ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী


যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্যটি ব্যক্ত করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ তিনি আরও জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন।

 

তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বললেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন আঙ্গিকে হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা হবে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা স্থাপন হচ্ছে

শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারতীয় কোন সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে তিনি জানান, বিষয়টি পুরোপুরি সত্য নয়। আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত তিনি যদি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে।

এক অনুষ্ঠানে হাসান মাসুদ জানান, গত দুই বছর ধরে তিনি নাটক বা সিনেমায় কাজ করছেন না। তিনি আরো জানিয়েছেন, হজ সম্পন্ন করার পর ধর্মীয় অনুশাসনের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, অভিনয় থেকে হয়তো স্থায়ীভাবে তিনি সরে দাঁড়িয়েছেন।

তবে পরবর্তী একটি সাক্ষাৎকারে হাসান মাসুদ বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। মূলত ভালো কনটেন্ট না পাওয়ার কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন। অনুষ্ঠানে নিজের বক্তব্য যথাযথভাবে ব্যাখ্যা করতে না পারায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

মাসুদ বলেন, যদি গল্প পছন্দ হয় এবং মনের মতো কাজের প্রস্তাব আসে, তবে তিনি আবার অভিনয়ে ফিরতে আগ্রহী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই।

ধর্মচর্চা ও অভিনয় দুইটিকে কখনোই পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক মনে করেন না হাসান মাসুদ। ২০০০ সাল থেকেই তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি জানান, শুটিংয়ের সময়ও পরিচালকরা তাকে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিরতি দিতেন।

মাসুদ বলেন, কাজের পাশাপাশি ধর্মীয় নিয়ম-কানুন মেনেও চলা সম্ভব। উদাহরণ হিসেবে তিনি জানান, হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ তিনি শেষ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে অভিষেক করেন।

এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি একক গানের অ্যালবামও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ে বলিউড অভিনেত্রী এবং সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ সকলের নজর আকর্ষণ করেছে। তিনি হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ এবং হালকা রঙের জুতা পরে ছিলেন। তবে তার পোশাকের চেয়েও বেশি আলোচনা হয়েছে তার দামি ব্যাগ এবং হাতঘড়ি নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালীন সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেন, যার সঙ্গে সাদা ব্লাউজ এবং হাতির দাঁতের মতো হালকা রঙের জুতাও ছিল।

কঙ্গনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার হাতে থাকা দামি ব্যাগটি। তিনি একটি হার্মেসের বারকিন ব্যাগ বহন করছিলেন। টোগো চামড়ার তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলা টাকায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে দাঁড়ায়।

টোগো চামড়া বানানো হয় বাছুরের চামড়া দিয়ে। এর বিশেষত্ব হলো এটি নরম এবং উঁচু দানাদার গঠন বিশিষ্ট। এই চামড়া সহজেই আঘাত সহ্য করে এবং পানির প্রভাব কম পড়ে। এর পাশাপাশি এটি হালকা এবং টেকসই হওয়ায় বিলাসবহুল ব্যাগের মানের জন্য জনপ্রিয়।

কঙ্গনার হাতের ঘড়িটিও সবার নজর কাড়ে। তার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি রঙের ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, যা বাংলা টাকায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়।

রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট ঘড়ির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ দেখানোর সুবিধা সম্বলিত ঘড়ি ছিল। পরে ১৯৫৩ সালে এতে বিশেষ কাচ যুক্ত করা হয় যাতে তারিখটি বড় করে দেখা যায়।

কঙ্গনার সাজে আরও একটি গুড আর্থের ছাপা নকশার ছাতা বিদ্যমান ছিল। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলা টাকায় ৭ হাজার ৯০৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে, বাইরের অংশে বিশেষ ছাপ এবং ভেতরের অংশে তীরচিহ্নের মতো নকশা রয়েছে।

সব মিলিয়ে কঙ্গনার ব্যাগ, ঘড়ি এবং ছাতার মূল্য প্রায় ৫৬ লাখ রুপি। দামি অনুষঙ্গের সঙ্গে তার পরিমিত পোশাকের এই সমন্বয় কঙ্গনার উপস্থিতিকে সংসদ চত্বরে আলোচনায় নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপন করার জন্য ভিসার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশে যেসব ব্যাংক হিসাবধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।

স্টিফেন কার্পিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে আগ্রহী।

সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করার জন্য মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলেও জানান স্টিফেন কার্পিন।

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও এ সময় কথা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর

আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান জানিয়েছেন, ঢাকাস্থ আসিয়ান মিশনগুলো বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে দৃঢ়টভাবে অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাতে ঢাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ এশিয়ায় একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করি।

বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এডিসি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও আসিয়ান একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে পরিপূরক হিসেবে ভূমিকা রাখতে পারে; যা পারস্পরিক কল্যাণকর সুযোগ তৈরি এবং অভিন্ন সমৃদ্ধিতে অবদান রাখবে।

আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফরের কথা তুলে ধরে তিনি বলেন, এই সফর আসিয়ানের সাথে ব্যাপক সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশ যে গুরুত্ব রয়েছে, তা-ই প্রমাণ করে।

তিনি উল্লেখ করেন, ৬৮ কোটিরও বেশি মানুষের আবাসস্থল আসিয়ান বিশ্বের অন্যতম গতিশীল অর্থনৈতিক অঞ্চল এবং এর বিপুল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশেরও রয়েছে বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী।

শুহাদা ওসমান বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির এই প্রচেষ্টাগুলো আমাদের বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক এবং গভীর সহযোগিতার বিপুল সম্ভাবনাকেই প্রতিফলিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বাংলাদেশ যাতে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ মর্যাদা অর্জন করতে পারে, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত আসিয়ান মিশনপ্রধানদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ আসিয়ান পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারলে দুই পক্ষের সম্পর্ক আরো অর্থবহ হবে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসিয়ান এবং এর ১১টি সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি জানান, আসিয়ানের সঙ্গে খাতভিত্তিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের একটি মৎস্য ও জলজ চাষ (অ্যাকুয়াকালচার) প্রকল্প রয়েছে। পাশাপাশি পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং সংস্কৃতি বিষয়ক প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।

আমিন উর রশিদ বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধন দীর্ঘদিনের। ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এ সম্পর্ক স্থল ও সমুদ্রপথে যোগাযোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। শক্তিশালী জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সম্পর্কও দুই পক্ষের বন্ধনকে আরো গভীর করেছে। এসব সংযোগ ভবিষ্যতে পারস্পরিক কল্যাণের স্বার্থে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আসিয়ান মিশনগুলোর প্রধানগণ, ঢাকায় দায়িত্বরত কূটনীতিকবৃন্দ এবং ব্যবসা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%