ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, সরকারের দায়িত্ব আইন-শৃঙ্খলা সহ সব বিষয়ে রয়েছে এবং চ্যালেঞ্জের কোনো বিষয় নেই। তিনি উল্লেখ করেন, "অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই।"

আজ বুধবার চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি জানান, সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে এই ডিজিটাল ফরেনসিক ল্যাব। তবে, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে আন্তঃবিভাগীয় সহযোগিতা সব সময়ই বিদ্যমান, কারণ সব বিভাগ একই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

মন্ত্রী বলেন, "পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝে মাঝে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে, সে ক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব, যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর গুরুত্ব

অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে খুব দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে। তিনি বলেন, "আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি। কোরীয় সরকারের কাছে আজ আমরা এসব ফরেনসিক ল্যাব, বিশেষ করে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের জন্য সহযোগিতা চেয়েছি।"

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টাচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, প্রতারণা হচ্ছে। এমনকি শেয়ারবাজারে কারসাজিও সাইবার স্পেসের মাধ্যমে হচ্ছে। এসব অপরাধ উদ্ঘাটন ও দমনের জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। এ জন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকে কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে, যা ভিসেরা রিপোর্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। এর সম্প্রসারণও জরুরি হয়ে পড়েছে। কারণ বিচারিক ব্যবস্থায় মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে এসব বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর প্রত্যয়ন প্রয়োজন হয়। যুগের প্রয়োজনে এবং অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এসব প্রয়োজন মেটাতে হবে। সেই প্রয়োজন মাথায় রেখেই আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ বন্ধ, প্রতিরোধ ও দমনের জন্য উন্নত সরঞ্জাম, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অন্যান্য সুবিধাসহ সুসজ্জিত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে।

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইআবির ফাজিল পরীক্ষা কাল শুরু, কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ইআবির ফাজিল পরীক্ষা কাল শুরু, কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রের প্রতিটি কক্ষ, অভ্যন্তরীণ এলাকা এবং পরীক্ষার্থীদের যাতায়াতের পথে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করেছে। এছাড়া, পরীক্ষা চলাকালে এসব ক্যামেরা সচল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা কার্যকর করার জন্য সব কেন্দ্রের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইআবির একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিষয়টি দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

এছাড়া, আরও জানানো হয়েছে যে, দেশব্যাপী একযোগে ৩৪২টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এবং পরীক্ষার সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইআবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে এবং কেন্দ্রের অভ্যন্তরে পরীক্ষার্থী চলাচলের পথে সিসি ক্যামেরা স্থাপন এবং পরীক্ষা চলাকালীন সময়ে তা সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে 'বাজিখোর' গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাহ কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাঁচা খাবে বলে স্থানীয় কয়েক জনের সাথে ৫শত টাকা বাজি ধরেন। একপর্যায়ে সে একটি জীবিত শালিক পাখি কাঁচা খেয়েও ফেলেন।

বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা আমাদের এখানে আসেন। তারা এলে আসামীকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলো তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


মার্কিন সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

মোহাম্মদপুর থানায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৯ আসামির বিরুদ্ধে ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ মামলায় মোট ২৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, "আজ এ মামলার সাক্ষী পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামীপক্ষ তাকে জেরা করে। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন। একই সঙ্গে এ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার আদেশ দিয়েছেন আদালত।"

মামলার আসামিদের মধ্যে আছেন—ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

২০১৮ সালের ১০ আগস্ট রাতে মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং গত বছরের ৪ ডিসেম্বর ছয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের জন্য ঢাকার সিএমএম বরাবর প্রেরণ করেন।

২০২৩ সালের ১ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ১৯ সেপ্টেম্বর ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। সম্পূরক অভিযোগপত্রে ২৮ জনকে সাক্ষী করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক করার পাশাপাশি অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশনা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ প্রদান করেন।

আদালত গোলাম ফারুকের ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর সম্পত্তি ক্রোকের পাশাপাশি ৫টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দেন। এছাড়া, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং ২টি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ ২ হাজার ৫০০ টাকার ফ্রিজ করার আদেশও দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র, বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। খন্দকার গোলাম ফারুকের নামে দায়বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার মোট সম্পদের মূল্য ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। ফলে, তার আয়ের তুলনায় অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হচ্ছে।

অনুসন্ধানে আরও দেখা গেছে, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ২ লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এ ক্ষেত্রে, তার আয়ের তুলনায় অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

এ অবস্থায়, অনুসন্ধান বা তদন্ত চলাকালে উক্ত সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যাতে না থাকে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সে জন্য অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%