বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৭:৪২ এম
দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীবাসী প্রতিদিন কিছু না কিছু কেনাকাটার জন্য মার্কেট কিংবা বাজারে যান। এছাড়া তারা বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। কিন্তু যদি প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে দেখা যায় যে ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে সময় নষ্ট হয়। এতে তাদের মনও খারাপ হয়ে যায়।
তাহলে, বৃহস্পতিবার (২০ আগস্ট) নাগরিকদের জন্য সুন্দর পরিকল্পনা করতে সাহায্য করতে, রাজধানীর কয়েকটি এলাকার দোকানপাট ও মার্কেটের বন্ধ থাকার তথ্য উপস্থাপন করা হলো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে তা হলো:
মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
এছাড়া যেসব মার্কেট বন্ধ থাকবে তা হলো:
শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি প্রতিদিনই পালন করা হচ্ছে।
বুধবার (২০ আগস্ট) উল্লেখযোগ্য কিছু কার্যক্রম রয়েছে, তা দিনের শুরুতেই দেখা যেতে পারে।
সকাল ৯টায় রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।
সকাল ১০টায় তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে কলেরা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে পঞ্চম বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম অনুষ্ঠিত হবে। ‘Industrial Rooftop Solar in RMG Sector: Investment Potential for Chinese FDI’ শীর্ষক এই আয়োজনে তৈরি পোশাক শিল্পের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সাথে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় আয়োজিত কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বাদিউজ্জামান দিদার।
বিকেল ৩টায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ধারণের কর্মসূচি হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ট্রেজারি বিভাগের অপ্রত্যাশিত তারল্য সহায়তার ঘোষণার ফলে বন্ডের ইল্ড ও ডলারের দরপতন ঘটেছে। এই পরিস্থিতির প্রভাবে স্বর্ণের দাম ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে আড়াই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বুধবার (১৯ আগস্ট) দিনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৪ হাজার ৪৯৯ দশমিক ২০ ডলারে পৌঁছায়। গত ৪ জুনের পর এটি সর্বোচ্চ দাম হিসেবে গণ্য হয়েছে। পরবর্তী সময়ে স্পট গোল্ডের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৭ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। একই সময় মার্কিন গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫৪৫ দশমিক ৩০ ডলারে স্থির হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকে স্বর্ণের দাম একটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করেছে। স্পট গোল্ডের দাম ১০০ দিনের মুভিং অ্যাভারেজ প্রায় ৪ হাজার ৩৮১ ডলারের ওপরে উঠে গেছে।
শিল্প বিশেষজ্ঞ এবং কচ সাপ্লাই অ্যান্ড ট্রেডিংয়ের মূল্যবান ধাতু বিভাগের সাবেক প্রধান রবার্ট গটলিব বলেছেন, ‘এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড কমে যাওয়া এবং এর ফলস্বরূপ ডলারের দরপতনের সম্ভাবনা স্বর্ণের জন্য খুবই ইতিবাচক।’
মার্কিন ডলার সূচক ০.৮ শতাংশ কমেছে। এই কারণে অন্যান্য মুদ্রার ধারকদের কাছে ডলার-মূল্যের স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে। মার্কিন ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদি বন্ডের জন্য তারল্য সহায়তা বাইব্যাক কার্যক্রমের আকার দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। এর ফলে বুধবার ৩০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড প্রায় ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত কমে যায়।
টিডি সিকিউরিটিজ একটি নোটে জানিয়েছে, মার্কিন ট্রেজারির তারল্য সহায়তা বাইব্যাক কার্যক্রমের আকার বাড়ানোর ঘোষণা মূল্যবান ধাতুর বাজারে ‘ঝটকা’ দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে স্বর্ণের চাহিদা কমে গেলেও ট্রেজারির তারল্য সহায়তা, জ্বালানি সংকটকে উপেক্ষা করার বিষয়ে ফেডের সদিচ্ছা এবং স্ট্যাগফ্লেশন নিয়ে উদ্বেগের কারণে স্বর্ণে বিনিয়োগের প্রবাহ দ্রুত ফিরতে পারে। এতে শেষ পর্যন্ত প্রকৃত সুদের হার কমে আসতে পারে।
এদিকে, ফেডের সর্বশেষ সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ২৮-২৯ জুলাইয়ের বৈঠকে কয়েকজন কর্মকর্তা সুদের হার বৃদ্ধি করতে প্রস্তুত ছিলেন। অনেকের মতে, মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রায় ফিরতে ব্যর্থ হলে আরও সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
তবে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুসারে, সাম্প্রতিক দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্য সুদের হার বৃদ্ধির সম্ভাবনা হ্রাস করেছে। ফলে ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে; এর প্রত্যাশার হার এখন ৬৫ শতাংশ।
অন্য মূল্যবান ধাতুগুলোর দামও এই দিনে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। স্পট রুপার দাম প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ দশমিক ০২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৫ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। চারটি মূল্যবান ধাতুর দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক বৃদ্ধির পথে ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন-এঁর মানবিক সহায়তার বদৌলতে সদর উপজেলার চাপাতলী এলাকার মো. জহুরুল ইসলাম নামে একজন অসহায় ভ্যানগাড়ি চালকের মুখে হাসি ফুটে উঠেছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক নিজে অসহায় দরিদ্র চালকের হাতে একটি নতুন ভ্যানগাড়ি তুলেদেন।
অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুরাতন ভ্যানগাড়ি চুরি হয়ে যাওয়ার পরে জেলা প্রশাসনের সহায়তায় নতুন একটি ভ্যানগাড়ি পেয়ে অসহায় চালকের মুখে হাসি ফুটে উঠে; যা দেখে খুশি হন উপস্থিত সবাই।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ বিভাগের লোকজন, সুবিধাভোগী ভ্যানগাড়ি চালক ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জানান, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এতে উপকারভোগী নিজে কাজ করে আয়-রোজগারের মাধ্যমে পরিবারে সুখ-শান্তি ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হলো বলে সবাই মনে করছেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে মানবিক সহায়তার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সবপেশা শ্রেণির লোকজন।
উল্লেখ্য, জেলা প্রশাসকের নিয়মিত গনশুনানিতে গত একমাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার বাসিন্দা দরিদ্র ভ্যানগাড়ি চালক জহুরুল ইসলামের গাড়িটি চুরি হয়েগেছে বলে জানানো হয়। হৃদয়বিদারক ঘটনাটি শুনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ভ্যানগাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন মানবিক জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ওই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ওই অসহায় ও কর্মক্ষম ভ্যানগাড়ি চালককে বুধবার এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ