০৮:৩৫ পি.এম
বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে কোন গ্রেডে কতগুলো পদ ফাঁকা রয়েছে, সেটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে, সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এ বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।
তিনি জানিয়েছেন, ফাঁকা থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদের মধ্যে, প্রথম শ্রেণিতে (১ থেকে ৯ম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ থেকে ১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে (১৩ থেকে ১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭ থেকে ২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এর বাইরেও, অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী আরও জানান, বিশালসংখ্যক এই শূন্য পদ পূরণের জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের শেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন