মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৯ পি.এম
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন।
মঙ্গলবার, তিনি ই-মেইলের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তিনি অসুস্থতার কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
ওসমান ফারুক দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের সময় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন সম্পন্ন করেন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় কমিউনিটির নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নেটওয়ার্ক সদস্য নিয়ে এমএনসিএএইচ বিষয়ে উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের দুইটি ক্লিনেকের সামনে আলাদা আলাদা দুইটি জনসংলাপ শেষে ওয়ার্ড ভিত্তিক দুটি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় বুধবার ১নং গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এবং বৃহস্পতিবার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এসব করা হয়।
উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিজি সভাপতি ইউপি সদস্য মো. ছায়দুল মিয়া। এ সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সুজন মিয়া, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) আসাদুজ্জামান, স্বাস্থ্য সহকারী আজবিনা খাতুন ও পরিবার কল্যাণ সহকারী মাকসুদা খাতুন প্রমুখ।
বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিজি সভাপতি ইউপি সদস্য মো. ছামেদুল হক। এ সভায় বক্তব্য রাখেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফুল আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. নাজমুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল আজিজ, পরিবার কল্যাণ সহকারী বিউটি খতুন, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) বিজলী বেগম ও স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ প্রমুখ।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উভয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি, সিজি সদস্যদের দায়িত্ব-কর্তব্য, গর্ভকালীন চেকআপ, প্রসব পরবর্তী চেকআপ, নবজাতকের যত্ন, সঠিক সময়ে জন্মনিবন্ধন, বাল্যবিবাহ কৈশোর কালীন স্বাস্থ্যসেবা, টিকা, বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উভয় সভায় এসবিসি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনার পরে ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। উভয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লিনিকের জমিদাতা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সিজি সদস্যগন, প্রসূতি মা, গর্ভবতী মা, কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ