০৩:২৯ পি.এম
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতির খবরকে অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, দেশের বাজারে থাকা সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা লেড পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে অফিসার্স ক্লাব ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাংলাদেশে বাজারে যে সমস্ত সয়াবিন তেল রয়েছে, তা সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা লেড নেই। এটি সম্পূর্ণরূপে একটি অপপ্রচার।
মন্ত্রী বলেন, নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দিচ্ছি- এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানবেন, এতে অন্তত ক্ষতিকর কিছু নেই।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
আরও পড়ুন: বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন