শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৬ পি.এম
গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে দেশটির সামরিক বাহিনী ‘অ্যামাজন ও গুগলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল’ বলে মন্তব্য করেছেন গুগলের সাবেক এক কর্মী। বর্তমানে তিনি ‘নো টেক ফর অ্যাপারথেইড’ আন্দোলনের সঙ্গে যুক্ত।
মিডল ইস্ট আইয়ের সাংবাদিক জেমস স্নাইডারের সঙ্গে আলাপকালে গ্যাবি ব্যাখ্যা করেন যে, কীভাবে অ্যামাজন ও গুগলের ক্লাউড স্টোরেজ ব্যবস্থা ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্তকরণ সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ করে দিচ্ছে। এসব তথ্য সম্ভবত ইসরাইলি সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে।
এদিকে, মেক অ্যামাজন পে’ প্রচারণার অংশ হিসেবে ব্ল্যাক ফ্রাইডেতে একটি বৈশ্বিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ‘মেক অ্যামাজন পে’ প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি করা।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনাপাড়ে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নৌ পুলিশ সাবেক ইউপি সদস্য মোহনসহ পাঁচজনকে আটক করেছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত আটক ব্যক্তিদের বিস্তারিত নাম ও ঠিকানা জানা যায়নি।
অভিযোগ উঠেছে যে, নদী ও চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ পরিবর্তন, তীরভাঙন এবং আশপাশের জনবসতি ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হলে তা নজরদারি ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদী থেকে বালু উত্তোলন করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক হোটেল ম্যানেজারকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম নাঈমুর রহমান (২৬) বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হামলার ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই বসবাস করতেন। আহতদের মধ্যে রয়েছেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেল স্টাফ মো. হাসান (২৬)। আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম রয়েছে এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাসের কারণে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। তবে স্থায়ী সমাধান না হওয়ায় ফ্যাসিবাদ বারবার ফিরে এসেছে। নব্বইয়ের স্বৈরাচাররা ১৭ বছর ধরে ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, "৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে?" তিনি উল্লেখ করেন, ৯০-এর এরশাদের মতো এক ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, "এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে।" তিনি সতর্ক করেন যে, যদি কেউ এই অধ্যায় মুছে ফেলতে চান, তাহলে তা সম্ভব নয়। তিনি বলেন, "নানাভাবেই একটি অপরটির মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।"
তিনি আরও বলেন, "যেমন ‘৭১, যেমন ৭ই নভেম্বর, তেমনি ‘৯০, তেমনি জুলাই।" তিনি উল্লেখ করেন যে, একটি চেতনা অন্যটিকে প্রভাবিত করেছে। "‘৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা—যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে।" তিনি বলেন, এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে।
এই বিএনপি নেতা আরও বলেন, "৯০-কে আজও ভুলতে পারি না।" তিনি যোগ করেন, "সেই এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের যে গৌরবান্বিত অর্জন, সেই অর্জন আজও আমাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে।" তিনি বলেন, "তার পরবর্তী ৩৬ বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে সেই চেতনাই আমাদের কাজ করেছে এবং অবশেষে হাসিনার মতো একটি রক্তচোষা একনায়ক, ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।"
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেন, ড. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিলেন। তার অবদান ছাত্র সমাজের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি লাভ করেছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। চাকরিতে যোগ দেওয়ার পর পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার স্বপ্নও তিনি দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ব্লাড ক্যানসার।
২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। এই বিপুল অর্থ জোগাড় করতে তাঁর পরিবার হিমশিম খাচ্ছে। তাই জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
কামরুজ্জামান হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তাঁর বাবা খন্দকার মোহাম্মদ ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে ৪.৮৩ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন তিনি।
পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাকরি পান। পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় চাকরিতে যোগ দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তিনি।
চাকরিতে যোগদানের পর নোয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে টানা ছয় মাস প্রশিক্ষণও সম্পন্ন করেন হাসান। প্রশিক্ষণ শেষে তাঁর পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ। সবকিছু যখন ধীরে ধীরে গুছিয়ে আসছিল, ঠিক তখনই জীবনে নেমে আসে এক কঠিন বিপর্যয়।
২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন। প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত সুস্থতা না আসায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত মানের কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ শূন্যের কোঠায় নামিয়ে আনার পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ একা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন।
কামরুজ্জামান হাসানের বন্ধুরা জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে একই সময়ে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু পুলিশের চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে হাসান শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন। বন্ধুর সেই সাফল্যে সেদিন তাঁরা অনেক আনন্দিত হয়েছিলেন। কিন্তু আজ সেই বন্ধুর অসুস্থ ও অসহায় অবস্থায় তাঁরা ভীষণ কষ্ট পাচ্ছেন। যে বন্ধুর সাফল্যে একদিন আনন্দে আত্মহারা হয়েছিলেন, আজ তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। একই সঙ্গে সবার কাছে হাসানের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে হাসান তাঁর শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহপাঠী ও ব্যাচমেটদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন। প্রতিটি ইউনিট থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি তাঁর আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অনেকের ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসায় সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪। নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯।
তালাশ বিডি/মিডিয়া লিঃ