ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা


কৃষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মো. জামাল আকন (৫৮) নামে এক কৃষককে কুপিয়ে দুই পায়ের রগ ও হাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

আহত জামাল আকন উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একই এলাকার অসুস্থ গ্রামপুলিশ সদস্য শহিদুলকে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান জামাল আকন। চিকিৎসা শেষে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত জামাল আকনের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, তাঁর বাবার সঙ্গে থাকা গ্রামপুলিশ সদস্য শহিদুল এ ঘটনার বিষয়ে জানেন। তাঁর দাবি, বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সুমনের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত না হওয়ার কারণে চেয়ারম্যানের লোকজন তাঁর বাবার ওপর হামলা চালিয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার সময় জামাল আকনের সঙ্গে থাকা গ্রামপুলিশ সদস্য শহিদুল বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং এ নিয়ে কিছু বলতে পারবেন না।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত, দাম্মাম রুটে আবার ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত, দাম্মাম রুটে আবার ফ্লাইট চালু

আগামী ২৫ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়ন করবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বিমান এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। বর্তমানে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত রয়েছে।

সৌদি আরবের ঢাকা-রিয়াদ রুট চালু না হওয়ায় বিপাকে পড়েছেন অপেক্ষমাণ যাত্রীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফলে দূরদূরান্ত থেকে যাত্রীরা বিমানবন্দরে এসে খোঁজ নিচ্ছেন। কিছু যাত্রী প্রবাসীদের জন্য অপেক্ষমাণ টার্মিনালে বসে আছেন, তাদের চোখেমুখে আতঙ্ক দেখা যাচ্ছে। যেতে না পারলে কাজের শেষ ভরসাও শেষ হয়ে যাবে। ইয়েমেন থেকে হুথিদের হামলার পর গত কয়েক দিনে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, ট্রাভেল এজেন্সিগুলো সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টিকিটপ্রতি ওয়ানওয়ের অতিরিক্ত ভাড়া ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোও একইভাবে বাড়তি ভাড়া আদায় করছে। নিরুপায় হয়ে যাত্রীরা এই অতিরিক্ত টাকা দিয়েই রিয়াদে যেতে প্রস্তুত।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রিয়াদ রুট এখনও বন্ধ রয়েছে। তবে যাত্রীরা বিকল্প রুটে জেদ্দা হয়ে রিয়াদ বাইরোডে যেতে চাইলে তাদের টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় চলতি মাসের ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। কিন্তু বর্তমানে এই সময়সীমা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে টিকিট বুকিং ও সর্বশেষ তথ্য জানার জন্য বিমানবন্দরে যাওয়ার আগে সেলস কাউন্টার বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী সব ফ্লাইট আগামী ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য জেদ্দা রুটে বিমান অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে। বিমানের সেফটি অ্যাকশন গ্রুপ নিয়মিত বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটে বিমান ফ্লাইট পরিচালনা করছে। প্রয়োজনে যাত্রীরা দাম্মাম গিয়ে বাইরোডে অথবা ট্রেনেও রিয়াদ যেতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ বোয়িং ৭৭৭ ব্যবহার করা হচ্ছে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।

জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচিসংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ২০ হাজার ২৫৪ জন।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৬১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৫টি রয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়া দশমীর দিনে স্বর্ণমন্দিরে আবেগপ্রবণ সারা আলি খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


বিজয়া দশমীর দিনে স্বর্ণমন্দিরে আবেগপ্রবণ সারা আলি খান

বিজয়া দশমীর দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন দুই তারকা সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানা। ঐতিহ্যবাহী সাদা পোশাকে তাদের একসঙ্গে দেখা যায়।

মন্দিরে প্রার্থনা করার সময় সারা আলি খান আবেগে কাঁদতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বর্ণমন্দিরের দরবার সাহিবে প্রার্থনা করার সময় হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন সারা আলি খান।

হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে দেখা যায়, যা দেখে অনুরাগীরা নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

এর আগে, ইনস্টাগ্রামে আয়ুষ্মানের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন সারা আলি খান।

আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ‘‘উড়তা তীর’’ সিনেমাটি। ‘পতি পত্নী ওর ওহ দো’-এর পর এটি আয়ুষ্মান এবং সারার দ্বিতীয় প্রজেক্ট।

তবে বড় পর্দায় আসার আগেই সিনেমাটির জন্য একটি ধাক্কা এসেছে। নেপালের সেন্সর বোর্ড এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের সিনেমা আইন লঙ্ঘন করার কারণে নেপালে এই সিনেমাটির পাবলিক স্ক্রিনিং বা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারফিউমের ব্যবসায় সামান্থার সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


পারফিউমের ব্যবসায় সামান্থার সাফল্য

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক সাফল্যেও আলোচনায় এসেছেন। তাঁর প্রতিষ্ঠিত সুগন্ধির ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের আয় করে নজর কেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। বর্তমানে এর আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।

অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন সামান্থা। তিনি অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ প্রতিষ্ঠা করেন। সুগন্ধির এই ব্যবসায় এমন সাফল্য তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে, সামান্থার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটিও ব্যবসায়িক সাফল্য পেয়েছে। ছবিটি বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলচ্চিত্র ও ব্যবসা, দুই ক্ষেত্রেই সাফল্যের কারণে অভিনেত্রীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিজের দুই উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা জানান, ভিন্ন ধরনের দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ সাফল্যের মাইলফলকে পৌঁছাতে দেখে তিনি আনন্দিত। তাঁর কাছে ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশেষ আবেগের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা। এই যাত্রায় তাঁর সঙ্গে থাকা দলের সদস্যদের অবদানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সুগন্ধির ব্যবসার বাইরেও একাধিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’ নামের একটি ফ্যাশন ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড। এ ছাড়া ‘মাইল কালেক্টিভ’ নামের সক্রিয় পোশাক ও জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান এবং ‘গাটাকা’ নামের পুষ্টিবিষয়ক সম্পূরক পণ্যের ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পরিচিতিকে কাজে লাগিয়ে ব্যবসায়ও নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন সামান্থা। সাম্প্রতিক সাফল্য দেখাচ্ছে, পর্দার জনপ্রিয়তার পাশাপাশি পরিকল্পিত ব্যবসায়িক উদ্যোগও একজন তারকার জন্য বড় সাফল্যের পথ তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এবং নেপাল যৌথভাবে আয়োজন করবে। এই টুর্নামেন্টটি ১৬টি দলের অংশগ্রহণে আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার (২১ অক্টোবর) এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। চট্টগ্রাম, সিলেট এবং কাঠমান্ডুর চারটি ভেন্যুতে (কাঠমান্ডুতে দুটি স্টেডিয়াম) ১৬টি দল মোট ৪১টি ম্যাচে প্রতিযোগিতা করবে।

ভারত গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে শেফালি ভার্মার নেতৃত্বে এবং ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের অধীনে শিরোপা জেতে ভারত। এবারের টুর্নামেন্টে ভারত ‘এ’ গ্রুপে রয়েছে। এই গ্রুপের অন্যান্য দলগুলো হলো আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সহ-আয়োজক নেপাল। ২২ জানুয়ারি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও নেপাল মুখোমুখি হবে।

‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং সামোয়া। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ড অন্তর্ভুক্ত।

উদ্বোধনী দিনে ২১ জানুয়ারি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মুখোমুখি হবে। এই ম্যাচটি সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে বিকেলে অস্ট্রেলিয়া নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে, এরপর ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স পর্বে উঠবে। সুপার সিক্সে নয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে প্রবেশ করবে।

৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালের পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, "এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি মঞ্চ তৈরি করবে।"

তিনি আরও বলেন, "আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমাদের খেলার ভবিষ্যৎ প্রতিভাদের তুলে ধরার মঞ্চ। তরুণ খেলোয়াড়রা তাদের দেশের প্রতিনিধিত্ব করে শীর্ষ পর্যায়ে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাওয়ার জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের সুযোগ। ১৬টি দলের খেলোয়াড়রা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে এবং তারা অন্যান্য ক্রিকেটারদের কাছে পরিচিত ও অনুকরণীয় আদর্শ হয়ে উঠবে।"

গুপ্তা বলেন, "বাংলাদেশ এবং নেপালকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশে আইসিসির আস্থা ও বিনিয়োগের প্রতিফলন। দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ২০ বছরের নিচে হওয়ায়, বিশ্বের অন্যতম বড় যুব ক্রীড়া আসর আয়োজনের জন্য দেশ দুটি আদর্শ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%