১০:৪৪ এম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটি দিন কয়েক ধরে নতুন করে তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি অনুযায়ী, মোজতবা জীবিত আছেন। কেবল তা-ই নয়, তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা পর্বে একটি সক্রিয় ভূমিকাও পালন করছেন!
একই সঙ্গে, রুবিও জানিয়েছেন যে হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে দেওয়ার পরও ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা শিথিল করার প্রশ্ন ওঠে না। যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব দেয়নি। তিনি দাবি করেছেন যে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে, তবে নিষেধাজ্ঞাগুলোর শিথিলের বিষয়টি ভাবা হতে পারে।
মঙ্গলবার মার্কিন সিনেটে বিদেশ-সম্পর্কিত কমিটির সামনে রুবিও এটি নিয়ে আলোচনার সময় ইরানের ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভূমিকা তুলে ধরেন এবং বলেন, ‘‘এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, উনি (মোজতবা) আলোচনায় কোন না কোন পর্যায়ের সঙ্গে ক্রমশ যুক্ত হচ্ছেন। তবে তাকে সরাসরি কোন আলোচনায় অংশ নিতে দেখা যায়নি। বরং কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বার্তা পাঠাচ্ছেন।’’
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
মোজতবা খামেনি ছাড়াও সিনেটে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থানকে স্পষ্ট করেছেন রুবিও। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‘যে কোন নিষেধাজ্ঞা শিথিলকরণ শর্তসাপেক্ষ। তবে হরমুজ প্রণালি আলোচনা বা আলোচনার বিষয়বস্তু নয়। যদি ইরান হরমুজ পুরোপুরি খুলে দেয়, তাও তেহরানের উপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে না।’’
রুবিও বলেন, ‘‘এই নিষেধাজ্ঞা চাপানোর কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। যদি ইরান তাদের এই কর্মসূচি পুরোপুরি বন্ধ রাখতে সম্মত হয়, তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কিত আলোচনা শুরু হতে পারে।’’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন যে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির এমন কিছু দিক নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে, যা আগে কখনও হয়নি। তবে কি শান্তিচুক্তি চূড়ান্ত হবে, তা এই আলোচনায় নিশ্চিত নয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নজর ইরানের পারমাণবিক কার্যকলাপের দিকে রয়েছে। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে তিনি উঠে পড়েছেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি, আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করলে সংঘাতের পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি বজায় আছে। সেই সঙ্গে স্থায়ী শান্তির খোঁজে আলোচনা চলমান রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোন সমাধানসূত্র বের করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
সূত্র: আনন্দবাজার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন