০৪:৫১ এম
গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন তাতী দলের সভাপতি তুষার ইমরানের বাড়িতে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলামের পক্ষের লোকজন মাটি ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এ অগ্নিসংযোগ করেছে। গত মঙ্গলবার, ওই বিরোধের মধ্যে তুষার ইমরানের পক্ষের লোকজন জহিরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন।
ঘটনার পর পাঁচটি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তুষার ইমরানের বাড়িতে আগুন দেয় কিছু লোক। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের ঘরের মালপত্রসহ সব কিছু পুড়ে গেছে।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব
জানা যায়, কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়ন তাতী দলের সভাপতি তুষার ইমরান এবং জেলা জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলামের মধ্যে মাটি ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে জহিরুল ইসলামকে কুপিয়ে জখম করেন তুষার ও তার লোকজন। বর্তমানে জহিরুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল সকালে জহিরুল ইসলামের পক্ষের লোকজন তুষার ইমরানকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন করেন। অভিযোগ উঠেছে, মানববন্ধন শেষে তারা তুষার ইমরানের বাড়িতে গিয়ে প্রকাশ্যে পেট্রোল ঢেলে তার ঘরে আগুন দেন। এ সময় বাড়ি, দোকান, সিএনজিচালিত অটোরিকশাসহ সবকিছু পুড়ে যায়।
তুষার ইমরান ও জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঠাকুরপাড়ায় তুষার ইমরান নামের একজনের বাড়িতে আগুন লাগে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে এর আগেই বাড়িঘর ও দোকান সব পুড়ে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বাড়ির লোকজন আমাদের জানিয়েছেন পূর্ব শত্রুতার কারণে তাদের বাড়িতে একদল লোক আগুন দিয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?
কালিয়াকৈরে থানার ওসি সহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুপিয়ে আহত করার ঘটনাতেও কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন