ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে বিএনপির প্রবীণ নেতাকে মারধর, যুবদলের ৪ কর্মী বহিষ্কার


নারায়ণগঞ্জে বিএনপির প্রবীণ নেতাকে মারধর, যুবদলের ৪ কর্মী বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির এক প্রবীণ নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদলের চার কর্মীকে সংগঠনের সব ধরণের পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতাকে মারধরের ঘটনা ঘটে।

পরে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষর করা এক বহিষ্কার আদেশে অভিযুক্ত চারজনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

মারধরের শিকার হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়া। বহিষ্কৃত যুবদলের কর্মীরা হলেন: মামুন, কাওসার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূইয়ার সঙ্গে যুবদলের কয়েকজন কর্মীর বাকবিতণ্ডা হয়। তবে সেই সময় উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে উদ্দেশ করে অকিল উদ্দিন ভূইয়া নেতাকর্মীদের সামনে ‘গত ১৪ বছর কী করেছেন’ এমন মন্তব্য করেন। এতে রনি ক্ষুব্ধ হন। পরে রনির অনুসারীরা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়াকে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, দুপুর ২টার দিকে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় অকিল উদ্দিন ভূইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারলে তার ঠোঁট ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। এ সময় তার পরনের জামাও ছিঁড়ে ফেলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও এ ঘটনার প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন: লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, আসামি গ্রেফতার

ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিও ফুটেজ পর্যাবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিএনপি সন্ত্রাসীদের দল নয়, এখানে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়া হবে না।’

হামলার শিকার অকিল উদ্দিন ভূইয়া অভিযোগ করেন, উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান রনির সঙ্গে তার তর্কবিতর্ক হয়েছিল। তবে সিনিয়র নেতারা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। পরে প্রশাসকের কক্ষ থেকে তিনি ও রনি এক সঙ্গে নিচে নামলেও রনির অনুসারীরাই তার ওপর হামলা চালান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘জেলা পরিষদের মতো সরকারি প্রতিষ্ঠানে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তারা খুবই অন্যায় করেছেন এবং দলের সুনাম ক্ষুণ্ন করেছেন। তাই সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযুক্ত চারজনকে যুবদলের সব ধরণের পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।’

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য তহুরুল ইসলামের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ এম


চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত এক যুবক

চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী বাসের চাপায় আকিব নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আকিবের মরদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রাখা আছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত আকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আকিব একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি মুন্সিগঞ্জ বাজার এলাকায় ওষুধ ডেলিভারি শেষে ফেরার সময় ছিলেন। যখন তিনি চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছান, তখন বৃষ্টির পর সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এর ফলস্বরূপ, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান। সেই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অজ্ঞাত মরদেহ উদ্ধার করে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার পরিচয় শনাক্ত করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বাসের চাপায় একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হলে মরদেহটি নিহতের পরিবারকে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সংঘাত বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে যার দ্রুত সমাধান প্রয়োজন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ এম


ইরান সংঘাত বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে যার দ্রুত সমাধান প্রয়োজন: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ জুন) বলেন, ইরানের সংঘাত একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে, যা ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরিয়ে নিচ্ছে।

সেন্ট পিটার্সবার্গে বিশ্বব্যাপী সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে মধ্যপ্রাচ্যে একটি সমাধান আসবে।

পুতিন এই সময় বলেন, ‘ইউক্রেনের সংকট স্থানীয়, কিন্তু ইরানকে ঘিরে যে সমস্যা, তা বৈশ্বিক প্রকৃতির।’

পুতিন আরও যোগ করেন যে ওয়াশিংটন প্রাথমিকভাবে এই বিষয়টি মোকাবেলা করতে বাধ্য হয়েছে।

এই সংঘাত চলাকালীন তিনি ইরানি নাগরিকদের ঐক্য ও সহনশীলতার প্রশংসা করে বলেন, ভবিষ্যতের যেকোনো নিষ্পত্তিতে ইরানিদের স্বার্থ অবশ্যই বিবেচনায় নিতে হবে।

রুশ নেতা আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নীতি একটি সমঝোতার পথ প্রশস্ত করতে সাহায্য করবে।

‘আমরা আশা করি এই সংকটের একটি ইতিবাচক ফল আসবে, এবং সংঘাত বন্ধ হবে,’ পুতিন বলেন।

তিনি আরও বলেন, যদি কোনো কিছু রাশিয়ার ওপর নির্ভর করে, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত।

এদিকে, রুশ নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বেগ নিরসনে একটি কূটনৈতিক সমাধানের প্রতি মস্কোর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) -র তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু করে শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

রুশ প্রেসিডেন্ট ইরানকে একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করেছেন, যার সঙ্গে রাশিয়া ঘনিষ্ঠ ও আস্থার সম্পর্ক বজায় রাখে। একই সাথে তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে, জ্বালানির উচ্চমূল্যের মাধ্যমে এই সংঘাত থেকে মস্কো লাভবান হচ্ছে।

‘হ্যাঁ, দাম বেড়েছে এবং আমাদের কোম্পানিগুলো কিছুটা লাভবান হচ্ছে, কিন্তু এটি অস্থায়ী এবং স্বল্পমেয়াদী। আমাদের স্বার্থ হলো এই সংঘাত যত দ্রুত সম্ভব বন্ধ করা,’ পুতিন বলেন।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোরকা পরে ড্রাম বাজিয়ে ভাইরাল, এই তরুণী কে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:১২ এম


বোরকা পরে ড্রাম বাজিয়ে ভাইরাল, এই তরুণী কে?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বোরকা ও হিজাব পরিহিত এক তরুণী। তিনি একটি ভিডিওতে মঞ্চে দক্ষতার সঙ্গে ড্রাম বাজাচ্ছেন, যা ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের নজরে আসেন। ভাইরাল হওয়া তরুণীর নাম হলো নাজিয়া সামান্থা।

জানা যায়, ছোটবেলা থেকেই সংগীত ও বাদ্যযন্ত্রের সঙ্গে তার পরিচয় ছিল। নাজিয়ার বাবার উৎসাহেই তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শেখেন। তাঁর পরিবারের সাংস্কৃতিক পরিবেশও এই আগ্রহকে আরও প্রবল করেছে। এমনকি, তিনি তার ভাইয়ের ব্যান্ড ‘নবজাত’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন।

সম্প্রতি ‘নবজাত’ ব্যান্ডের একটি লাইভ কনসার্টে হঠাৎ করে ড্রামস সেটে বসেন নাজিয়া। বোরকা এবং হিজাব পরে তার প্রাণবন্ত পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার আত্মবিশ্বাস, দক্ষতা ও ভিন্নধর্মী উপস্থিতির প্রশংসা করেন।

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। একাংশের মতে, হিজাব বা বোরকা পরে মঞ্চে ড্রাম বাজানো ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে আরো অনেকেই মনে করেন, পোশাক ও ব্যক্তিগত বিশ্বাস বজায় রেখেও একজন নারী তার প্রতিভা প্রকাশ করতে পারেন।

সমালোচনার জবাবে নাজিয়া সামান্থা বলেছেন, হিজাব তার ব্যক্তিগত পছন্দ এবং এটি তার সম্মান ও পরিচয়ের অসাধারণ অংশ। একই সঙ্গে সংগীতচর্চাও তার ভালোবাসার একটি জায়গা। তাই তিনি বিষয়গুলোকে পরস্পরবিরোধী হিসেবে দেখেন না।

ভাইরাল এই ড্রাম পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চলছে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক। তবে সব আলোচনা ছাপিয়ে, নাজিয়া সামান্থা এখন দেশের অনলাইন অঙ্গনে একটি বহুল আলোচিত নাম হয়ে দাঁড়িয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:২১ এম


দিল্লির অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের এক যুবকসহ ২২ জন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের সন্তান।

এটি ঘটে বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে।

হুমায়ুন কবির পাটোয়ারী, সোহাগের এক আত্মীয়, বৃহস্পতিবার (৪ জুন) রাতে গণমাধ্যমকে জানিয়েছেন নিহতের বিষয়টি।

তিনি জানান, সোহাগ নিজের ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে সোহাগ নিহত হন। এসময় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%