ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা


ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানী ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক হোটেল ম্যানেজারকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম নাঈমুর রহমান (২৬) বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা কারিগর, আটক

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই বসবাস করতেন। আহতদের মধ্যে রয়েছেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেল স্টাফ মো. হাসান (২৬)। আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম রয়েছে এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ড. ইউনূসের রেখে যাওয়া বিষে আক্রান্ত সবাই: আব্দুন নূর তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নব্বইয়ের স্বৈরাচাররা ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


নব্বইয়ের স্বৈরাচাররা ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাসের কারণে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। তবে স্থায়ী সমাধান না হওয়ায় ফ্যাসিবাদ বারবার ফিরে এসেছে। নব্বইয়ের স্বৈরাচাররা ১৭ বছর ধরে ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, "৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে?" তিনি উল্লেখ করেন, ৯০-এর এরশাদের মতো এক ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, "এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে।" তিনি সতর্ক করেন যে, যদি কেউ এই অধ্যায় মুছে ফেলতে চান, তাহলে তা সম্ভব নয়। তিনি বলেন, "নানাভাবেই একটি অপরটির মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।"

তিনি আরও বলেন, "যেমন ‘৭১, যেমন ৭ই নভেম্বর, তেমনি ‘৯০, তেমনি জুলাই।" তিনি উল্লেখ করেন যে, একটি চেতনা অন্যটিকে প্রভাবিত করেছে। "‘৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা—যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে।" তিনি বলেন, এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে।

এই বিএনপি নেতা আরও বলেন, "৯০-কে আজও ভুলতে পারি না।" তিনি যোগ করেন, "সেই এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের যে গৌরবান্বিত অর্জন, সেই অর্জন আজও আমাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে।" তিনি বলেন, "তার পরবর্তী ৩৬ বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে সেই চেতনাই আমাদের কাজ করেছে এবং অবশেষে হাসিনার মতো একটি রক্তচোষা একনায়ক, ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।"

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেন, ড. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিলেন। তার অবদান ছাত্র সমাজের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের হাসান ব্লাড ক্যানসারের বিরুদ্ধে লড়াই, ৬০-৭০ লাখ টাকার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


শেরপুরের হাসান ব্লাড ক্যানসারের বিরুদ্ধে লড়াই, ৬০-৭০ লাখ টাকার প্রয়োজন

শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি লাভ করেছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। চাকরিতে যোগ দেওয়ার পর পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার স্বপ্নও তিনি দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ব্লাড ক্যানসার।

২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। এই বিপুল অর্থ জোগাড় করতে তাঁর পরিবার হিমশিম খাচ্ছে। তাই জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।

কামরুজ্জামান হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তাঁর বাবা খন্দকার মোহাম্মদ ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে ৪.৮৩ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন তিনি।

পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাকরি পান। পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় চাকরিতে যোগ দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তিনি।

চাকরিতে যোগদানের পর নোয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে টানা ছয় মাস প্রশিক্ষণও সম্পন্ন করেন হাসান। প্রশিক্ষণ শেষে তাঁর পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ। সবকিছু যখন ধীরে ধীরে গুছিয়ে আসছিল, ঠিক তখনই জীবনে নেমে আসে এক কঠিন বিপর্যয়।

২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন। প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত সুস্থতা না আসায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত মানের কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ শূন্যের কোঠায় নামিয়ে আনার পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ একা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন।

কামরুজ্জামান হাসানের বন্ধুরা জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে একই সময়ে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু পুলিশের চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে হাসান শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন। বন্ধুর সেই সাফল্যে সেদিন তাঁরা অনেক আনন্দিত হয়েছিলেন। কিন্তু আজ সেই বন্ধুর অসুস্থ ও অসহায় অবস্থায় তাঁরা ভীষণ কষ্ট পাচ্ছেন। যে বন্ধুর সাফল্যে একদিন আনন্দে আত্মহারা হয়েছিলেন, আজ তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। একই সঙ্গে সবার কাছে হাসানের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে হাসান তাঁর শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহপাঠী ও ব্যাচমেটদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন। প্রতিটি ইউনিট থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি তাঁর আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অনেকের ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

চিকিৎসায় সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪। নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণলতা জিতলেন বাংলাদেশ অ্যাচিভার্স ও রিসবা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


স্বর্ণলতা জিতলেন বাংলাদেশ অ্যাচিভার্স ও রিসবা পুরস্কার

এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত কিছু নির্বাচিত অ্যাওয়ার্ড শোয়ের মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং রিসবা অ্যাওয়ার্ড। এই দুটি অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।

নভেম্বর মাসে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের মতো অভিজাত স্থানে পর পর দুটি জমকালো আয়োজন সম্পন্ন হয়। দেশের শীর্ষ শোবিজ তারকারা তাদের বর্ষসেরা কাজের জন্য পুরস্কার গ্রহণ করেন এই দুই অনুষ্ঠানে। উভয় আয়োজনেই স্বর্ণলতা পুরস্কৃত হন।

দেশের গুরুত্বপূর্ণ দুটি পুরস্কার পর পর জিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্বর্ণলতা বলেন,
"আমি ভীষণ খুশি। অনেক কষ্ট আর সততার সঙ্গে অভিনয় করি। সেই কষ্ট যখন বিজ্ঞ জুরি মেম্বাররাও দেখতে পান তখন নিজেকে স্বার্থক মনে হয়। আমি এই দুটি অ্যাওয়ার্ড সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। সামনে আরও ভালো মানের কাজ উপহার দিতে চাই।"

রিসবা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে ‘রূপনগর’ সিরিয়ালের জন্য পুরস্কার অর্জন করেছেন স্বর্ণলতা। এই জনপ্রিয় ধারাবাহিক নাটকে তিনি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সিজন ৫-এ প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে একক নাটক ‘ইংলিশ ম্যান’-এ অনবদ্য অভিনয় করে জুরি মেনশন পুরস্কার নিজের করে নিয়েছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যদের নতুন গাড়ি উপহার দিয়েছে। দলের তারকা খেলোয়াড়রা, যেমন ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম, নিজেদের পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি বেছে নিয়েছেন। উপহার দেওয়া গাড়িগুলোর মোট আনুমানিক মূল্য প্রায় ৫৯ কোটি টাকা।

২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

রিয়াল মাদ্রিদের সঙ্গে বিএমডব্লিউর অংশীদারিত্বের এটি পঞ্চম মৌসুম। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে, অডি ছিল স্প্যানিশ ক্লাবটির গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান। বর্তমান চুক্তির আওতায়, পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি ক্লাবের বাস্কেটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারাও বিএমডব্লিউ গাড়ি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

স্পোর্ট বাইবেলের তথ্য অনুযায়ী, এবার উপহার দেওয়া গাড়িগুলোর সম্মিলিত আনুমানিক মূল্য ৩৬ লাখ ৬৩ হাজার ২১৭ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকা।

গাড়ির তালিকায় বিএমডব্লিউ এক্সএম লেবেল সবচেয়ে জনপ্রিয় ছিল। মোট ১৫ জন খেলোয়াড় এই মডেলটি বেছে নিয়েছেন, যার মধ্যে জুড বেলিংহাম, থিবো কোর্তোয়া, ব্রাহিম দিয়াজ এবং ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড অন্তর্ভুক্ত। প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এই গাড়িতে ভি৮ পেট্রল ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর রয়েছে। দুটি প্রযুক্তির সমন্বয়ে গাড়িটি সর্বোচ্চ ৭৪৮ অশ্বক্ষমতা উৎপন্ন করতে সক্ষম।

অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়র বেছে নিয়েছেন বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ, এবং কিলিয়ান এমবাপ্পের পছন্দ বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ। এদুয়ার্দো কামাভিঙ্গা এবং কোচিং স্টাফের সদস্য জোসে মরিনহো নিয়েছেন বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০।

কার পছন্দ কোন গাড়ি

বিএমডব্লিউর প্রকাশিত তালিকা অনুযায়ী, খেলোয়াড় ও কর্মকর্তাদের পছন্দের গাড়ির মডেলগুলো হলো-

বিএমডব্লিউ এক্সএম লেবেল: ডেনজেল ডামফ্রিস, আসেনসিও, আলভারো কারেরাস, রদ্রিগো, বের্নার্দো সিলভা, ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম, ডিন হুইসেন, থিবো কোর্তোয়া, ইব্রাহিমা কোনাতে, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, ফেরলাঁ মেন্দি ও আন্তোনিও রুডিগার।

বিএমডব্লিউ এম৫ সেডান: এদের মিলিতাও ও আন্দ্রি লুনিন।

বিএমডব্লিউ এক্স৭ এম৬০আই এক্সড্রাইভ: মার্ক কুকুরেয়া।

বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ: ভিনিসিয়ুস জুনিয়র, কার্লোস এসপি ও এনিদ্রিক।

বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০: জোসে মরিনহো ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ: কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো পিতার্চ ও ইয়ান দিওমান্দে।

বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০: ফেদেরিকো ভালভের্দে।

বিএমডব্লিউ স্পেন ও পর্তুগালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানুয়েল তেরোবা রিয়াল মাদ্রিদের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া ক্লাব এবং তারা নিজেদের উন্নত করার মাধ্যমে নেতৃত্ব, গুণগত মান ও শ্রেষ্ঠত্বের উদাহরণ তৈরি করছে।

তিনি ক্লাবটির টেকসই উন্নয়ন, সংহতি, বৈচিত্র্য ও জয়ের মানসিকতার প্রতি অঙ্গীকারের কথাও উল্লেখ করেন। এই বৈশিষ্ট্যগুলো বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়ালকে আদর্শ অংশীদার করে তুলেছে বলে মন্তব্য করেন তেরোবা।

মাঠের পারফরম্যান্সের দিক থেকেও রিয়াল মাদ্রিদ ভালো অবস্থানে রয়েছে। লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%