২০২৯ সালের জাতীয় যুব পরিকল্পনার মাধ্যমে এসব উদ্যোগকে আরও শক্তিশালী করা হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, ২০২৬ সালে আলজেরিয়ার জিডিপি ৩১৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ আইনসহ বিভিন্ন সংস্কারের ফলে, দেশটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের উদ্যোক্তাদের আহ্বান জানান, ওষুধশিল্প, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য। এসব খাতে শতভাগ বিদেশি মালিকানা, কর অব্যাহতি এবং বিভিন্ন বিনিয়োগ প্রণোদনার সুবিধা আছে বলে জানান তিনি।
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রদূত। বলেন, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে ফোরামটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার করছে।
বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস দুই দেশের বন্ধুত্বকে আরো দৃঢ় করেছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ ছিল আলজেরিয়া। সেই ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতেই বর্তমানে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ