ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ৬৪০ কৃষককে সচেতন করল বাকৃবি


বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ৬৪০ কৃষককে সচেতন করল বাকৃবি

রাসায়নিক বালাইনাশকের বিকল্প পদ্ধতি নিয়ে কৃষকদের সচেতন করল বাকৃবি/

ফসলের বালাই দমনে বালাইনাশকের অনিরাপদ ও অযাচিত ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে ময়মনসিংহে ৩২টি প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্প্রসারণ কেন্দ্র। সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ কার্যক্রমের আওতায় পরিচালিত এসব কর্মসূচিতে অংশ নেন ৬৪০ জন কৃষক।

গত ১০ থেকে ১৭ নভেম্বর ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় এসব সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বয়রা, সুতিয়াখালী, ভাবখালী, চর ঈশ্বরদয়া ও চর নলিকৃষিয়াসহ আশপাশের অঞ্চল উল্লেখযোগ্য। প্রতিটি কার্যক্রমে ২০ জন করে কৃষক অংশ নেন।

সেন্টার ফর এগ্রিকালচার বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচার পরিচালনায় কাজ করেন আটজন বিশেষজ্ঞ। এ উদ্যোগের বিভিন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

প্রচার কার্যক্রমে কৃষকদের বালাইনাশকের ক্ষতিকর প্রভাব, অনুমোদিত বালাইনাশক নির্বাচন, সঠিক মাত্রা ও প্রয়োগপদ্ধতি এবং মোড়কের নির্দেশনা অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অপ্রয়োজনে বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বালাইনাশক প্রয়োগের সময় মাস্ক, হাতমোজা, সুরক্ষাপোশাক, জুতা ও চোখের সুরক্ষাসামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া বালাইনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলার পরামর্শ দেওয়া হয়, যাতে খাদ্যে বালাইনাশকের অবশিষ্টাংশের ঝুঁকি কমানো এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার নিয়েও কৃষকদের ধারণা দেওয়া হয়। বিশেষ করে ট্রাইকোগ্রামা, উপকারী পরজীবী ও শিকারি পোকা এবং অণুজীবভিত্তিক বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর পোকা দমনের কৌশল তুলে ধরা হয়। এসব পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, এ উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে নিরাপদ ও টেকসই বালাই ব্যবস্থাপনার চর্চা সম্প্রসারিত হবে। একই সঙ্গে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতেও এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কৃষকদের আচরণগত পরিবর্তন ছাড়া নিরাপদ বালাইনাশক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। এসব কার্যক্রমে শুধু তথ্য প্রদান নয়, বরং দৈনন্দিন চাষাবাদে নিরাপদ প্রয়োগপদ্ধতি অনুসরণ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবহার, ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা এবং রাসায়নিক বালাইনাশকের বিকল্প পদ্ধতি গ্রহণে কৃষকদের উৎসাহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেন-ফ্রান্সের মহারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেন-ফ্রান্সের মহারণ

২০২৬-২৭ মৌসুমের কোয়ার্টার ফাইনালের ড্র সম্পন্ন হয়েছে উয়েফা নেশনস লিগের। স্পেন ও ফ্রান্সের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নরওয়ে নির্ধারিত হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে চারটি কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

ড্রয়ের ফলাফল অনুযায়ী, স্পেনের প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে দেখা যাবে। অন্য তিনটি ম্যাচের মধ্যে নরওয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস এবং জার্মানির মুখোমুখি হবে বেলজিয়াম।

স্পেন ও ফ্রান্সের মধ্যে লড়াইয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে সাম্প্রতিক ইতিহাস। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে ২–০ গোলে পরাজিত করেছিল। সেই জয়ের পর আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের শিরোপাও অর্জন করে। ২০২৩ সালে স্পেন নেশনস লিগের শিরোপা জিতেছিল, অন্যদিকে ফ্রান্সের শিরোপা এসেছে ২০২১ সালে।

ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচেও বিশ্বকাপের স্মৃতি রয়েছে। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে ২–১ গোলে পরাজিত করেছিল। জুড বেলিংহামের দুটি গোলের মাধ্যমে থ্রি লায়ন্সরা জয়লাভ করেছিল। এবার নেশনস লিগের শেষ আটেও সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে। তবে দলের জন্য আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালের নেশনস লিগের ফাইনালে পর্তুগাল নেদারল্যান্ডসকে পরাজিত করেছিল।

শেষ কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ও জার্মানির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে প্রবেশ করেছে, অন্যদিকে বেলজিয়াম গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

কোয়ার্টার ফাইনালের সূচি

- স্পেন বনাম ফ্রান্স

- নরওয়ে বনাম ইংল্যান্ড

- নেদারল্যান্ডস বনাম পর্তুগাল

- বেলজিয়াম বনাম জার্মানি

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩০ মার্চ। দুই লেগের ফলাফলের ভিত্তিতে এগিয়ে থাকা চারটি দল জুন মাসের ফাইনাল পর্বে খেলবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুন, এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করার একটি রীতি প্রচলিত রয়েছে। বর্তমান সরকার এই তথাকথিত রীতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্দেশনা প্রদান করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা অথবা তাদের অধিভুক্ত ক্লাব যদি জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কোনো প্রতিযোগিতার নামকরণ করতে চায়, তাহলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য।

এ বিষয়ে ইতোমধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রুদের আদর্শিক ও রাজনৈতিক পরাজয়ের কথা বললেন আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


শত্রুদের আদর্শিক ও রাজনৈতিক পরাজয়ের কথা বললেন আইআরজিসি প্রধান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমেদ ওয়াহিদি বলেছেন, শত্রুপক্ষ কেবল সামরিক পরাজয়ের সম্মুখীন হয়নি, বরং তারা আদর্শিক ও রাজনৈতিক পরাজয়ও ভোগ করছে।

তিনি এই মন্তব্যটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে করেন।

আহমেদ ওয়াহিদি উল্লেখ করেন, “যুদ্ধক্ষেত্রে আমরা যা দেখছি তা কেবল একটি সামরিক পরাজয় নয়; শত্রু আদর্শিক ও রাজনৈতিক পরাজনেরও শিকার হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, যারা ইরানে অপরাধ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের জন্য বিশ্ব আর নিরাপদ আশ্রয়স্থল থাকবে না।

আইআরজিসি প্রধানের মতে, ইরানের বিরোধীরা এখন বুঝতে পেরেছে যে এককভাবে ইরানের মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। তিনি বলেন, “যারা আইআরজিসিকে বদলে দিতে চেয়েছিল, আজ তারাই নিজেরা বদলে গেছে।” সূত্র: ইরনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। একই দিনে ফলাফলের সাথে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের বইও বিতরণ করা হবে। ফলে, পরীক্ষার ফলাফল জানার পর শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন নিয়ে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এহসানুল হক মিলন বলেন, "মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।"

এ সময় তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, "অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে।"
তিনি আরও জানান, "এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে আমাকে জানাতে হবে।" প্রয়োজনে তিনি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন ফলাফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে। উদাহরণস্বরূপ, তিনি বলেন, "যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।"

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে এহসানুল হক মিলন বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। তিনি উল্লেখ করেন, "কোনো বইয়ের কাগজ কিংবা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।"

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও তৈরি করা হবে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%