ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, মজুত দেশের বাইরে পাঠাবে না: আরাগচি


ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, মজুত দেশের বাইরে পাঠাবে না: আরাগচি

ইরান ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা করে একটি সমাধানে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে দেশের বাইরে এই ইউরেনিয়াম পাঠানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই তথ্যটি আলজাজিরা কর্তৃক প্রকাশিত হয়েছে।

ইরানের সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি উল্লেখ করেন যে, পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে একটি ‘ন্যায্য’ সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে, এটি একটি বৃহত্তর চুক্তির অংশ হতে হবে, যেখানে ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে।

তিনি আরও জানান, ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন হয়নি। যদিও বিশেষজ্ঞদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ভারতের মাটিতে প্রথমবার একসঙ্গে চার্লি পুথ ও এলি গোল্ডিংয়ের অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে আরাগচি বলেন, তেহরান বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। ইরান একটি ভালো, সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী চুক্তির প্রত্যাশা করছে, যা ভবিষ্যতে আরেকটি যুদ্ধের আশঙ্কা দূর করবে।

তবে তিনি সতর্ক করেছেন যে, এমন কোনো ছাড় দেওয়া হবে না, যা যুক্তরাষ্ট্র নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে পারে।

আরাগচি নিশ্চিত করেছেন যে, কাতার ও পাকিস্তানের মাধ্যমে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে বার্তা ও প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে।

এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর সামরিক বাহিনীর ওপর নির্ভরতা যথেষ্ট নয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের দেশে ফেরা এখনও অনিশ্চিত, কক্সবাজারে উদযাপন

তিনি বলেছেন, ‘আমরা কূটনীতির মানুষ। এখনো কূটনীতির মাধ্যমে সমাধানের আশা ছাড়িনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। উভয় প্রার্থী নির্বাচনে সমান ২৪৬টি ভোট পেয়ে জয়লাভ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টা থেকে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বাচসাসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।"

এ সময় তিনি সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূইয়া, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক মহিব আল হাসান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের কারণে বড় ভাই মো. আলমগীরকে (৩৯) ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তার স্ত্রী রিনা বেগমের (২৪) বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই ঘটনায় জাহাঙ্গীর এবং রিনার সঙ্গে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলাম (৩৩)।

গত ১৭ নভেম্বর রাতের দিকে সিরাজদীখান উপজেলার কালিরনগর এলাকায় একটি আকাশমণি গাছের বাগানের খড়ের স্তূপের নিচে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৯ নভেম্বর, দুই দিন পর, পিবিআই মুন্সীগঞ্জ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও চারজনকে গ্রেপ্তারের বিষয়টি জানায় সংস্থাটি।

শুক্রবার পিবিআই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আছমা জাহান আরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেন। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাদ্দাম ও শফিকুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর বিয়ের পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর এলাকার আলমগীরকে সিরাজদীখানের উদ্দেশ্যে নিয়ে যায়। কালিরনগর এলাকায় পৌঁছালে তারা আলমগীরকে মারধর শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে সড়কের পাশে খড়ের স্তূপের নিচে মরদেহ লুকিয়ে রেখে তারা চলে যায়।

আলমগীর নিখোঁজ হওয়ার পর তার পরিবার মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। ১৭ নভেম্বর সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়।

এ ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম ১৮ নভেম্বর সিরাজদীখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরদিন পিবিআই মুন্সীগঞ্জ মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

তদন্তে পিবিআই জানতে পারে, আলমগীর তার এক ভরি স্বর্ণালঙ্কার ছোট ভাই জাহাঙ্গীর ও তার স্ত্রী রিনার কাছে জমা রেখেছিলেন। অভিযোগ রয়েছে যে, ওই স্বর্ণালঙ্কার থেকে আলমগীরের অজান্তে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বর্ণ ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে পিবিআই জানিয়েছে।

পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত ইট ও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%